📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 তৃতীয় হুমকি মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান বিন যায়দ

📄 তৃতীয় হুমকি মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান বিন যায়দ


আব্বাসি শাসকপরিবার মনে করত, বনু হাশিম হয়তো সঙ্গোপনে মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান বিন যায়দকে খিলাফতের জন্য নির্বাচিত করেছে। তাদের এই ধারণার উৎস এই ছিল যে, ইতিপূর্বে বনু উমাইয়ার শাসনামলের শেষদিকে অনেকেই উমাইয়া খলিফা মারওয়ানের বায়আত প্রত্যাহার করে মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসানের হাতে খিলাফতের বায়আত গ্রহণ করেছিল। স্বয়ং আব্বাসি খলিফা মানসুরও তখন তার হাতে বায়আত গ্রহণ করেছিলেন। উমাইয়াদের পতনের পর আব্বাসি কর্তৃত্ব প্রতিষ্ঠা হলে মানসুর তার পূর্বের বায়আত রক্ষা করেননি। একই কারণে মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান বিন যায়দও প্রথমে সাফফাহ ও পরে মানসুরের নামে বায়আত গ্রহণ করেননি। তিনি মানসুরের আমলে আত্মগোপন করেন আর মানসুর তার সন্ধান অব্যাহত রাখেন। দীর্ঘ প্রচেষ্টার পরও মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান বিন যায়দের সন্ধান না পাওয়ায় মানসুর মুহাম্মাদের পিতা আবদুল্লাহ বিন হাসান বিন যায়দকে গ্রেফতার করেন এবং তার সকল সম্পদ বাজেয়াপ্ত করেন।
মানসুর মুহাম্মাদের সন্ধান অব্যাহত রাখেন এবং এজন্য প্রচুর অর্থ ব্যয় করেন। কিন্তু তার সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। এরপর তিনি হাসানবংশের সকলকে বন্দি করেন। এ সংবাদ জানতে পেরে মুহাম্মাদ তার মা হিন্দকে বলেন, 'মা! আমি তো আমার কারণে আমার বাপ-চাচাদের জীবন এমন শঙ্কার মুখে ফেলে দিয়েছি, যা থেকে নিষ্কৃতির শক্তি তাদের নেই। তাই আমি তাদের হাতে হাত রাখার (আব্বাসি খলিফার নামে বায়আত গ্রহণ করার) ইচ্ছা করেছি। এর ফলে শীঘ্রই হয়তো তারা মুক্তি পেয়ে যাবেন।' তার মা এ প্রস্তাবে সরাসরি অসম্মতি জানান। এরপর তিনি কারাগারে গিয়ে মুহাম্মাদের পিতার সঙ্গে সাক্ষাৎ করে তাকে সন্তানের ইচ্ছার বিষয়ে অবহিত করেন। পিতা আবদুল্লাহ বলেন, 'কক্ষনো না; বরং আমরা ধৈর্যধারণ করব। আল্লাহর শপথ! আমি আশা করি যে, আল্লাহ তার হাতে আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবেন। তাকে বলো, সে যেন তার খিলাফতের প্রচারণা চালিয়ে যায় এবং নবোদ্যমে নতুন করে সবকিছু শুরু করে। আমাদের নিষ্কৃতি তো আল্লাহর হাতে।' উম্মে মুহাম্মাদ ফিরে আসেন এবং মুহাম্মাদ আত্মগোপনে থেকেই তার প্রচেষ্টা অব্যাহত রাখেন।
এরপর খলিফা মানসুর বন্দিদের সঙ্গে কঠোর ও নির্মম আচরণ শুরু করেন এবং তাদেরকে (মদিনার কারাগার) থেকে ইরাকের কারাগারে স্থানান্তরিত করে কঠিন নির্যাতন করেন। বন্দিদের অধিকাংশ কারাগারেই মৃত্যুবরণ করে।
এই বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান মদিনায় আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেন। ১৪৫ হিজরি সনের ১ রজব (৭৬২ খ্রিষ্টাব্দের ২৫ সেপ্টেম্বর) তিনি মদিনায় আত্মপ্রকাশ করলে মদিনাবাসী তার পক্ষে নিজেদের সমর্থন ঘোষণা করে। তিনি হারামের মিম্বরে আরোহণ করে মদিনাবাসীর উদ্দেশে খুতবা প্রদান করেন।
প্রকৃতপক্ষে খলিফা মানসুরের কূটকৌশলের শিকার হয়েই মুহাম্মাদ আত্মপ্রকাশ করেছিলেন। খলিফার গোপন নির্দেশে বিভিন্ন অঞ্চলের গভর্নর ও সেনাপতিগণ মুহাম্মাদকে বার্তা পাঠিয়েছিল যে, আমরা আপনার পক্ষে আছি; আপনি আত্মপ্রকাশ করুন। এসব বার্তা পেয়ে মুহাম্মাদ মনে করেছিলেন—ইসলামি বিশ্বের অধিকাংশ নগরী তার পক্ষে আছে। এ কারণেই তিনি তার সহোদর ইবরাহিম বিন আবদুল্লাহ (তারা উভয়ে আত্মগোপন করে ছিলেন আর খলিফা উভয়কেই খুঁজছিলেন)-এর সঙ্গে একমত হন যে, একই দিনে তিনি মদিনায় এবং ইবরাহিম বসরায় আত্মপ্রকাশ করবেন, যেন এর মাধ্যমে খলিফার ওপর অধিক চাপ সৃষ্টি করা যায়। কিন্তু নির্ধারিত সময়ে অসুস্থ হয়ে পড়ায় ইবরাহিম আর আত্মপ্রকাশ করেননি।
মুহাম্মাদ নিজেকে মদিনাতেই আবদ্ধ রাখেন। অথচ মদিনা এমন কোনো সামরিক কেন্দ্র ছিল না, যেখানে কোনো নেতার পক্ষে দীর্ঘদিন নিরাপদে অবস্থান করা সম্ভব। কারণ, মদিনার জীবন ও জীবিকাব্যবস্থা ছিল সম্পূর্ণই বাইরের ওপর নির্ভরশীল। তাই অল্প কয়েক দিনের অবরোধেই মদিনাবাসীর দৃঢ়তা ও অবিচলতা ভেঙে পড়া অনিবার্য ছিল।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 বাগদাদ নগরী নির্মাণ

📄 বাগদাদ নগরী নির্মাণ


খলিফা মানসুর আব্বাসি খিলাফতের মূলকেন্দ্র হিসেবে বাগদাদ নগরীর নির্মাণ শুরু করেন এবং ১৪৬ হিজরি সনে এর নির্মাণকাজ সমাপ্ত করেন। কথিত আছে, মানসুর বাগদাদ নির্মাণে আঠারো লক্ষ দিনার ব্যয় করেছিলেন। (৭৬)
খতিব বাগদাদি রহ. লিখেছেন, মর্যাদা ও আভিজাত্যে, বিশালতা ও জৌলুসে, জ্ঞানী-গুণী ও বোদ্ধামহলের আধিক্যে পৃথিবীতে বাগদাদের সমকক্ষ দ্বিতীয় কোনো নগরী ছিল না। (৭৭)
মানসুর ইসলামি বিশ্বের প্রত্যেক অঞ্চল ও নগরী হতে আলিমদেরকে এনে বাগদাদে সমবেত করেন। আব্বাসি শাসনামলে বাগদাদ পৃথিবীর প্রাণকেন্দ্র, সর্বশ্রেষ্ঠ নগরী এবং ইসলামি সভ্যতা ও সংস্কৃতির সূতিকাগারে পরিণত হয়। একসময় বাগদাদের জনসংখ্যা বিশ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল।

টিকাঃ
৭৬. বাগদাদ : ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাযি.-এর খিলাফতকালে মুসলিম বাহিনী যখন ইরাক জয় করে, তখন বাগদাদ ছিল ক্ষুদ্র ও অখ্যাত একটি বসতি। উমর রাযি.-এর খিলাফতকালে ইরাকে কুফা ও বসরার মতো গুরুত্বপূর্ণ দুই নগরীর পত্তন হলেও বাগদাদ পূর্বের ন্যায় ছোট ও সাধারণ বসতিই রয়ে যায়। আল-মানসুর খলিফা হওয়ার পর অনিবার্য বিভিন্ন কারণে নতুন দারুল খিলাফাহ ও রাজধানী প্রতিষ্ঠার মনস্থ করেন। তিনি নতুন রাজধানীর স্থান নির্বাচনের জন্য কুফা হতে মসুল পর্যন্ত বিস্তৃত এলাকা ভ্রমণ করে অবশেষে বাগদাদ এলাকাকে পছন্দ করেন। বাগদাদকে পছন্দ করার কারণ ছিল—এর এক দিকে ছিল দজলা নদী আর অপর দিকে ফুরাত নদী। দজলা নদীর মাধ্যমে চীনের সঙ্গে যোগাযোগ স্থাপন সহজ ছিল আর ফুরাত নদীর কারণে শাম অঞ্চলের সঙ্গেও যোগাযোগ রক্ষা সম্ভব ছিল। খলিফা মানসুরের নির্দেশে দজলা নদীর পূর্ব তীরে নির্মিত হয় বাগদাদ নগরী। পরবর্তী সময়ে মানসুর-পুত্র মাহদি নদীর পশ্চিম তীরে সেনাছাউনি স্থাপন করেন এবং ধীরে ধীরে নদীর পশ্চিম তীরও বাগদাদ নগরীর অন্তর্ভুক্ত হয়ে যায়। নদীর পশ্চিম তীরে অবস্থিত অংশের নামকরণ করা হয় 'কারখ' (Karkh) আর পূর্ব তীরে অবস্থিত অংশের নামকরণ করা হয় 'রুসাফা' (Al-Rusafa)। বর্তমানেও এলাকা-দুটির এই নামই প্রচলিত আছে। ঐতিহাসিকগণ লিখেছেন, জনৈক পারস্য সম্রাট তার আস্থাভাজন এক ক্রীতদাসকে উক্ত এলাকা জায়গির হিসেবে দান করেছিলেন। উক্ত ক্রীতদাস 'বাগ' নামক একটি মূর্তির পূজা করত। জায়গির প্রাপ্ত হওয়ার পর সে বলে ওঠে, 'বাগদাদ।' (বাগপ্রদত্ত); অর্থাৎ আমার মূর্তি বাগ আমাকে এ এলাকাটি দান করেছে। এভাবেই এলাকাটির নাম হয়ে যায় বাগদাদ। খলিফা মানসুর প্রাচীন সেই ছোট্ট বসতির স্থানে রাজধানী নগরী নির্মাণ করার পর এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন 'মদিনাতুস সালাম' বা শান্তির নগরী।
৭৭. আবু বকর খতিব বাগদাদি, তারিখু বাগদাদ, ১/৪৪০।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 খলিফা মানসুরের গুণ-বৈশিষ্ট্য, চরিত্র ও অন্যান্য বিবরণ

📄 খলিফা মানসুরের গুণ-বৈশিষ্ট্য, চরিত্র ও অন্যান্য বিবরণ


খলিফা মানসুর ছিলেন শক্তিপ্রয়োগ ও কঠোরতা, দৃঢ়তা ও অটলতা এবং সতর্কতা ও চাতুর্যে বনু আব্বাসের শীর্ষতম শাসক। তিনি দিনের শুরুতে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান, গভর্নরদের কর্মকাণ্ডের খোঁজখবর, গভর্নর ও কর্মকর্তা নিয়োগ-বিয়োগ, সীমান্ত নগরীগুলোর প্রয়োজনীয় রসদ ও নিরাপত্তারক্ষী প্রেরণ, পথঘাটের নিরাপত্তাবিধান, খারাজ ও দরিদ্রদের তত্ত্বাবধান এবং জনকল্যাণমূলক অন্যান্য কাজকর্ম সম্বন্ধে খোঁজখবর নিতেন। জোহর নামাজ আদায় করে বাড়িতে গিয়ে আছর পর্যন্ত বিশ্রাম করতেন। আছর নামাজ আদায় করে পরিবারের সদস্যদের সঙ্গে বসতেন এবং তাদের ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনের কথা শুনতেন। এশার নামাজ আদায় করার পর বিভিন্ন অঞ্চল ও সীমান্তনগরী থেকে আগত চিঠিপত্র পাঠ করতেন এবং তার সঙ্গে অবস্থানরত উপদেষ্টাগণের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে পরামর্শ করতেন। রাতের এক-তৃতীয়াংশ অতিবাহিত হলে উপদেষ্টারা চলে যেত, তিনি শয্যাগ্রহণ করতেন। রাতের দুই-তৃতীয়াংশ শেষ হলে তিনি শয্যাত্যাগ করে অজু করতেন এবং সুবহে সাদিক পর্যন্ত নামাজে নিমগ্ন থাকতেন। সুবহে সাদিকের পর বের হয়ে মসজিদে যেতেন এবং ফজর নামাজ পড়াতেন। এরপর ফিরে এসে প্রাসাদে বসতেন।
খলিফা মানসুর যৌবনে ইলমের বিভিন্ন কেন্দ্র থেকে ইলম অর্জন করেন এবং হাদিস ও ফিকহশাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেন। ঐতিহাসিকগণ মানসুরের জীবনী আলোচনা করতে গিয়ে নিচের চমকপ্রদ ঘটনাটি উল্লেখ করেছেন, যা দ্বারা ইলমের প্রতি তার প্রবল অনুরাগের বিষয়টি সুস্পষ্টভাবে প্রতিভাত হয়।
একদিন তাকে প্রশ্ন করা হলো, 'আমিরুল মুমিনিন! এমন কোনো দুর্লভ বস্তু কি আছে, যার স্বাদ আপনি আজও উপভোগ করতে পারেননি?'
খলিফা উত্তর দিলেন, 'হ্যাঁ, একটি জিনিস আছে।'
সভাসদগণ বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, 'কী সেই বস্তু?!'
'হাদিসের তালিবে ইলম যখন তার শায়খকে প্রশ্ন করে, "মুহতারাম, আল্লাহ আপনার প্রতি দয়া করুন; আপনি কার নাম যেন বললেন?” খলিফা উত্তর দিলেন।
অর্থাৎ হাদিস-শিক্ষার্থী যখন তার শিক্ষকের কাছে রাবি ও বর্ণনাকারীর নাম জানতে চায়, তখন শিক্ষক যে আত্মিক স্বাদ অনুভব করেন, খলিফা জীবনে তা কখনো লাভ করেননি বলে অনুতাপ করছেন!
পরদিন আব্বাসি রাজদরবারের সকল উজির, লিপিকার ও সচিবগণ দরবারে সমবেত হয়ে শিক্ষার্থীদের মতো বসে পড়ল এবং খলিফাকে নিবেদন করল, 'আমিরুল মুমিনিন যদি অনুগ্রহ করে আমাদেরকে কিছু হাদিস লিখিয়ে দিতেন।'
মানসুর উত্তর দিলেন, 'তোমরা তো হাদিসের প্রকৃত শিক্ষার্থী নও (যাদের ইলমের পিপাসা ও জিজ্ঞাসা আমাকে আত্মিক তৃপ্তি দান করবে)! হাদিসের শিক্ষার্থী তো তারা, যাদের পরিচ্ছদ হবে ধূলিমলিন, পদযুগল হবে অধিক পদচারণায় ভগ্ন-ছিন্ন, মাথার চুল হবে এলোমেলো-প্রলম্বিত; ইলমের অন্বেষণে যারা ছুটে বেড়ায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে, পাড়ি দেয় দূরদূরান্তের পথ; কখনো ইরাকে, কখনো হিজাযে; আবার কখনো শামে, কখনো-বা ইয়ামেনে। তারাই হলো হাদিসের বর্ণনাকারী ও শিক্ষার্থী।'
ঐতিহাসিকগণ মানসুরের কীর্তি ও অবদান, ধৈর্য ও সহনশীলতা, মার্জনা ও সুশাসন, নিজ পুত্র মাহদিকে ওলিয়ে আহদ (ভবিষ্যৎ খলিফা) ঘোষণার পূর্বে দায়িত্ব পালনের উপযুক্ত হিসেবে গড়ে তোলা ইত্যাদি অনেক গুণ- বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। কিন্তু আবু মুসলিম খোরাসানি ও আপন চাচা আবদুল্লাহ বিন আলিকে নিরাপত্তাপ্রতিশ্রুতি প্রদানের পরও তাদের সঙ্গে কৃত প্রতারণা তার কর্মজীবনের অন্যতম অন্যায় হিসেবে ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে থাকবে।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 খলিফা মানসুরের আমলে বিজয়াভিযান

📄 খলিফা মানসুরের আমলে বিজয়াভিযান


খলিফা মানসুরের শাসনামলে নিষ্পত্তিমূলক কোনো বিজয়াভিযানের ঘটনা ঘটেনি। তার আমলে পরিচালিত অভিযানগুলো মূলত ছিল আগে থেকেই চলমান ধারাবাহিক বিজয়াভিযানের অংশ। বরং তার খিলাফতকালে মুসলমানদের পারস্পরিক বিবাদবিসংবাদের সুযোগ কাজে লাগিয়ে রোমানরা মাঝেমধ্যেই আব্বাসি সাম্রাজ্যের বিভিন্ন সীমান্তশহরে হামলা চালানোর দুঃসাহস দেখাত। মানসুরের আমলেই বাইজান্টাইন সম্রাট পঞ্চম কনস্টান্টাইন (Constantine V) মালাতিয়া (Malatya) অঞ্চলে অভিযান চালিয়ে জোরপূর্বক প্রবেশ করেন এবং নগরপ্রাচীর ধ্বংস করে মুসলিম সাম্রাজ্যের দিকে অগ্রসর হন।
অবশ্য ততদিনে অভ্যন্তরীণ গোলযোগ অনেকটা স্তিমিত হয়ে এসেছিল। তাই রোমানদের অভিযানের বিষয়ে অবগত হওয়ামাত্র মানসুর নতুন করে বিজয়াভিযান শুরু করেন। মুসলিম বাহিনী বাইজান্টাইন সাম্রাজ্যের কিছু অংশে নিজেদের কর্তৃত্ব পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
এ ছাড়াও আবু জাফর আল-মানসুর ১৪১ হিজরি সনে তাবারিস্তানে (Tabaristan) অভিযান পরিচালনার জন্য তার পুত্র আল-মাহদিকে প্রেরণ করেন।
১৫১ হিজরি সনে খলিফাপুত্র মাহদি যখন খোরাসান থেকে ফিরে আসেন, তখন খলিফা মানসুর পুত্রের জন্য বাগদাদের পূর্ব প্রান্তে রুসাফা নগরীর নির্মাণ শুরু করেন। তিনি রুসাফাকে নিরাপত্তাপ্রাচীর ও পরিখা দ্বারা বেষ্টিত করে দুর্ভেদ্য করে তোলেন। এ বছরই মানসুর প্রথমে তার পক্ষে বায়আতের পুনঃনবায়ন করেন; তারপর তার অবর্তমানে পর্যায়ক্রমে পুত্র মাহদি ও ভ্রাতুষ্পুত্র ঈসা বিন মুসার নামে বায়আত গ্রহণ করে তাদের দুজনকে পরবর্তী পর্যায়ক্রমিক ওলিয়ে আহদ ঘোষণা করেন। অথচ পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, পূর্বতন খলিফা সাফফাহ ঈসা বিন মুসাকে (৭৮) মানসুরের পরবর্তী খলিফা ঘোষণা করেছিলেন।
খলিফা মানসুর তেষট্টি বছর বয়সে ১৫৮ হিজরি সনে হজের সফরে পথিমধ্যে ইন্তেকাল করেন এবং মক্কায় সমাহিত হন। খলিফার হাজিব (৭৯) রাবি' বিন ইউনুস বনু হাশিমের নেতৃবৃন্দের কাছ থেকে মাহদির খিলাফতের বায়আত গ্রহণের আগ পর্যন্ত মানসুরের মৃত্যুসংবাদ গোপন রাখেন। বায়আত সম্পন্ন হওয়ার পর তাকে দাফন করা হয়।
ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, খলিফা আবু জাফর আল-মানসুরের জীবনের শেষ উক্তি ছিল—'হে আল্লাহ, আপনার সাক্ষাতের সময় আমাকে বরকত দান করুন।'

টিকাঃ
৭৮. পরপর দুজন খলিফা কর্তৃক ওলিয়ে আহদ (ভবিষ্যৎ খলিফা) ঘোষিত হলেও শেষ পর্যন্ত ঈসা বিন মুসা খিলাফতের দায়িত্ব লাভ করতে পারেননি। তৃতীয় আব্বাসি খলিফা আল-মাহদিও তাকে পরবর্তী খলিফা হওয়ার অধিকার হতে বঞ্চিত করে তার পরিবর্তে নিজ পুত্রকে ওলিয়ে আহদ ঘোষণা করার ইচ্ছা করেন। মাহদির উপর্যুপরি চাপ ও প্রস্তাবের মুখে নতি স্বীকার করে শেষ পর্যন্ত ঈসা বিন মুসা নিজের অধিকার প্রত্যাহার করে নেন। তিনি মাহদির শাসনামলেই ১৬৬ হিজরি সনে ইন্তেকাল করেন।
৭৯. তৎকালে প্রধান রাজপ্রহরীকে 'হাজিব' বলা হতো। হাজিব পদধারী ব্যক্তি খলিফার মূল পরামর্শক ও উপদেষ্টা বিবেচিত হতেন। হাজিবের পদমর্যাদা অনেকটা আধুনিক কালের (প্রেসিডেন্ট পদ্ধতির রাষ্ট্রব্যবস্থার) প্রধানমন্ত্রীর সমপর্যায়ের ছিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00