📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 চতুর্থ খলিফা হজরত আলি রাযি.-এর কিছু গুণ-বৈশিষ্ট্য

📄 চতুর্থ খলিফা হজরত আলি রাযি.-এর কিছু গুণ-বৈশিষ্ট্য


হজরত আলি রাযি. নবীজির আপন চাচাতো ভাই ছিলেন। তার উপনাম ছিল আবুল হাসান ও আবু তুরাব। নবীজি তার কাছে নিজ ছোট কন্যা ফাতিমা রাযি.-কে বিয়ে দেন। তিনি ছিলেন অন্যতম অগ্রবর্তী ইসলামগ্রহণকারী। বরং ইবনে আব্বাস রাযি., আনাস রাযি., যায়দ বিন আরকাম রাযি. ও সালমান ফারসি রাযি.-এর মতে তিনিই সবার আগে ইসলামগ্রহণ করেন। আলি রাযি. আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত ছিলেন। অগ্রগণ্য মতানুসারে হস্তিবাহিনীর ঘটনার ত্রিশ বছর পর তিনি জন্মগ্রহণ করেন।

আলি রাযি. নবীজির সঙ্গে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। একমাত্র তাবুকের যুদ্ধের সময় নবীজি তাকে মদিনার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। বিভিন্ন যুদ্ধে নবীজি তাকে মুসলিম বাহিনীর মূল ঝান্ডাও প্রদান করেন। প্রতিটি যুদ্ধে তার বীরত্ব ও রণকুশলতার বিভিন্ন ঘটনা রয়েছে। নবীজি হতে তিনি পাঁচশ সাতাশিটি হাদিস বর্ণনা করেছেন।

ইমাম বুখারি রহ. আপন সনদে সালামা বিন আকওয়া' রাযি. হতে বর্ণনা করেন যে, তিনি বলেন-
আলি রাযি. খায়বার যুদ্ধে নবীজির সঙ্গে যাননি। কেননা, তখন তার চোখের অসুস্থতা ছিল। তিনি (মনে মনে) বললেন, আমি রাসুলের সঙ্গে জিহাদে যাব না?! এরপর তিনি বেরিয়ে পড়লেন এবং নবীজির কাফেলার সঙ্গে মিলিত হলেন। যেদিন সকালে আল্লাহ তাআলা খায়বার বিজয় দান করেন, তার পূর্বের রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি অবশ্যই এমন একজনকে ঝান্ডা প্রদান করব (অথবা বলেছেন, আগামীকাল অবশ্যই এমন একজন ঝান্ডা গ্রহণ করবে), যাকে আল্লাহ ও তার রাসুল ভালোবাসেন (অথবা বলেছেন, যে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে)। তার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সকালে দেখা গেল, তিনি হলেন আলি; অথচ (তার অসুস্থতাজনিত কারণে) আমরা তার বিষয়ে ধারণাই করিনি। সকলেই (অবাক হয়ে) বলতে লাগল, এ যে আলি! আল্লাহর রাসুল তাঁকেই ঝান্ডা প্রদান করলেন এবং আল্লাহ তাআলা তাঁর হাতেই বিজয় দান করলেন।

হাফেজ ইবনে হাজার আসকালানি রহ. উক্ত হাদিসের ব্যাখ্যায় লিখেছেন-
হাদিসের ভাষ্য 'আলি আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তাঁর রাসুলও তাঁকে ভালোবাসেন'-এর দ্বারা উদ্দেশ্য হলো প্রকৃত ও পূর্ণাঙ্গ ভালোবাসার অস্তিত্ব; অন্যথায় ব্যাপকার্থে আল্লাহ ও রাসুলের ভালোবাসা তো প্রতিটি মুসলমানের হৃদয়েই বিদ্যমান আছে। হাদিসটিতে যেন কুরআনের নিম্নোক্ত আয়াতের মর্মার্থের দিকেই ইঙ্গিত করা হয়েছে-
(হে নবী,) মানুষকে বলে দিন-তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন।
হাদিসে যেন এ মর্মে ইঙ্গিত করা হয়েছে যে, আলি রাযি. আল্লাহর রাসুলের পূর্ণ অনুগত ও পূর্ণ অনুসারী। তাই তাঁকে 'আল্লাহর

ভালোবাসা'র গুণ-বৈশিষ্ট্যে ভূষিত করা হয়েছে। এ কারণেই বিভিন্ন হাদিসে আলি রাযি.-এর প্রতি ভালোবাসা রাখাকে ঈমানের আলামত এবং তার প্রতি বিদ্বেষ পোষণ করাকে নিফাক ও কপটতার নিদর্শন ঘোষণা করা হয়েছে।

ইমাম আহমাদ বিন হাম্বল রহ. বলেছেন—
আলি বিন আবু তালিব রাযি. (এর গুণ-বৈশিষ্ট্য ও চারিত্রিক প্রশংসা) সম্পর্কে আমরা যে পরিমাণ বিবরণ লাভ করেছি, অন্য কোনো সাহাবির ক্ষেত্রে সে পরিমাণ লাভ করিনি।

টিকাঃ
১৪৬. সহিহ বুখারি, হাদিস নং ৪২০৯।
১৪৭. ইবনে হাজার আসকালানি, ফাতহুল বারি, ৭/৭২।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 খলিফা হিসেবে আলি রাযি.-এর দায়িত্বগ্রহণ

📄 খলিফা হিসেবে আলি রাযি.-এর দায়িত্বগ্রহণ


উসমান রাযি. নিহত হওয়ার পর মদিনা খিলাফতশূন্য হয়ে পড়ে। বিদ্রোহিদের মিশরীয় নেতা গাফিকি বিন হারব-ই সবকিছু নিয়ন্ত্রণ করছিল। মদিনাবাসী এ সময় কার্যত অসহায় হয়ে পড়েছিল। বিদ্রোহীরা যদিও খলিফা উসমান রাযি.-কে হত্যার প্রশ্নে একজোট ছিল; কিন্তু নতুন খলিফা নির্বাচনের বিষয়ে তারা মতবিভক্ত ছিল। মিশরীয় বিদ্রোহীদের আগ্রহ ছিল আলি রাযি.-এর প্রতি, বসরার বিদ্রোহীদের আগ্রহ ছিল তালহা বিন উবায়দুল্লাহ রাযি.-এর প্রতি আর কুফার বিদ্রোহীদের আগ্রহ ছিল যুবায়র ইবনুল আওয়াম রাযি.-এর প্রতি। কিন্তু তারা তিনজনই বিদ্রোহীদের প্রত্যাখ্যান করায় বিদ্রোহীরা এরপর সাদ বিন আবু ওয়াককাস রাযি.-কে দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়। কিন্তু তিনি আরও কঠোর ভাষায় বিদ্রোহীদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এদিকে ইসলামি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে খলিফার সহায়তায় আগত বাহিনীগুলো মদিনার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অবস্থা বেগতিক দেখে বিদ্রোহীরা মদিনাবাসীকে হুমকি প্রদান করে এবং দুদিন সময় দিয়ে বলে যে, এরমধ্যে মদিনাবাসী নতুন খলিফা নির্বাচিত করতে না পারলে তারা আলি ও যুবায়র রাযি.-সহ অনেককে হত্যা করবে।

এরপর মদিনায় উপস্থিত বিশিষ্ট সাহাবায়ে কেরাম সর্বদিক বিবেচনা করে হজরত আলি রাযি.-কেই সবচেয়ে উপযুক্ত বিবেচনা করে তাকে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান। আলি রাযি. তা প্রত্যাখ্যান করলেও সকলে তাকে উম্মাহর এই চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে ইসলাম ও মুসলমানদের কল্যাণের দিকে তাকিয়ে বারবার অনুরোধ জানাতে থাকে। অবশেষে ২৫ জিলহজ সকলে তার হাতে বায়আত গ্রহণ করে। তার বায়আতের সংবাদ সমকালীন ইসলামি বিশ্বের সকল প্রান্তে বার্তা প্রেরণের মাধ্যমে জানিয়ে দেওয়া হলে শামের গভর্নর মুয়াবিয়া রাযি. ব্যতীত সকলে তার প্রতি আনুগত্যের ঘোষণা করে। পরবর্তীকালে মুয়াবিয়া রাযি.-এর সঙ্গে তার যে বিরোধ সংঘটিত হয়, তার বিবরণ সামনে আসছে।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 ফিতনা ও ষড়যন্ত্র এবার নতুন রূপে

📄 ফিতনা ও ষড়যন্ত্র এবার নতুন রূপে


দায়িত্ব গ্রহণের পর হজরত আলি রাযি. প্রথমেই ইসলামি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে মনোযোগী হন। তিনি বিভিন্ন অঞ্চলে নতুন গভর্নর প্রেরণ করেন এবং তাদের মাধ্যমে সকল স্থান থেকে তার খিলাফতের বায়আত গ্রহণ করেন। আলি রাযি. শামের গভর্নর মুয়াবিয়া রাযি.-এর কাছে বায়আতের আহ্বান জানিয়ে বার্তা পাঠালে মুয়াবিয়া রাযি. উত্তর দিতে বিলম্ব করেন। মুয়াবিয়া রাযি. পরিস্থিতি কোন দিকে গড়ায় এবং বিদ্রোহীরা সামনে কী পদক্ষেপ নেয়, তার অপেক্ষা করছিলেন।

এদিকে খলিফা উসমান রাযি.-এর বিরুদ্ধে বিদ্রোহকারীরা তার হত্যাকাণ্ডের পরপরই নিজেদের রূপ বদলে ফেলে। এবার তারা উসমান-হত্যার প্রতিশোধের দাবি তোলে। মদিনার আকাশে-বাতাসে তখন একটাই আওয়াজ— দ্রুত উসমান-হত্যার প্রতিশোধ চাই। দুই বিশিষ্ট সাহাবি তালহা বিন উবায়দুল্লাহ রাযি. ও যুবায়র বিন আওয়াম রাযি. নিষ্ঠাপূর্ণ আবেগের ভিত্তিতে মদিনাবাসীকে উসমান হত্যাকারীদের ওপর কিসাস প্রয়োগের দাবি তুলতে উদ্বুদ্ধ করেন। এই দুই মহান ব্যক্তি উপলব্ধি করতে পারেননি যে, ষড়যন্ত্রকারীদের দাবির আড়ালে প্রকৃতপক্ষে মুসলিম উম্মাহকে এক দীর্ঘমেয়াদি ফিতনায় জড়িয়ে ফেলার দুরভিসন্ধি লুকিয়ে আছে। দুই মহান সাহাবির আহ্বানে মক্কা-মদিনায় শত শত মানুষ আন্দোলনে প্রস্তুত হয়ে যায়। যেহেতু তখনও মদিনার পরিস্থিতি স্থিতিশীল হয়নি, তাই উসমান-হত্যার প্রতিশোধ ও বিদ্রোহীদের বিচারের দাবিতে আন্দোলনকারীরা বসরায় সমবেত হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাযি.- ও তাদের সঙ্গে ছিলেন।

বসরার গভর্নর উসমান বিন হানিফ আন্দোলনকারীদের বাধা প্রদানে অগ্রসর হলে আন্দোলনকারীরা তাকে অবরুদ্ধ ও বন্দি করে। বসরায় তালহা রাযি., যুবায়র রাযি. ও আম্মাজান আয়েশা রাযি.-এর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

খলিফা আলি রাযি. বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যে তার সমর্থকদের নিয়ে বসরায় গমন করেন। খলিফা কা'কা' বিন আমর রাযি.-কে আম্মাজান আয়েশা রাযি. ও সাহাবিদ্বয়ের সঙ্গে আলোচনা করার জন্য প্রেরণ করলে তার নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই উভয় পক্ষের মধ্যে সমঝোতা ও পরিশুদ্ধির বাতাস বইতে শুরু করে। এ সময় আলি রাযি. যুবায়র রাযি.-কে নবীজির ভবিষ্যদ্বাণী স্মরণ করিয়ে দেন- «لَتُقَاتِلَنَّهُ ؛ وَأَنْتَ ظَالِمُ لَه»
অচিরেই এমন এক সময় আসবে, যখন তুমি আলির বিরুদ্ধে লড়াইয়ে নামবে, আর সেদিন তুমিই থাকবে অন্যায়ের ওপর।

আলি রাযি.-এর কথা শুনে যুবায়র রাযি. বলেন, আমার মনে পড়েছে। যদি আপনি আমাকে (আগেই) স্মরণ করিয়ে দিতেন, তাহলে আমি (আন্দোলনে) বের হতাম না। এরপর তিনি আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মনস্থ করেন এবং প্রত্যাবর্তনের জন্য মদিনার উদ্দেশে রওনা হন। কিন্তু পথিমধ্যে তাকে শহিদ করে দেওয়া হয়।

ষড়যন্ত্রকারীরা যখন দেখতে পায় যে, তাদের সাজানো পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং বিবাদমান উভয় পক্ষ সন্ধি ও সমঝোতার প্রতি অগ্রসর হচ্ছে, তখন তারা নতুন এক কৌশল অবলম্বন করে। ইবনে সাবার পরামর্শে তারা উভয় পক্ষের সমর্থকদের সঙ্গে মিশে গিয়ে সমঝোতা হওয়ার পূর্বেই উভয় পক্ষকে উত্তেজিত করে যুদ্ধ বাধিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

টিকাঃ
১৪৮. আবু আবদুল্লাহ হাকিম, আল-মুসতাদরাক আলাস সহিহাইন, হাদিস নং ৫৫৭৫।

📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 উটের যুদ্ধ

📄 উটের যুদ্ধ


অবশেষে ইসলামের শত্রু সাবায়ি চক্রের ষড়যন্ত্র সফল হয়। তারা দুদিক থেকে তির ছুড়তে থাকায় উভয় পক্ষই মনে করছিল যে, অপর পক্ষ সমঝোতার পরিবর্তে যুদ্ধ শুরু করে দিয়েছে। শুরু হয় উত্তেজিত দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই। আম্মাজান আয়েশা রাযি.-এর হাওদা বহনকারী উটের সামনে প্রচণ্ড লড়াই চলতে থাকে। সাবায়ি চক্র যেকোনো মূল্যে আম্মাজানকে বহনকারী উটটিকে হত্যা করার চেষ্টা করছিল। তাদের আক্রমণে সেখানেই নিহত হয় সত্তরজন ব্যক্তি, যারা প্রত্যেকে উটের রাশ (নাসিকা বন্ধনী) ধরে ছিল।

হজরত আলি রাযি. বিষয়টি অবগত হয়ে উটের পায়ে আঘাত করেন এবং আম্মাজান বিপদমুক্ত হন। তিনি তার সঙ্গীদেরকে আয়েশা রাযি.-কে পাহারা দেওয়ার নির্দেশ দেন। অবশেষে আম্মাজান নিরাপদে মদিনায় ফিরে যান। এভাবে দুষ্ট সাবায়ি চক্রের ষড়যন্ত্রে সংঘটিত এ যুদ্ধে বসরায় গমনকারী বাহিনীর দশ হাজার এবং আলি রাযি.-এর বাহিনীর পাঁচ হাজার সৈন্য নিহত হয়।

যুদ্ধ শুরু হলে হজরত তালহা রাযি. চিৎকার করে উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন। এরই মধ্যে তিনি তিরবিদ্ধ হয়ে ইন্তেকাল করেন। তালহা ও যুবায়র রাযি. ছিলেন আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত দুই মহান সাহাবি। তারা দুজন খলিফা উমর রাযি.-এর নির্বাচিত শুরারও সদস্য ছিলেন। ইসলামের একেবারে সূচনালগ্ন থেকে নবীজির সঙ্গী হয়ে তারা দ্বীন প্রতিষ্ঠার জন্য অনন্যসাধারণ ভূমিকা রেখেছেন। হজরত আলি রাযি.-এর সঙ্গে তাদের ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না; বরং তালহা রাযি.-ই প্রথম আলি রাযি.-এর হাতে বায়আত গ্রহণ করেছিলেন। আলি রাযি. যেমন সমঝোতা ও শান্তি কামনা করছিলেন, তারা দুজনও তেমনই শান্তি ও সমঝোতার জন্যই চেষ্টা করছিলেন। কিন্তু দুষ্ট সাবায়ি চক্রের ষড়যন্ত্রে উসমান রাযি.-এর পর এই দুই মহান সাহাবিও নিহত হন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00