📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 আল-মুনতাসির বিল্লাহ আবু জাফর মুহাম্মাদ

📄 আল-মুনতাসির বিল্লাহ আবু জাফর মুহাম্মাদ


খলিফা মুনতাসিরের জন্ম ২২২ হিজরি সনে। দায়িত্ব গ্রহণকালে তার বয়স ছিল পঁচিশ বছর। তিনি যখন খলিফা পদে অধিষ্ঠিত হন, ততদিনে আব্বাসি সাম্রাজ্যে তুর্কিদের প্রভাব-প্রতিপত্তি আরও বৃদ্ধি পেয়েছে। এখন তাদের ক্ষমতার হাত খলিফাদের ব্যক্তিজীবন পর্যন্ত বিস্তৃত হয়েছে।
ইতিমধ্যে তারা এক খলিফাকে হত্যা করে আরেকজনকে খলিফা পদে অধিষ্ঠিত করেছে। এর মাধ্যমে তারা সরাসরি রাষ্ট্রের মূল দেহ-কাঠামোতেই নখর বসাতে সক্ষম হয়েছে। তুর্কিরা প্রয়াত খলিফা মুতাওয়াককিলের অপর দুই পুত্র মুতায ও মুতামিদকে ভাবী খলিফা হিসেবে মোটেও পছন্দ করত না। তাই তারা এ বিষয়ে মুনতাসিরকে চাপপ্রয়োগ করতে থাকে। অবশেষে মুনতাসিরের চাপে তার দুই ভাই ওলিয়ে আহদ হতে নিজেদের দাবি-প্রত্যাহারপত্র লিখে দেন। এ ঘটনার মাধ্যমে তুর্কি সৈন্যদের চাপে নিষ্পেষিত খলিফার অক্ষমতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। মুনতাসির পরবর্তী সময়ে নিজের পিতৃহত্যার অপরাধের জন্য অনুতপ্ত হন। রাতদিন নিদ্রায় ও জাগ্রত অবস্থায়—সবসময় তিনি নিজেকে ভর্ৎসনা করতেন এবং নিজের কৃতকর্মের জন্য কান্নাকাটি করতেন। তিনি তার পিতার প্রত্যক্ষ হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মনস্থ করেছিলেন। কিন্তু তার পূর্বেই তিনি ২৪৮ হিজরি সনের ২৫ রবিউস সানি (৮৬২ খ্রিষ্টাব্দের ২৮ জুন) ছাব্বিশ বছর বয়সে ইন্তেকাল করেন। তার খিলাফতকাল ছয় মাসেরও কম স্থায়ী হয়েছিল।

ফন্ট সাইজ
15px
17px