📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 হুমায়মা!

📄 হুমায়মা!


বনু উমাইয়ার শাসকপরিবার সাধারণত আহলে বায়ত বা নবীবংশের সদস্যদের মর্যাদা ও শ্রদ্ধার চোখে দেখত। তবে উমাইয়া সাম্রাজ্যের কোনো কোনো গভর্নরের পক্ষ থেকে মাঝেমধ্যে তাদের সঙ্গে অসদাচরণ ও সীমালঙ্ঘনের ঘটনাও ঘটেছিল।
ষষ্ঠ উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিক তার শাসনামলে আব্বাসি পরিবারের তৎকালীন প্রবীণ সদস্য আলি বিন আবদুল্লাহ বিন আব্বাসকে জায়গির হিসেবে (জর্ডানের অন্তর্গত) হুমায়মা অঞ্চল প্রদান করেন। আলি বিন আবদুল্লাহ বিন আব্বাস সেখানেই বসবাস করেন এবং স্থায়ী নিবাস গড়ে তোলেন।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 আন্দোলনের সূচনা যেভাবে

📄 আন্দোলনের সূচনা যেভাবে


এর অনেকদিন পর আবু হাশিম আবদুল্লাহ বিন মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যা একবার সপ্তম উমাইয়া খলিফা সুলায়মান বিন আবদুল মালিকের সঙ্গে সাক্ষাৎ করেন। খলিফা তাকে উষ্ণ স্বাগত জানান এবং যথেষ্ট সমাদর করেন। খলিফার দরবার থেকে ফিরে আসার পর আবু হাশিম অসুস্থতা অনুভব করেন এবং বুঝতে পারেন যে, তার 'আজাল' ঘনিয়ে এসেছে। এ সময় লোকমুখে এ কথা ছড়িয়ে পড়ে যে, খলিফা সুলায়মান তাকে খাবারের মাধ্যমে বিষপ্রয়োগ করেছেন। আবু হাশিম তার জ্ঞাতিভাই মুহাম্মাদ বিন আলি বিন আবদুল্লাহ বিন আব্বাসের কাছে পৌঁছে তাকে এ বিষয়ে অবগত করেন এবং এর প্রতিশোধ নেওয়ার অসিয়ত করেন। এটি ৯৯ হিজরি সনের ঘটনা।
আবু হাশিমের কথা মুহাম্মাদ বিন আলির মনে দাগ কাটে। তিনি ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী। সন্তানসন্ততি ছাড়াও তার সমর্থনে ছিল তার বিশের অধিক ভাই। স্বাভাবিকভাবেই মুহাম্মাদ বিন আলি উমাইয়া সাম্রাজ্যের পতনের এই পরিকল্পনা সাদরে গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের জন্য কাজ শুরু করেন।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 স্থান নির্বাচন

📄 স্থান নির্বাচন


মুহাম্মাদ বিন আলি বিন আবদুল্লাহ বিন আব্বাস তার আন্দোলনের প্রধান কেন্দ্র হিসেবে কুফা ও খোরাসানকে নির্বাচন করেন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ নির্বাচন ছিল অত্যন্ত সূক্ষ্ম ও সুচিন্তিত। যেমন:
১. বনু উমাইয়ার শাসক পরিবারের প্রতি শত্রুতা ও বিদ্বেষ পোষণকারী অধিকাংশ মানুষের অবস্থান ছিল কুফায়।
২. খোরাসানের অবস্থান ছিল উমাইয়া সাম্রাজ্যের পূর্ব প্রান্তে। তাই প্রতিকূল বা অস্থিতিশীল পরিবেশে খোরাসান থেকে পালিয়ে পার্শ্ববর্তী তুর্কি রাষ্ট্রে আশ্রয়গ্রহণ সহজ ছিল।
৩. খোরাসানে বসবাসকারী আরবদের মাঝে তখন সাম্প্রদায়িক (কায়সি-ইয়ামেনি) সংঘাত চলছিল। আব্বাসি আন্দোলনের পুরোধাদের পরিকল্পনা ছিল এ সংঘাতকে নিজেদের স্বার্থে ব্যবহার করা।
৪. ইসলামি সাম্রাজ্যে খোরাসানের অন্তর্ভুক্তি বেশি পুরোনো নয়। তাই নবীবংশের প্রতি ভালোবাসা ও আবেগের বিষয়টির মাধ্যমে খোরাসানবাসীর অন্তরকে প্রভাবিত করা সম্ভব ছিল।
মুহাম্মাদ বিন আলি বিন আবদুল্লাহ বিন আব্বাস তার আন্দোলনের মূলকেন্দ্র হিসেবে কুফাকে নির্বাচন করেন এবং সেখানে ‘কাবিরুদ-দুআত’ নামক কেন্দ্র স্থাপন করেন আর খোরাসানকে নির্বাচন করেন আন্দোলনের প্রচারণার ক্ষেত্র হিসেবে।
তিনি পুরো বিষয়টিকে পূর্ণ গোপনীয়তার সঙ্গে সম্পাদন করেন। যাবতীয় তথ্য খোরাসান থেকে কুফায় এবং কুফা থেকে হুমায়মায় পৌঁছত।
আন্দোলনের প্রচারকগণ ব্যবসায়ী বা হাজিদের বেশে সফর করত।
খোরাসানে আব্বাসি আন্দোলনের প্রধান আহ্বায়ক ছিলেন আবু ইকরিমা আস-সাররাজ (আবু মুহাম্মাদ আস-সাদিক)। তিনি সেখানকার বিভিন্ন আরব গোত্র হতে বারোজন প্রতিনিধি নির্বাচন করেন। যেসব ঐতিহাসিক দাবি করে যে, আব্বাসি আন্দোলন পারসিকদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছে, এ তথ্যটি তাদের দাবিকে প্রত্যাখ্যান করে। এই বারোজন প্রতিনিধি প্রধান আহ্বায়কের নির্দেশনায় কাজ করত; কিন্তু মূল ইমামকে চিনত না। প্রত্যেক প্রতিনিধির অধীনে সত্তরজন করে কর্মী ছিল।
ধীরে ধীরে খোরাসানে আন্দোলনের ফল প্রকাশ পেতে থাকে এবং আন্দোলনের নিয়ন্ত্রকগণ গোপন অবস্থান থেকে আত্মপ্রকাশ করতে শুরু করে। পরিস্থিতির নাজুকতা উপলব্ধি করে খোরাসানের তৎকালীন গভর্নর আসাদ বিন আবদুল্লাহ আল-কাসরি খোরাসানের প্রধান আহ্বায়ক আবু ইকরিমা আস-সাররাজ ও তার কয়েকজন সঙ্গীকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করেন। এটি ১০৭ হিজরি সনের (৭২৫ খ্রিষ্টাব্দের) ঘটনা।
গভর্নর আসাদ বিন আবদুল্লাহ আপন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ১১৮ হিজরি সন (৭৩৬ খ্রিষ্টাব্দ) পর্যন্ত (এর মধ্যে তিনি একবার বরখাস্ত হওয়ার পর গভর্নর পদে পুনর্বহাল হন) আব্বাসি সংগঠনের বেশ কয়েকজন নেতার পরিচয় উদ্‌ঘাটন করতে সক্ষম হন এবং যথেষ্ট কঠোরতার মাধ্যমে আন্দোলন দমনে সচেষ্ট হন। ফলে আব্বাসি আন্দোলনের প্রচারণা পুনরায় পূর্ণ গোপনীয়তায় চলে যায়।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 আন্দোলনের আহ্বায়ক নির্বাচনে ভুল সিদ্ধান্তের পরিণতি

📄 আন্দোলনের আহ্বায়ক নির্বাচনে ভুল সিদ্ধান্তের পরিণতি


পরিস্থিতির দাবি অনুযায়ী আব্বাসি আন্দোলনের পুরোধাগণ উপলব্ধি করতে পেরেছিল যে, খোরাসানে আন্দোলন টিকিয়ে রাখতে এবং জোরদার করতে কিছু পরিবর্তন ও সংস্কার প্রয়োজন। তাই তারা খোরাসানের নতুন প্রধান আহ্বায়ক হিসেবে আম্মার বিন ইয়াযিদ (খাদ্দাশ)-কে নির্বাচন করে। কিন্তু এই নির্বাচন মোটেও সঠিক ও দূরদৃষ্টিসম্পন্ন ছিল না। কিছুদিন পরই তার থেকে কুফরি আচরণ প্রকাশ পেতে থাকে! ১১৮ হিজরি সনে সে গভর্নর আসাদ বিন আবদুল্লাহর হাতে নিহত হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00