📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 প্রথম হুমকি চাচা আবদুল্লাহ বিন আলি

📄 প্রথম হুমকি চাচা আবদুল্লাহ বিন আলি


খলিফা মানসুর এ ক্ষেত্রে কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতি অবলম্বন করেন। তিনি চাচা আবদুল্লাহ বিন আলির সঙ্গে আবু মুসলিম খোরাসানির সংঘর্ষ বাধিয়ে দিতে চেষ্টা করেন। যে-ই মারা যাক, পথের একটি কাঁটা তো দূর হবে!
যেহেতু বনু উমাইয়ার শাসনব্যবস্থা নির্মূলের পেছনে আবদুল্লাহ বিন আলির বড় ভূমিকা ছিল, তাই তিনি প্রতীক্ষায় ছিলেন যে, আস-সাফফাহর পর খিলাফতের দায়িত্ব তার হাতেই আসবে। যখন তিনি সংবাদ পান যে, তাকে নয় বরং আবু জাফর আল-মানসুরকে নতুন খলিফা ঘোষণা করা হয়েছে, তখন তিনি তা প্রত্যাখ্যান করেন এবং নিজেকে খলিফা দাবি করেন। তখন খলিফা মানসুর তাকে দমন করার জন্য আবু মুসলিম খোরাসানির নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করেন। হারানে (Harran) উভয় বাহিনী মুখোমুখি হয়। একটানা ছয় মাস উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ চলতে থাকে। অধিকাংশ সময় যুদ্ধের পাল্লা উভয় দিকে দোদুল্যমান থাকলেও শেষদিকে আবু মুসলিম খোরাসানির দিকে ঝুঁকে পড়ে এবং তিনি জয়লাভ করেন। আবদুল্লাহ বিন আলি পালিয়ে বসরায় তার ভাই সুলায়মানের কাছে চলে যান। সংবাদ পেয়ে মানসুর সুলায়মানের কাছে বার্তা পাঠিয়ে আবদুল্লাহ বিন আলিকে তার কাছে উপস্থিত করার নির্দেশ দেন। সুলায়মান যেন তার প্রতি আস্থা রাখেন, এ উদ্দেশ্যে তিনি বার্তায় আবদুল্লাহ বিন আলির জন্য নিরাপত্তা ঘোষণা করেন। ১৩৯ হিজরিতে আবদুল্লাহ বিন আলিকে খলিফা মানসুরের কাছে নিয়ে আসা হলে তিনি বিশ্বাসঘাতকতা করেন এবং আবদুল্লাহ ও তার সঙ্গীদেরকে কারারুদ্ধ করার নির্দেশ দেন। কারাগারে থাকা অবস্থায়ই আবদুল্লাহ বিন আলি ১৪৭ হিজরি সনে (৭৬৪ খ্রিষ্টাব্দে) ইন্তেকাল করেন।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 দ্বিতীয় হুমকি সেনাপতি আবু মুসলিম খোরাসানি

📄 দ্বিতীয় হুমকি সেনাপতি আবু মুসলিম খোরাসানি


আবদুল্লাহ বিন আলির বিরুদ্ধে যুদ্ধ শেষে আবু মুসলিম খোরাসানে ফিরে আসার পূর্বেই খলিফা মানসুর তার একটা বিহিত করার মনস্থ করেন। খলিফা এ-ও চাচ্ছিলেন যে, আবু মুসলিম যেন তার মনোবাঞ্ছা বুঝতে না পারেন।
তিনি আবু মুসলিমের কাছে বার্তা পাঠান, আমি তোমাকে মিশর ও শামের গভর্নর নির্বাচিত করেছি। তোমার জন্য খোরাসানের চেয়ে মিশর ও শামই ভালো হবে। এর ফলে তুমি আমিরুল মুমিনিনের কাছে থাকার সুযোগ পাবে এবং তিনি তোমার সাক্ষাতের আগ্রহ করলে তুমি কাছে থেকে দ্রুত তার দরবারে উপস্থিত হতে পারবে।
মানসুরের বার্তা পেয়ে আবু মুসলিম ক্রুদ্ধ হয়ে মন্তব্য করেন—খোরাসান আমার এলাকা, আর তিনি আমাকে খোরাসান বাদ দিয়ে মিশর ও শামের দায়িত্ব দিতে চাচ্ছেন! এরপর তিনি খলিফার নির্দেশ অমান্য করে খোরাসানেই ফিরে আসার সিদ্ধান্ত নেন।
খলিফা মানসুর আবু মুসলিমের সঙ্গে চতুরতা ও কৌশলে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন। শুরু হয় উভয়ের মধ্যে পত্রযুদ্ধ! একে অপরের উদ্দেশে একের পর এক কয়েকটি পত্র প্রেরণ করেন। একপর্যায়ে মানসুর জারির বিন ইয়াযিদ বিন জারির বিন আবদুল্লাহ বাজালিকে একদল আমিরসহ আবু মুসলিমের কাছে প্রেরণ করেন। তিনি জারিরকে বলেন, আবু মুসলিমের সঙ্গে যথাসম্ভব কোমল ভাষায় কথা বলবে এবং তাকে এ কথা বোঝাবে যে, খলিফা আপনাকে অত্যধিক মর্যাদা ও অবাধ কর্তৃত্ব প্রদানে আগ্রহী। যদি সে এ কথা মেনে নেয়, তাহলে তো ভালো। অন্যথায় তাকে বলবে, আপনি যদি মুসলমানদের ঐক্য বিনষ্ট করে যথেচ্ছ চলতে থাকেন, তাহলে আপনার বিষয়ে আব্বাসি রাজপরিবারের কোনো দায় থাকবে না আর খলিফা নিজে আপনাকে পাকড়াও করতে অগ্রসর হবেন এবং আপনার বিরুদ্ধে লড়াই করবেন। আপনি যদি অথই সমুদ্রে নেমে পড়েন, খলিফা সেখানেও আপনার পশ্চাদ্ধাবন করে আপনাকে পাকড়াও করে হত্যা করবেন; যদি না এর পূর্বেই তার মৃত্যু এসে যায়।
নির্দেশনা মোতাবেক প্রতিনিধিদল আবু মুসলিম খোরাসানির সঙ্গে সাক্ষাৎ করে। তিনি খলিফার আনুগত্য মেনে নিতে বা খলিফার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান। তখন প্রতিনিধিদল তাকে খলিফার বার্তার শেষ অংশটি জানিয়ে দেয়। আল্লাহর কী কুদরত! খলিফার এবারের হুমকিমূলক এই বার্তা শুনে প্রতাপশালী ও শক্তিধর আব্বাসি সেনাপতি আবু মুসলিম ভীত-প্রকম্পিত হয়ে পড়েন এবং করণীয় নির্ধারণে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।
এদিকে খলিফা বার্তাবাহক পাঠিয়ে আবু দাউদ ইবরাহিম বিন খালিদকে খোরাসানের সেনাবাহিনীর দায়িত্ব প্রদান করেন এবং তাকে জানিয়ে দেন যে, আমি যতদিন বেঁচে আছি, ততদিন তুমিই খোরাসানের গভর্নর থাকবে। সবদিকের চাপে নতি স্বীকার করে আবু মুসলিম এবার খলিফা মানসুরের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন। মানসুর তার চাতুর্য বজায় রেখে আবু মুসলিমের জন্য নিরাপত্তা ঘোষণা করেন এবং আবু মুসলিম মাদায়েনে প্রবেশ করার সময় আমির-উমারাদের সঙ্গে নিয়ে তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। প্রকৃতপক্ষে তিনি প্রতারণা করে আবু মুসলিমকে হত্যা করার বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। আবু মুসলিম যখন খলিফার প্রহরীদের প্রহরায় খলিফার সঙ্গে নিশ্চিত মনে কথা বলছিলেন, তখন খলিফার নির্দেশে তাকে হত্যা করা হয়।
ইমাম বায়হাকি রহ. হাকিম রহ. হতে আপন সনদে বর্ণনা করেন যে, হজরত আবদুল্লাহ বিন মুবারক রহ.-কে প্রশ্ন করা হয়েছিল—আবু মুসলিম ও হাজ্জাজের মধ্যে কে উত্তম? তখন তিনি উত্তর দেন—'আমি বলব না যে, আবু মুসলিম কারও চেয়ে উত্তম ছিলেন। তবে হাজ্জাজ তার চেয়েও নিকৃষ্ট ছিলেন। (আলিমদের) কেউ কেউ তো হাজ্জাজের ঈমান নিয়েই আপত্তি করেছেন এবং তাকে নাস্তিক গণ্য করেছেন। কিন্তু আবু মুসলিম সম্বন্ধে কেউ এ জাতীয় কোনো মন্তব্য করেছেন বলে আমার জানা নেই। বরং এরূপ বর্ণিত আছে যে, আবু মুসলিম আপন কৃতকর্মের কারণে আল্লাহকে ভয় করতেন। আব্বাসি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যে রক্তপাত ঘটিয়েছেন, তার জন্য তিনি তাওবা করেছেন বলেও দাবি করতেন। আল্লাহই তার পরিণতি সম্পর্কে সবচেয়ে ভালো জানেন।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 তৃতীয় হুমকি মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান বিন যায়দ

📄 তৃতীয় হুমকি মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান বিন যায়দ


আব্বাসি শাসকপরিবার মনে করত, বনু হাশিম হয়তো সঙ্গোপনে মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান বিন যায়দকে খিলাফতের জন্য নির্বাচিত করেছে। তাদের এই ধারণার উৎস এই ছিল যে, ইতিপূর্বে বনু উমাইয়ার শাসনামলের শেষদিকে অনেকেই উমাইয়া খলিফা মারওয়ানের বায়আত প্রত্যাহার করে মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসানের হাতে খিলাফতের বায়আত গ্রহণ করেছিল। স্বয়ং আব্বাসি খলিফা মানসুরও তখন তার হাতে বায়আত গ্রহণ করেছিলেন। উমাইয়াদের পতনের পর আব্বাসি কর্তৃত্ব প্রতিষ্ঠা হলে মানসুর তার পূর্বের বায়আত রক্ষা করেননি। একই কারণে মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান বিন যায়দও প্রথমে সাফফাহ ও পরে মানসুরের নামে বায়আত গ্রহণ করেননি। তিনি মানসুরের আমলে আত্মগোপন করেন আর মানসুর তার সন্ধান অব্যাহত রাখেন। দীর্ঘ প্রচেষ্টার পরও মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান বিন যায়দের সন্ধান না পাওয়ায় মানসুর মুহাম্মাদের পিতা আবদুল্লাহ বিন হাসান বিন যায়দকে গ্রেফতার করেন এবং তার সকল সম্পদ বাজেয়াপ্ত করেন।
মানসুর মুহাম্মাদের সন্ধান অব্যাহত রাখেন এবং এজন্য প্রচুর অর্থ ব্যয় করেন। কিন্তু তার সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। এরপর তিনি হাসানবংশের সকলকে বন্দি করেন। এ সংবাদ জানতে পেরে মুহাম্মাদ তার মা হিন্দকে বলেন, 'মা! আমি তো আমার কারণে আমার বাপ-চাচাদের জীবন এমন শঙ্কার মুখে ফেলে দিয়েছি, যা থেকে নিষ্কৃতির শক্তি তাদের নেই। তাই আমি তাদের হাতে হাত রাখার (আব্বাসি খলিফার নামে বায়আত গ্রহণ করার) ইচ্ছা করেছি। এর ফলে শীঘ্রই হয়তো তারা মুক্তি পেয়ে যাবেন।' তার মা এ প্রস্তাবে সরাসরি অসম্মতি জানান। এরপর তিনি কারাগারে গিয়ে মুহাম্মাদের পিতার সঙ্গে সাক্ষাৎ করে তাকে সন্তানের ইচ্ছার বিষয়ে অবহিত করেন। পিতা আবদুল্লাহ বলেন, 'কক্ষনো না; বরং আমরা ধৈর্যধারণ করব। আল্লাহর শপথ! আমি আশা করি যে, আল্লাহ তার হাতে আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবেন। তাকে বলো, সে যেন তার খিলাফতের প্রচারণা চালিয়ে যায় এবং নবোদ্যমে নতুন করে সবকিছু শুরু করে। আমাদের নিষ্কৃতি তো আল্লাহর হাতে।' উম্মে মুহাম্মাদ ফিরে আসেন এবং মুহাম্মাদ আত্মগোপনে থেকেই তার প্রচেষ্টা অব্যাহত রাখেন।
এরপর খলিফা মানসুর বন্দিদের সঙ্গে কঠোর ও নির্মম আচরণ শুরু করেন এবং তাদেরকে (মদিনার কারাগার) থেকে ইরাকের কারাগারে স্থানান্তরিত করে কঠিন নির্যাতন করেন। বন্দিদের অধিকাংশ কারাগারেই মৃত্যুবরণ করে।
এই বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান মদিনায় আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেন। ১৪৫ হিজরি সনের ১ রজব (৭৬২ খ্রিষ্টাব্দের ২৫ সেপ্টেম্বর) তিনি মদিনায় আত্মপ্রকাশ করলে মদিনাবাসী তার পক্ষে নিজেদের সমর্থন ঘোষণা করে। তিনি হারামের মিম্বরে আরোহণ করে মদিনাবাসীর উদ্দেশে খুতবা প্রদান করেন।
প্রকৃতপক্ষে খলিফা মানসুরের কূটকৌশলের শিকার হয়েই মুহাম্মাদ আত্মপ্রকাশ করেছিলেন। খলিফার গোপন নির্দেশে বিভিন্ন অঞ্চলের গভর্নর ও সেনাপতিগণ মুহাম্মাদকে বার্তা পাঠিয়েছিল যে, আমরা আপনার পক্ষে আছি; আপনি আত্মপ্রকাশ করুন। এসব বার্তা পেয়ে মুহাম্মাদ মনে করেছিলেন—ইসলামি বিশ্বের অধিকাংশ নগরী তার পক্ষে আছে। এ কারণেই তিনি তার সহোদর ইবরাহিম বিন আবদুল্লাহ (তারা উভয়ে আত্মগোপন করে ছিলেন আর খলিফা উভয়কেই খুঁজছিলেন)-এর সঙ্গে একমত হন যে, একই দিনে তিনি মদিনায় এবং ইবরাহিম বসরায় আত্মপ্রকাশ করবেন, যেন এর মাধ্যমে খলিফার ওপর অধিক চাপ সৃষ্টি করা যায়। কিন্তু নির্ধারিত সময়ে অসুস্থ হয়ে পড়ায় ইবরাহিম আর আত্মপ্রকাশ করেননি।
মুহাম্মাদ নিজেকে মদিনাতেই আবদ্ধ রাখেন। অথচ মদিনা এমন কোনো সামরিক কেন্দ্র ছিল না, যেখানে কোনো নেতার পক্ষে দীর্ঘদিন নিরাপদে অবস্থান করা সম্ভব। কারণ, মদিনার জীবন ও জীবিকাব্যবস্থা ছিল সম্পূর্ণই বাইরের ওপর নির্ভরশীল। তাই অল্প কয়েক দিনের অবরোধেই মদিনাবাসীর দৃঢ়তা ও অবিচলতা ভেঙে পড়া অনিবার্য ছিল।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 বাগদাদ নগরী নির্মাণ

📄 বাগদাদ নগরী নির্মাণ


খলিফা মানসুর আব্বাসি খিলাফতের মূলকেন্দ্র হিসেবে বাগদাদ নগরীর নির্মাণ শুরু করেন এবং ১৪৬ হিজরি সনে এর নির্মাণকাজ সমাপ্ত করেন। কথিত আছে, মানসুর বাগদাদ নির্মাণে আঠারো লক্ষ দিনার ব্যয় করেছিলেন। (৭৬)
খতিব বাগদাদি রহ. লিখেছেন, মর্যাদা ও আভিজাত্যে, বিশালতা ও জৌলুসে, জ্ঞানী-গুণী ও বোদ্ধামহলের আধিক্যে পৃথিবীতে বাগদাদের সমকক্ষ দ্বিতীয় কোনো নগরী ছিল না। (৭৭)
মানসুর ইসলামি বিশ্বের প্রত্যেক অঞ্চল ও নগরী হতে আলিমদেরকে এনে বাগদাদে সমবেত করেন। আব্বাসি শাসনামলে বাগদাদ পৃথিবীর প্রাণকেন্দ্র, সর্বশ্রেষ্ঠ নগরী এবং ইসলামি সভ্যতা ও সংস্কৃতির সূতিকাগারে পরিণত হয়। একসময় বাগদাদের জনসংখ্যা বিশ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল।

টিকাঃ
৭৬. বাগদাদ : ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাযি.-এর খিলাফতকালে মুসলিম বাহিনী যখন ইরাক জয় করে, তখন বাগদাদ ছিল ক্ষুদ্র ও অখ্যাত একটি বসতি। উমর রাযি.-এর খিলাফতকালে ইরাকে কুফা ও বসরার মতো গুরুত্বপূর্ণ দুই নগরীর পত্তন হলেও বাগদাদ পূর্বের ন্যায় ছোট ও সাধারণ বসতিই রয়ে যায়। আল-মানসুর খলিফা হওয়ার পর অনিবার্য বিভিন্ন কারণে নতুন দারুল খিলাফাহ ও রাজধানী প্রতিষ্ঠার মনস্থ করেন। তিনি নতুন রাজধানীর স্থান নির্বাচনের জন্য কুফা হতে মসুল পর্যন্ত বিস্তৃত এলাকা ভ্রমণ করে অবশেষে বাগদাদ এলাকাকে পছন্দ করেন। বাগদাদকে পছন্দ করার কারণ ছিল—এর এক দিকে ছিল দজলা নদী আর অপর দিকে ফুরাত নদী। দজলা নদীর মাধ্যমে চীনের সঙ্গে যোগাযোগ স্থাপন সহজ ছিল আর ফুরাত নদীর কারণে শাম অঞ্চলের সঙ্গেও যোগাযোগ রক্ষা সম্ভব ছিল। খলিফা মানসুরের নির্দেশে দজলা নদীর পূর্ব তীরে নির্মিত হয় বাগদাদ নগরী। পরবর্তী সময়ে মানসুর-পুত্র মাহদি নদীর পশ্চিম তীরে সেনাছাউনি স্থাপন করেন এবং ধীরে ধীরে নদীর পশ্চিম তীরও বাগদাদ নগরীর অন্তর্ভুক্ত হয়ে যায়। নদীর পশ্চিম তীরে অবস্থিত অংশের নামকরণ করা হয় 'কারখ' (Karkh) আর পূর্ব তীরে অবস্থিত অংশের নামকরণ করা হয় 'রুসাফা' (Al-Rusafa)। বর্তমানেও এলাকা-দুটির এই নামই প্রচলিত আছে। ঐতিহাসিকগণ লিখেছেন, জনৈক পারস্য সম্রাট তার আস্থাভাজন এক ক্রীতদাসকে উক্ত এলাকা জায়গির হিসেবে দান করেছিলেন। উক্ত ক্রীতদাস 'বাগ' নামক একটি মূর্তির পূজা করত। জায়গির প্রাপ্ত হওয়ার পর সে বলে ওঠে, 'বাগদাদ।' (বাগপ্রদত্ত); অর্থাৎ আমার মূর্তি বাগ আমাকে এ এলাকাটি দান করেছে। এভাবেই এলাকাটির নাম হয়ে যায় বাগদাদ। খলিফা মানসুর প্রাচীন সেই ছোট্ট বসতির স্থানে রাজধানী নগরী নির্মাণ করার পর এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন 'মদিনাতুস সালাম' বা শান্তির নগরী।
৭৭. আবু বকর খতিব বাগদাদি, তারিখু বাগদাদ, ১/৪৪০।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00