📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 📄 দ্রষ্টব্য: একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

📄 দ্রষ্টব্য: একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর


কারও মনে এ প্রশ্ন জাগতে পারে যে, মদিনায় সাহাবায়ে কেরামের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও কীভাবে এই বেদনাদায়ক ঘটনা সংঘটিত হলো? এর উত্তর হচ্ছে—

মদিনায় উপস্থিত অধিকাংশ সাহাবায়ে কেরাম ধারণা করতে পারেননি যে, বিষয়টি খলিফা-হত্যা পর্যন্ত গড়াবে।
সাহাবায়ে কেরাম খলিফার প্রতিরক্ষায় দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলেছিলেন। কিন্তু যখন বিদ্রোহীদের চাপ কঠিন আকার ধারণ করে, তখন খলিফা সকলকে শপথ দিয়ে নিবৃত্ত হতে এবং তরবারি কোষবদ্ধ রাখতে নির্দেশ দেন। ফলে সবাই বাধ্য হয়ে খলিফার নির্দেশ মান্য করে।
বিদ্রোহীরা হজের মৌসুমে অনেক সাহাবির (হজ আদায় করতে যাওয়ায়) অনুপস্থিতির বিষয়টিকেও কাজে লাগিয়েছিল। তারা জানত, খলিফার সহায়তায় বিভিন্ন অঞ্চল থেকে আগত বাহিনী নিকটে চলে এসেছে। তাই তারা বিলম্ব না করে খলিফাকে হত্যা করে।
বিদ্রোহী অবরোধকারীদের সংখ্যা ছিল দুই হাজারের কাছাকাছি। এমনও হতে পারে যে, মদিনায় এ পরিমাণ যোদ্ধা- পুরুষের উপস্থিতিও ছিল না। কারণ, যোদ্ধাপুরুষগণ অধিকাংশই বিভিন্ন ভূখণ্ডে ও সীমান্ত অঞ্চলে যুদ্ধাভিযানে শরিক ছিলেন।
সাহাবায়ে কেরামের অনেকে এই বিদ্রোহ-ফিতনার সময় ফিতনা হতে দূরে থেকে নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আর যারা মসজিদে উপস্থিত হতেন, তারাও তরবারি সঙ্গে নিয়ে যেতেন।
খলিফা উসমান রাযি.-এর শাহাদাত-ঘটনাকে কেন্দ্র করে একদল বিরুদ্ধবাদী এই অপপ্রচার চালায় যে, সাহাবা-জামাতের কেউ কেউ এই বিদ্রোহের পক্ষে ছিলেন এবং তারা খলিফার হত্যাকাণ্ডে সমর্থন জানিয়েছিলেন। এটি সম্পূর্ণই মিথ্যা ও বানোয়াট একটি অভিযোগ। সাহাবায়ে কেরামের মহান কাফেলার কোনো সদস্যের এই বিদ্রোহে সামান্য সমর্থনও ছিল না এবং তারা কেউই এই ষড়যন্ত্রে সংশ্লিষ্টও ছিলেন না। বরং সাহাবায়ে কেরাম সকলেই এর বিরোধী ছিলেন। তারা বিদ্রোহীদের ঘৃণা করতেন এবং যারা এই জঘন্য কাজ করেছে, তাদের কঠোর নিন্দা করতেন। হ্যাঁ, আম্মার বিন ইয়াসির, মুহাম্মাদ বিন আবু বকরসহ কতক সাহাবি মনে করতেন যে, (ফিতনা নিরসনে) উসমান রাযি. যদি স্বেচ্ছায় দায়িত্ব ত্যাগ করতেন, তাহলে ভালো হতো।

সুতরাং আমাদের কর্তব্য হলো—সাহাবায়ে কেরামের মহান জামাতের চরিত্র বিকৃত করার উদ্দেশ্যে উসমান-হত্যাকে কেন্দ্র করে যেসব জাল-মিথ্যা ও বানোয়াট বর্ণনা তৈরি করা হয়েছে, আমরা সেগুলোকে পরিহার করব এবং সাহাবায়ে কেরামের প্রতি স্বচ্ছ-সঠিক ও শ্রদ্ধাপূর্ণ ধারণা পোষণ করব।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية