📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 আল-হাদি আবু মুহাম্মাদ মুসা

📄 আল-হাদি আবু মুহাম্মাদ মুসা


খলিফা আল-হাদি ১৪৬ হিজরি সনে রায় নগরীতে জন্মগ্রহণ করেন। পিতার মৃত্যুর পর ১৬৯ হিজরি সনে তেইশ বছর বয়সে তিনি খলিফা পদে অধিষ্ঠিত হন। তিনিও আপন পিতার ন্যায় ধর্মত্যাগী মুরতাদদের বিরুদ্ধে কঠোর ছিলেন।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 ফাখখের যুদ্ধ

📄 ফাখখের যুদ্ধ


হাদির শাসনামলে হুসাইন বিন আলি বিন হাসান (৩য়) বিন হাসান (২য়) বিন হাসান (১ম) বিন আলি বিন আবু তালিবের নেতৃত্বে আলাবিদের বিদ্রোহ প্রচেষ্টা সংঘটিত হয়। হুসাইন বিন আলি মদিনায় অবস্থান করে বিদ্রোহের ডাক দেন। কিন্তু দীর্ঘ নয় মাস আঠারো দিন যুদ্ধ করার পর তিনি খলিফা হাদির প্রেরিত বাহিনীর হাতে নিহত হন। এ যুদ্ধকে ফাখখের যুদ্ধ বলা হয়। যুদ্ধ চলাকালেই হুসাইন বিন আলির পক্ষে যুদ্ধরত তার জ্ঞাতিভাই ইদরিস বিন আবদুল্লাহ বিন হাসান (২য়) বিন হাসান (১ম) বিন আলি বিন আবু তালিব যুদ্ধক্ষেত্র থেকে সরে পড়েন এবং প্রথমে মিশরে এবং পরে মাগরিবে চলে যান। পরবর্তীকালে তিনি মাগরিব অঞ্চলে ইদরিসিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যার বিস্তারিত বিবরণ সামনে আসবে।
খলিফা হাদি অত্যন্ত আত্মমর্যাদাবোধসম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি রাষ্ট্রের সেনাপতি ও গুরুত্বপূর্ণ কমকর্তাদেরকে তার মা খাইজারানের সঙ্গে সাক্ষাৎ করতে নিষেধ করে দিয়েছিলেন। অথচ ইতিপূর্বে খলিফা মাহদির শাসনামলে প্রশাসনিক ক্ষেত্রে খাইজারানের গুরুত্বপূর্ণ প্রভাব ও ভূমিকা ছিল। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, খাইজারান হাদিকে খলিফাপদ না প্রদানের জন্য মাহদিকে অনুরোধ করেছিলেন। উল্লিখিত কারণে হাদি তার ভাই (ও পরবর্তী খলিফা) হারুনুর রশিদের প্রতিও অসদাচরণ করতেন। তা ছাড়া তিনি চাচ্ছিলেন তার পরবর্তী খলিফা হিসেবে হারুনুর রশিদকে বাদ দিয়ে নিজ পুত্র জাফরকে মনোনীত করতে। নিন্দুক ও দুষ্ট লোকেরা এ সুযোগ কাজে লাগিয়ে হাদি ও হারুনুর রশিদ—দুই ভাইয়ের মধ্যে শত্রুতা সৃষ্টিতে তৎপর হয়।
খলিফা হাদি রাষ্ট্রশাসনে বিচক্ষণ ও পারদর্শী ছিলেন এবং দানশীল ছিলেন। তার একটি বিখ্যাত উক্তি হলো—'অপরাধীর শাস্তি তরান্বিত করা এবং পদস্খলনকে মার্জনা করা একজন শাসকের জন্য অতি উত্তম আচরণ! এর ফলে শাসনক্ষমতার প্রতি অন্যদের লোভ কমে যায়।' হাদি মনে করতেন যে, শাসক ও খলিফার জন্য জনগণের ও জনসমস্যার পাশে সহাবস্থানেই জনগণের কল্যাণ। তিনি তার হাজিব ফজল বিন রবিকে নির্দেশ দিয়ে বলেছিলেন, 'জনগণকে আমার থেকে দূরে রাখবে না। কারণ, তখন আমি বরকত-বঞ্চিত হয়ে যাব।' হাদি অত্যন্ত শক্তিশালী ছিলেন। তিনি যখন বাহনে আরোহণ করতেন, তখন তার গায়ে দুটি বর্ম থাকত।
অবশ্য খলিফা মুসা আল-হাদি দীর্ঘদিন শাসনক্ষমতা পরিচালনা করতে পারেননি। ক্ষমতালাভের বছরখানেক পরই ১৭০ হিজরি সনের রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেন। তার ভাই হারুনুর রশিদ তার জানাজা পড়ান।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00