📄 বনু উমাইয়ার সঙ্গে আবদুল্লাহ বিন যুবায়র রাযি.-এর সংঘাতের সূচনা
নবী-দৌহিত্র হজরত হুসাইন রাযি.-এর হত্যাকাণ্ডের সংবাদ হজরত আবদুল্লাহ বিন যুবায়র রাযি.-এর কাছে পৌঁছতেই তিনি ইয়াযিদকে খিলাফতের দায়িত্ব হতে অপসারণের ঘোষণা করেন এবং আপন খিলাফতের স্বপক্ষে জনগণের বায়আত গ্রহণ করেন। সংবাদ পেয়ে ইয়াযিদ মদিনা অবরোধের উদ্দেশ্যে বাহিনী প্রেরণ করে। মদিনাবাসী আত্মসমর্পণ না করে প্রতিরোধের সিদ্ধান্ত নেয়। ৬৩ হিজরির জিলহজ মাসে (৬৮৩ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে) উভয় পক্ষের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। ‘হাররা’ নামক এ যুদ্ধে মদিনার অধিকাংশ নেতৃস্থানীয় ব্যক্তি নিহত হয়। আবদুল্লাহ বিন যুবায়র রাযি. তখন মক্কায় অবস্থান করছিলেন। এরপর ইয়াযিদের প্রেরিত বাহিনী মক্কা অবরোধের উদ্দেশ্যে রওনা করে। কিন্তু পথিমধ্যেই ইয়াযিদের মৃত্যুসংবাদ পৌঁছলে তারা ফিরে যায়।
৬৪ হিজরি সনের ১৪ রবিউল আউয়াল (৬৮৩ খ্রিষ্টাব্দের ১০ নভেম্বর) খলিফা ১ম ইয়াযিদের মৃত্যু হয়।