📄 মুসলমানদের মোকাবিলায় পারসিক সেনাপতি রুস্তমের শৈথিল্য ও অনাগ্রহ
এভাবেই মুসলিম জাহানের খলিফা হজরত উমর রাযি. পরিস্থিতির প্রতি সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি সেনাপতি সাদ রাযি.-কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। অপরদিকে পারস্যে তখন চলছিল তরুণ কিসরা ইয়াযদিগার্দের শাসন। তার বয়স তখনও বিশ পেরোয়নি! ইয়াযদিগার্দ ছিলেন আত্মপ্রবঞ্চিত ও অভিজ্ঞতাহীন একজন শাসক। তিনি তার বাহিনীর প্রধান সেনাপতি পারস্য সাম্রাজ্যের প্রবীণ ও অভিজ্ঞ যোদ্ধা রুস্তমকে(১২২) মুসলিম বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর এবং সম্ভাব্য দ্রুততম সময়ে মুসলিম বাহিনীকে ধ্বংস করার নির্দেশ দেন।
রুস্তম পূর্ব থেকেই মুসলিম বাহিনীর খোঁজখবর নিচ্ছিল। সে বুঝতে পেরেছিল যে, মুসলমানদেরকে পরাজিত করা মোটেও সহজ হবে না; বরং বিরাজমান পরিস্থিতিতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা সমূহ ক্ষতির কারণ হতে পারে। তাই সে দীর্ঘ সময় ধরে কিসরার নির্দেশ পালনে বিলম্ব করতে থাকে। কিন্তু পরিস্থিতি তার অনুকূলে ছিল না। কারণ, মুসলিম বাহিনী কাদিসিয়ায় শিবির স্থাপন করেই বসে থাকেনি; বরং নিজেদের প্রয়োজনীয় রসদ জোগাড় করতে এবং পারসিক বাহিনীকে যুদ্ধক্ষেত্রে দ্রুত আগমনে প্ররোচিত করতে তারা ইরাকের সবুজ-শ্যামল অঞ্চলগুলোতে ঝটিকা হামলা শুরু করে দিয়েছিল। ফলে কিসরার কাছে বারবার ব্যবসায়ী ও গ্রামীণ কৃষকসমাজের পক্ষ থেকে অভিযোগ আসতে থাকে। ইয়াযদিগার্দ তখন সেনাপতি রুস্তমকে দ্রুত বাহিনী প্রেরণের জন্য পীড়াপীড়ি করেন। নিরুপায় হয়ে রুস্তম এবার যুদ্ধপ্রস্তুতি শুরু করে।
মাদায়েনে যুদ্ধপ্রস্তুতি গ্রহণের সংবাদ পেয়ে মুসলিম বাহিনীর সেনাপতি সাদ রাযি. খলিফাতুল মুসলিমিন উমর রাযি.-কে এ বিষয়ে অবগত করেন। ফিরতি বার্তায় খলিফা লেখেন—
তাদের পক্ষ থেকে যেমন প্রস্তুতিই গ্রহণ করা হোক না কেন, তুমি চিন্তিত হবে না। তুমি আল্লাহর কাছে সাহায্যপ্রার্থনা করবে এবং আল্লাহর ওপরই ভরসা করবে। আর তাকে (পারসিক সম্রাট) ইসলামের দাওয়াত প্রদানের জন্য কয়েকজন বাগ্মী, দূরদৃষ্টিসম্পন্ন ও ধৈর্যশীল ব্যক্তিকে প্রেরণ করবে। আল্লাহ তাআলা এই দাওয়াতের মাধ্যমে পারসিকদের লাঞ্ছনা ও বিচ্ছিন্নতার শিকার করবেন। আর প্রতিদিনের অবস্থা আমাকে লিখে জানাবে।
খলিফার নির্দেশমতো সেনাপতি সাদ রাযি. মুসলিম বাহিনীর চৌদ্দ সদস্যের একটি প্রতিনিধিদলকে ইয়াযদিগারদের দরবারে প্রেরণ করেন। প্রতিনিধিদল মাদায়েনে ইয়াযদিগারদের রাজদরবারে পৌঁছলে তিনি প্রথমে তাদেরকে তুচ্ছজ্ঞান করেন; এরপর মুসলমানদের পারস্যে আগমনের কারণ জিজ্ঞেস করেন। প্রতিনিধিদলের পক্ষ থেকে হজরত নুমান বিন মুকাররিন রাযি. উত্তরে বলেন-
আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করে আমাদের কাছে একজন রাসুল প্রেরণ করেছেন। তিনি আমাদের কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং কল্যাণের নির্দেশ দিয়েছেন; অকল্যাণ ও মন্দের পরিচিতি দান করেছেন এবং অকল্যাণ হতে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, যারা তাঁর নির্দেশনা অনুসরণ করবে, তারা ইহকাল ও পরকালে সমূহ কল্যাণ লাভ করবে। এরপর যাদেরকেই তাঁর আনীত দ্বীনের প্রতি আহ্বান করা হয়েছে, তারা দু-দলে পরিণত হয়েছে। একদল তাঁর নৈকট্য লাভ করেছে, অপরদল তার থেকে দূরে সরে গেছে। উচ্চ পর্যায়ের নিবেদিত ব্যক্তিরাই তাঁর অনুসরণ করেছে। যতদিন আল্লাহ তাআলা চেয়েছেন, ততদিন তিনি এভাবেই দাওয়াত দিয়ে গেছেন। এরপর আল্লাহ তাআলা তাঁকে তাঁর বিরোধিতাকারী আরবদের বিরুদ্ধে প্রতিরোধের নির্দেশ দিয়েছেন। তিনি আল্লাহ তাআলার নির্দেশ পালন করলে সকল আরব ক্রমান্বয়ে ইসলামে প্রবেশ করে দুভাবে-কিছু লোক ইসলামে প্রবেশ করেছিল একান্ত বাধ্য হয়ে; ফলে তারা ঈর্ষান্বিত হয় আর অনেকে ইসলামগ্রহণ করেছিল স্বেচ্ছাপ্রণোদিত।
হয়ে; তারা ঈমানি দৃঢ়তা লাভ করে। ইতিপূর্বে আমরা পরস্পর শত্রুতা ও সংকীর্ণতায় নিমজ্জিত ছিলাম। তিনি আমাদেরকে যে দ্বীনের সন্ধান দিয়েছেন, তার শ্রেষ্ঠত্ব ও কল্যাণকামিতা আমরা সকলে উপলব্ধি করি। এরপর নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা যেন আমাদের প্রতিবেশীদের নিকট যাই এবং তাদেরকে ন্যায় ও সুবিচারের প্রতি আহ্বান করি। (নবীজির নির্দেশনার ভিত্তিতে) আমরা আপনাদেরকে আমাদের দ্বীনের প্রতি আহ্বান করছি। আমাদের দ্বীন ভালোকে ভালোরূপে চিহ্নিত করে আর মন্দকে মন্দরূপে। আপনারা যদি আমাদের দাওয়াত প্রত্যাখ্যান করেন, তাহলে আপনাদের জন্য চরম অকল্যাণকর পরিণতি রয়েছে আর তা হলো জিজিয়া প্রদান। যদি জিজিয়া প্রদানেও আপনারা অস্বীকৃতি জানান, তাহলে যুদ্ধ সুনিশ্চিত। আর যদি আপনারা আমাদের দ্বীনকে পছন্দ করেন, তাহলে আমরা আল্লাহর কিতাব আপনাদের জন্য রেখে যাব; আপনারা আল্লাহর কিতাব অনুযায়ী রাষ্ট্রপরিচালনা করবেন। আমরা ফিরে যাব; আপনারা আপনাদের নগরী নিয়ে থাকবেন। যদি আপনারা জিজিয়া প্রদানে সম্মত হন, তাহলে আমরা তা গ্রহণ করব এবং আপনাদের নিরাপত্তাবিধান করব। যদি তাতেও অস্বীকৃতি জানান, তাহলে যুদ্ধই ফয়সালা।
নুমান রাযি.-এর বক্তব্য শেষ হলে সম্রাট ইয়াযদিগার্দ বলেন-
আমি তো জানতাম যে, পৃথিবীতে তোমাদের চেয়ে হতভাগা, সংখ্যায় স্বল্প ও মন্দ কোনো জাতি নেই। আমরা তো তোমাদের দায়িত্ব আশেপাশের বিভিন্ন শহরতলির হাতে ছেড়ে দিতাম আর তারাই তোমাদের মোকাবিলায় যথেষ্ট হতো। তোমরা না পারসিকদের বিরুদ্ধে লড়াই করতে আর না তাদের সামনে দাঁড়ানোর সাহস করতে। এখন যদি তোমাদের সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে, তবে তাতে প্রবঞ্চিত হয়ো না। আর যদি ক্ষুধার তাড়নায় তোমরা এ পর্যন্ত এসে থাক, তাহলে তোমাদের সচ্ছলতা না আসা পর্যন্ত আমরা তোমাদের আহার্যের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা তোমাদের মুখ উজ্জ্বল করব এবং তোমাদের পরিচ্ছদের ব্যবস্থাও করব। আর তোমাদের জন্য একজন সদয় প্রশাসক নিয়োগ করব, যে তোমাদের সঙ্গে সদাচরণ করবে।
ইয়াযদিগারদের কথা শুনে প্রতিনিধিদলের সকলে নিশ্চুপ বসে থাকে। অবশেষে মুগিরা বিন শু'বা রাযি. দাঁড়িয়ে বলেন—
সম্রাট, এরা আরবের নেতৃস্থানীয় ও সম্ভ্রান্ত লোকজন। আর সম্ভ্রান্ত ব্যক্তিরা সম্ভ্রান্তদের মুখে মুখে কথা বলতে লজ্জাবোধ করেন। সম্ভ্রান্তরা তো অন্য সম্ভ্রান্ত ব্যক্তিকে কেবল সম্মান করতেই জানেন; সম্ভ্রান্ত ব্যক্তির কদর ও মর্যাদা তো সম্ভ্রান্ত ব্যক্তিরাই জানেন। তারা যে বার্তা নিয়ে এসেছে, তার সবটুকু আপনাকে বলা হয়নি আর আপনি যা বলেছেন, তার সবটুকু তারা গ্রহণও করেনি। তারা সদাচরণ করেছে আর তাদের মতো ব্যক্তিগণ এরূপ সদাচরণই করে থাকে। আপনি আমাকে সুযোগ দিলে আমি আপনাকে আমাদের আগমনের উদ্দেশ্য ব্যক্ত করব; তারা আমার কথাকে সঠিক বলে সাক্ষ্য দেবে। আপনি আমাদের বিষয়ে যে মন্তব্য করেছেন, প্রকৃত বাস্তবতা হলো সে বিষয়ে আপনার পূর্ণ জানাশোনা নেই। আপনি বলেছেন, আমরা অত্যন্ত মন্দ ছিলাম।
বাস্তবেই আমাদের চেয়ে মন্দ কেউ ছিল না। আপনি বলেছেন, আমরা ক্ষুধার্ত। হ্যাঁ, আমরা এত ক্ষুধার্ত ছিলাম, যার সঙ্গে কোনো ক্ষুধা তুল্য হতে পারে না। আমরা পোকামাকড়, সাপ-বিচ্ছু ভক্ষণ করতাম। এগুলোকেই আমরা খাদ্য বিবেচনা করতাম। আপনি আমাদের বাড়িঘরের কথা বলেছেন। হ্যাঁ, উন্মুক্ত ভূপৃষ্ঠই ছিল আমাদের ঘরবাড়ি। উট-বকরির পশম দিয়ে তৈরি পরিচ্ছদই ছিল আমাদের পোশাক। পরস্পর খুনোখুনি, অন্যায়-রাহাজানি ছিল আমাদের ধর্ম। খাবারে ভাগ বসাবে এই ভয়ে আমাদের অনেকে নিজ কন্যাকে জীবন্ত প্রোথিত করত। আমি এতক্ষণ আপনাকে যা বললাম, কদিন পূর্বেও তেমনই ছিল আমাদের অবস্থা। এরপর আল্লাহ তাআলা আমাদের কাছে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করলেন, যার বংশপরিচয় আমাদের জানা আছে। আমরা তাকে চিনি, তার জন্মস্থান সম্পর্কে জানি। তার জন্মভূমি সর্বোত্তম জন্মভূমি; তার বংশ আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ বংশ। তার পরিবার আমাদের সবচেয়ে মহান পরিবার; তার গোত্র আমাদের সবচেয়ে সম্ভ্রান্ত গোত্র। তিনি নিজে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে ধৈর্যশীল।
তিনি আমাদেরকে একটি পথে আহ্বান জানালেন। আমাদের কেউ তার আহ্বানে সাড়া দিলো না। প্রথম যিনি তার আহ্বানে সাড়া দিয়েছিলেন, তিনিই পরবর্তী সময়ে তার প্রথম খলিফা হন। তিনি বললেন, আমরাও বললাম। তিনি সত্য বললেন, আমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করলাম। তিনি আমাদেরকে অগ্রসর করতে চাইলেন, আমরা কেবল পিছু হটলাম। তিনি যা বলছিলেন, তা-ই বাস্তবায়িত হচ্ছিল। এরপর আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাকে সত্যবাদীরূপে মেনে নেওয়ার এবং তার অনুসরণ করার মানসিকতা তৈরি করে দিলেন। তিনি আমাদের ও জগৎসমূহের প্রতিপালকের মাঝে সেতুবন্ধন হলেন। তিনি আমাদের যা বলতেন, তা মূলত আল্লাহর বাণী। তিনি আমাদেরকে যে নির্দেশনা দিতেন, তা মূলত আল্লাহরই নির্দেশ।
তিনি আমাদেরকে বলেছেন, তোমাদের প্রতিপালক বলেন, আমিই আল্লাহ। আমি একক; আমার কোনো শরিক নেই। যখন কোনো কিছু ছিল না, তখনও আমি ছিলাম। আমি ব্যতীত অন্য সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আমিই সবকিছু সৃষ্টি করেছি আর সবকিছু আমার দিকেই প্রত্যাবর্তন করবে। আমার দয়া ও করুণা তোমাদের ভাগ্যে জুটেছে। তাই আমি তোমাদের মাঝে এই ব্যক্তিকে প্রেরণ করেছি। তার মাধ্যমে আমি তোমাদেরকে সে পথের সন্ধান দেবো, যে পথে চললে আমি তোমাদের মৃত্যুর পর আমার আজাব থেকে নিষ্কৃতি দেবো এবং তোমাদেরকে আমার নির্মিত দারুস সালামে (জান্নাতে) স্থান দেবো। স্বয়ং আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি মহান সত্তার পক্ষ থেকে সত্য বাণী নিয়ে আগমন করেছেন। তিনি বলেছেন, যারা এই দ্বীনের বিষয়ে তোমাদের অনুসরণ করবে, তারা তোমাদের সম-অধিকার ভোগ করবে, সমদায়িত্ব পালন করবে। আর যারা এই দ্বীনকে প্রত্যাখ্যান করবে, তাদেরকে জিজিয়া প্রদানের প্রস্তাব দেবে। তারা জিজিয়া প্রদান করলে তোমরা যেভাবে নিজেদের নিরাপত্তাবিধান করো, সেভাবে তাদেরও নিরাপত্তা প্রদান করবে। আর যারা জিজিয়া প্রদানেও অস্বীকৃতি জানাবে, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে। যুদ্ধে আমিই তোমাদের মাঝে ফয়সালা করব। তোমাদের যারা যুদ্ধে নিহত হবে, আমি তাদেরকে আমার জান্নাতে দাখিল করব, আর যারা জীবিত থাকবে, তাদেরকে শত্রুর বিরুদ্ধে সাহায্য করব।
সুতরাং এখন আপনি চাইলে হীনবল হয়ে জিজিয়া প্রদানের শর্ত গ্রহণ করতে পারেন, চাইলে যুদ্ধও করতে পারেন; অথবা ইসলামগ্রহণ করে নিজেকে মুক্তও করতে পারেন।
মুগিরা রাযি.-এর বক্তব্য শেষ হলে ইয়াযদিগারদ বলেন, 'তুমি আমাকে সম্বোধন করে এসব কথা বললে?' উত্তরে মুগিরা রাযি. বলেন, 'যিনি আমার সঙ্গে কথা বলেছেন, আমি তার সঙ্গেই কথা বলেছি। যদি আপনি ছাড়া অন্য কেউ আমার সঙ্গে কথা বলত, তাহলে আমি আপনার সঙ্গে কথা বলতাম না।'
এরপর ইয়াযদিগার্দ বলেন, 'দূতদেরকে হত্যা করার রীতি নেই। অন্যথায় আমি তোমাদের সবাইকে হত্যা করতাম। আমার কাছে তোমাদের কিছুই পাওয়ার নেই.।'
এরপর ইয়াযদিগার্দ তার অনুচরদের বলেন, 'একটুকরি মাটি নিয়ে এসো।' মাটি নিয়ে আসা হলে তিনি বলেন, 'টুকরিটি তাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্তজনের মাথায় তুলে দাও। তারপর তাদেরকে তাড়িয়ে মাদায়েনের নগরদ্বার দিয়ে বের করে দাও।'
এরপর তিনি প্রতিনিধিদলকে উদ্দেশ্য করে বলেন, 'তোমরা তোমাদের সেনাপতির কাছে ফিরে যাও। তাকে গিয়ে জানাও যে, আমি তোমাদের দফারফা করার জন্য রুস্তমকে পাঠাচ্ছি। সে তাকে-সহ তোমাদেরকে কাদিসিয়ার গর্তে দাফন করবে এবং তোমাদের সকলকে চূড়ান্ত লাঞ্ছিত করে ছাড়বে। এরপর আমি তাকে তোমাদের দেশেও পাঠাব। আমাদের সাবেক সেনাপতি সাবুর তোমাদেরকে অতীতে যে তিক্ত অভিজ্ঞতা উপহার দিয়েছিল, রুস্তম তোমাদেরকে তারচেয়েও বেশি কিছু উপহার দেবে।'
এরপর ইয়াযদিগার্দ প্রশ্ন করেন, 'তোমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত কে?' সকলে চুপ করে থাকলে হজরত আছিম বিন আমর রাযি. মাটির টুকরি নেওয়ার জন্য অগ্রসর হয়ে বলেন, 'আমি তাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত এবং তাদের সর্দার। আমার মাথায় টুকরিটি তুলে দিন।' ইয়াযদিগার্দ সকলকে জিজ্ঞেস করেন, 'তার দাবি কি সত্য?' সকলে সম্মতিসূচক ইঙ্গিত করলে সম্রাটের নির্দেশে টুকরিটি আছিম রাযি.-এর কাঁধে তুলে দেওয়া হয়। আছিম রাযি. টুকরিটি নিয়ে দ্রুত রাজপ্রাসাদ থেকে বের হয়ে যান এবং নিজের বাহনের কাছে পৌঁছে টুকরিটি বাহনে তুলে নেন। এরপর প্রতিনিধিদলের সকলে সেনাপতি সাদের কাছে ফিরে আসেন। আছিম বিন আমর রাযি. সবার আগে তার কাছে পৌঁছান এবং সাদ রাযি.-কে বলেন, 'মহান সেনাপতি! বিজয়ের সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ চাহে তো আমরাই বিজয়ী হব।' এরপর তিনি মাটিগুলো পাথরের ওপর ফেলে দেন এবং সাদের কাছে ফিরে এসে তাকে বিস্তারিত অবহিত করেন। সব শুনে সাদ রাযি. বলেন, 'সকলে সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ আমাদের হাতে তাদের রাজত্বের চাবিকাঠি তুলে দিয়েছেন।'
এদিকে ইয়াযদিগাব্দের নির্দেশে সেনাপতি রুস্তম এক লক্ষ বিশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করে, যার অর্ধেকই ছিল অশ্বারোহী সৈনিক। মূল বাহিনীর সঙ্গে আরও ছিল এক লক্ষ বিশ হাজার ভৃত্য ও সেবক। বাহিনীর সঙ্গে বেশ কয়েকটি হাতিও নেওয়া হয়।
যুদ্ধসরঞ্জাম ও বিলাসসামগ্রীর এক বিশাল বহর নিয়ে রুস্তম মহা সমারোহে মাদায়েন হতে রওনা হয়। সাজসরঞ্জাম পরিমাণে এত বেশি ও ভারী ছিল যে, রাজধানী মাদায়েন থেকে কাদিসিয়া পর্যন্ত একশ ষাট কিলোমিটারের চেয়ে সামান্য বেশি পথ পাড়ি দিতে পারসিক বাহিনীর সময় লাগে প্রায় চার মাস! অর্থাৎ দৈনিক গড়ে মাত্র সোয়া এক কিলোমিটার!
টিকাঃ
১২২. ফার্সি কবি আবুল কাসিম ফিরদাউসি রচিত ইতিহাসনির্ভর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘শাহনামা’- তে এই রুস্তমকেই বীর যোদ্ধা হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং তার পুত্র সোহরাবের সঙ্গে তার মোকাবিলার ঘটনা উল্লেখ করা হয়েছে। বাংলাভাষায়ও সুপ্রসিদ্ধ এ গল্পটি ‘সোহরাব-রুস্তম’ নামে সুপ্রসিদ্ধ। আমরা অনেকেই সোহরাব-রুস্তমের ট্রাজেডিক গল্পটি পড়ে কেঁদে বুক ভাসাই; কিন্তু জানিও না যে, এই রুস্তম মুসলমান ছিল না, ছিল ইসলামের ঘোরতর দুশমন!
📄 রুস্তমের সামনে মুসলমানদের প্রথম প্রতিনিধি
কাদিসিয়ায় পৌঁছে পারসিক সেনাপতি রুস্তম মুসলিম বাহিনীর সঙ্গে সমঝোতা-আলোচনা করার জন্য প্রতিনিধিদল পাঠাতে অনুরোধ করায় মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক সাদ রাযি. শুধু রিবয়ি বিন আমির রাযি.-কে পাঠান। মুসলিম প্রতিনিধির আগমনের পূর্বে রুস্তম তার অনুচরদের অভ্যর্থনা-স্থান প্রস্তুত করতে নির্দেশ দেয়। প্রচুর সাজসজ্জা করা হয়, অতি মূল্যবান ফরাশ ও গালিচা বিছানো হয়, দামি দামি বালিশ ও কুশন-তাকিয়ার ব্যবস্থা করা হয়। সেনাপতি রুস্তম নিজেও তার পূর্ণ রাজকীয় সাজে সজ্জিত হয়। এর মাধ্যমে সে আগত প্রতিনিধিদলের মাঝে প্রভাব বিস্তার করতে চাচ্ছিল। এরইমধ্যে হজরত রিবয়ি বিন আমির রাযি. তার বর্শায় ভর দিয়ে রুস্তমের দরবারে প্রবেশ করেন। তিনি হাতের বর্শা দিয়ে গালিচা ও কার্পেটে চাপ দিতে দিতে সামনে অগ্রসর হন। রুস্তমের কাছাকাছি পৌঁছতেই প্রহরী তাকে আটকে দিলে তিনি জমিনেই বসে পড়েন এবং হাতের বর্শাটি গালিচায় বিদ্ধ করেন। প্রহরীরা বিবয়ি রাযি.-কে জিজ্ঞেস করে, 'আপনি এরূপ আচরণ কেন করলেন?' তিনি উত্তর দেন, 'আমরা তোমাদের এই বিলাস-সজ্জার ওপর বসা পছন্দ করি না।'
এরপর সেনাপতি রুস্তম তাকে জিজ্ঞেস করে, 'আপনারা আমাদের দেশে কেন এসেছেন?' উত্তরে এই মহান সাহাবি দীপ্ত কণ্ঠে বলেন, 'আল্লাহ তাআলা আমাদেরকে এ উদ্দেশ্যে প্রেরণ করেছেন যে, আল্লাহ যাদের তাকদিরে মঞ্জুর করেন, আমরা যেন তাদেরকে সৃষ্টির দাসত্ব-লাঞ্ছনা হতে উদ্ধার করে স্রষ্টার দাসত্ব-গৌরবের পথে নিয়ে আসি; পৃথিবীর সংকীর্ণতা থেকে উভয় জগতের প্রশস্ততার দিকে এবং ভ্রষ্ট ধর্মসমূহের অবিচার হতে ইসলামের ন্যায়-নীতির পথে নিয়ে আসি। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের নিয়ামত দান করে তার দ্বীনের পথে আহ্বান করার জন্য মানুষের কাছে পাঠিয়েছেন। যারা এ দ্বীন গ্রহণ করবে, আমরা তাদেরকে আপন করে নেব, অভিযান প্রত্যাহার করে তাদের ভূখণ্ড তাদের হাতে রেখেই ফিরে যাব; আর যারা এ দ্বীনের দাওয়াত প্রত্যাখ্যান করবে, তাদের সঙ্গে আমরা লড়াই করে যাব; যতক্ষণ না আল্লাহর নির্ধারিত প্রতিশ্রুতি লাভ করি।'
'আল্লাহর নির্ধারিত প্রতিশ্রুতি কী?' রুস্তম জিজ্ঞেস করে।
রিবয়ি বিন আমির রাযি. উত্তর দেন-
'অস্বীকারকারীদের বিরুদ্ধে লড়াই করে শহিদ হলে আল্লাহর প্রতিশ্রুতি জান্নাত আর জীবিত থাকলে আল্লাহর প্রতিশ্রুতি 'বিজয়-সুবাস'।'
'আমি আপনার বক্তব্য শুনলাম। এখন এ বিষয়ে চিন্তাভাবনা করার জন্য কি আপনারা কিছুদিনের জন্য সিদ্ধান্ত মুলতবি রাখতে পারবেন?'
'হ্যাঁ, আপনি কদিন সময় চান, বলুন; এক দিন, নাকি দুদিন?' রিবয়ি রাযি. জিজ্ঞেস করেন।
'না, বরং এতটুকু সময় দিন, যেন আমরা আমাদের নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীদের সঙ্গে পত্রযোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারি।'
'আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন এবং আমাদের পূর্ববর্তীগণ যা অনুযায়ী আমল করেছেন, তা হলো—আমরা শত্রুপক্ষকে তিন দিনের বেশি অবকাশ দিই না। সুতরাং আমরা তিন দিন সিদ্ধান্তের বিষয়টি মুলতবি রাখব। এরমধ্যেই আপনি আপনার নিজের এবং আপনার জাতির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে চেষ্টা করুন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আপনাদের তিনটি বিষয়ের কোনো একটি বেছে নিতে হবে—হয় ইসলামগ্রহণ করবেন, তাহলে আমরা আপনাদের মাতৃভূমি ছেড়ে চলে যাব; কিংবা জিজিয়া প্রদান করবেন, তাহলে আমরা তা গ্রহণ করে আপনাদের ছাড় দেবো। যদি আপনাদের নিরাপত্তা-সাহায্য প্রয়োজন না হয়, আমরা এখান থেকে চলে যাব; আর যদি প্রয়োজন হয়, তাহলে আমরা আপনাদেরকে নিরাপত্তা দেবো। আর এই দুই বিকল্পের একটিও গ্রহণ না করলে চতুর্থ দিন যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। মাঝের এই দিনগুলোতে আমরা যুদ্ধের সূচনা করব না; যদি না আপনারা আগে আমাদের ওপর আক্রমণ করেন। এ বিষয়ে আমি আপনাকে আমার সকল সঙ্গীর পক্ষ থেকে নিশ্চয়তা দিচ্ছি।' রিবয়ি রাযি. চূড়ান্ত কথা বলে দেন।
এরপর রুস্তম জিজ্ঞেস করে, 'আপনি কি আপনার জাতির শাসক ও সর্দার?'
রিবয়ি রাযি. উত্তর দেন, 'না; কিন্তু মুসলমানরা পরস্পর এক দেহের মতো। মুসলমানদের সাধারণ সদস্যও সর্বোচ্চ সদস্যের প্রতিরক্ষায় সচেষ্ট থাকে।'
আলোচনা শেষে হজরত রিবয়ি রাযি. প্রস্থান করলে রুস্তম তার উপদেষ্টাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, 'তোমাদের কী মত? তোমরা কি এই ব্যক্তির কথার চেয়ে সুস্পষ্ট ও মূল্যবান কোনো কথা কখনো শুনেছ?' উপদেষ্টারা উত্তর দেয়, 'আল্লাহর পানাহ! আপনি কিছুতেই এসব কথায় প্রভাবিত হবেন না; এই কুকুরের কথায় আপনার দ্বীন পরিত্যাগ করবেন না। আপনি তার পরিচ্ছদ দেখেননি?'
উপদেষ্টাদের উত্তর শুনে সেনাপতি রুস্তম বিক্ষুব্ধ কণ্ঠে মন্তব্য করে—'ধিক তোমাদের! পোশাক-পরিচ্ছদ দিয়ে মানুষের মান বিচার করো না। তার কথা, মতামত ও চরিত্র দেখো। আরবরা পোশাক-পরিচ্ছদ ও আহারসামগ্রীকে তুচ্ছজ্ঞান করে এবং আত্মমর্যাদা রক্ষা করে চলে।'
অভিজ্ঞ সেনাপতি রুস্তম যদিও বুঝতে পারছিল যে, মুসলিম বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর পরিণতি মোটেও কল্যাণকর হবে না; কিন্তু পারসিকরা তার দৃষ্টিভঙ্গি সমর্থন করছিল না।
এরপর রুস্তম সংলাপের জন্য আরেকজন প্রতিনিধি পাঠাতে অনুরোধ করলে মুসলিম সেনাপতি সাদ রাযি। এবার হুযায়ফা বিন মিহছান রাযি.-কে পাঠান। তার সঙ্গেও রিবয়ি বিন আমরের ন্যায় একই ধরনের কথোপকথন হয়। তৃতীয়বার রুস্তম একই অনুরোধ করায় সাদ এবার পাঠান মুগিরা বিন শুবা রাযি.-কে। মুগিরা ছিলেন কুশলতা ও বিচক্ষণতা এবং বাগ্মিতা ও বাষ্পটুতায় সমকালীন আরবের শ্রেষ্ঠতম ব্যক্তি। বিশালদেহী মুগিরা রাযি. পারসিকদের ভাষায়ও সমান পারদর্শী ছিলেন। রুস্তমের তাঁবুতে প্রবেশ করার পর মুগিরা সামনে অগ্রসর হয়ে রুস্তমের সুসজ্জিত আসনে তার পাশেই বসে পড়েন। এতে ক্রুদ্ধ হয়ে পারসিকরা হইচই শুরু করে এবং মুগিরা রাযি.-এর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে টানতে শুরু করে।
তখন হজরত মুগিরা রাযি. তাদেরকে বলেন-'থামো, হট্টগোল করো না। তোমাদের সম্পর্কে অনেক কিছুই শুনেছি। কিন্তু আমি তোমাদের চেয়ে নির্বোধ কোনো সম্প্রদায় দেখিনি। আমরা আরবরা পরস্পর সমান; কেউ কারও দাসত্ব করি না। অবশ্য কেউ যুদ্ধে বন্দি হলে তার কথা ভিন্ন। আমি তো মনে করেছিলাম, আমরা যেমন পরস্পর সহমর্মিতা প্রদর্শন করি, তোমরাও তেমন কর। আমার সঙ্গে এমন আচরণ না করে আমাকে আগে জানালেই পারতে যে, তোমাদের মধ্যে প্রভুত্ব ও দাসত্বের স্তর রয়েছে এবং প্রভুর আসনে দাসরা বসতে পারে না। তাহলে আমি এখানে বসতাম না, তোমাদের কাছে আসতামও না। তোমরাই তো আমাকে ডেকেছ। আজ জানলাম যে, তোমাদের অবস্থা ক্ষয়িষ্ণুপ্রায় এবং তোমরা প্রকৃতপক্ষে পরাধীন ও পরাজিত এক জাতি। এ ধরনের মেধা ও মনোভাব নিয়ে কোনো রাজত্ব টিকে থাকতে পারে না।'
মুগিরা রাযি.-এর বক্তব্য শুনে উপস্থিত সাধারণ সৈন্যরা বলতে লাগল, 'আল্লাহর শপথ! আরবি ব্যক্তিটি বাস্তব সত্যই বলেছে।'
অপরদিকে উপস্থিত পারস্য সাম্রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল—'এই লোক তো এমন কথার তির ছুঁড়েছে যে, আমাদের ক্রীতদাসেরা সব তার প্রতি ধাবিত হয়ে যাবে।'
যুদ্ধ বিলম্বিত করার জন্য এই সংলাপ ছিল রুস্তমের পক্ষ থেকে শেষ প্রচেষ্টা। এ প্রচেষ্টাও ব্যর্থ হওয়ায় তার সামনে আর কোনো বাহানার সুযোগ রইল না এবং মুসলমানদের সঙ্গে সামরিক মোকাবিলা অনিবার্য হয়ে দাঁড়াল।
মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি সাদ বিন আবু ওয়াককাস রাযি. তখন সায়াটিকা, ফোঁড়া ইত্যাদি রোগে আক্রান্ত ছিলেন। এ কারণে তিনি বসতে বা কোনো বাহনজন্তুতে আরোহণ করতে পারতেন না। তাই তিনি কিদ্দিস নামক একটি দুর্গের চূড়ায় আরোহণ করে একটি বালিশে বুকে ভর দিয়ে অধোমুখ হয়ে যুদ্ধক্ষেত্রের প্রতি নজর রাখছিলেন। ময়দানে যুদ্ধপরিচালক হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয়েছিল খালিদ বিন উরফাতাহ রাযি.-কে।
📄 কাদিসিয়ার যুদ্ধের প্রাত্যহিক বিবরণ
প্রথম দিন: আরমাছ দিবস [১৩ শাবান, পঞ্চদশ হিজরি] [১৯ সেপ্টেম্বর, ৬৩৬ খ্রিষ্টাব্দ]
রীতি অনুযায়ী পারসিক সেনাপতি রুস্তম মুসলমানদের কাছে বার্তা পাঠায় যে, তোমরা নদী পাড়ি দিয়ে এপারে চলে এসো, নয়তো আমরা ওপারে চলে যাই। মুসলিম বাহিনীর পক্ষ থেকে উত্তর পাঠানো হয়, তোমরাই এপারে চলে এসো।
মুসলিম সেনাপতি সাদ রাযি. তার সৈন্যদেরকে আপন অবস্থানে অটল- অবিচল থাকার নির্দেশ দেন। তিনি ঘোষণা করেন, জোহর নামাজ পর্যন্ত কেউ সামান্য অগ্রসর হয়ো না। জোহর আদায় শেষ হলে আমি একটি তাকবির দেবো। তখন তোমরাও তাকবির দেবে এবং নিজেদের জুতার ফিতা বেঁধে নিয়ে প্রস্তুতি গ্রহণ করবে। মনে রাখবে, তোমাদের পূর্বে কোনো জাতিকে তাকবির-নিয়ামত দান করা হয়নি; তোমাদের দৃঢ়পদ রাখতে ও শক্তি জোগাতে এই নিয়ামত দান করা হয়েছে। এরপর আমি যখন দ্বিতীয় তাকবির দেবো, তোমরাও তাকবির দেবে এবং যুদ্ধ শুরু করার জন্য পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। তারপর আমি তৃতীয় তাকবির দিলে তোমরা দাঁতে দাঁত চেপে অস্ত্র নিয়ে একযোগে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়বে আর মুখে বলবে ‘লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ’।
একের পর এক তাকবিরের ধ্বনিতে কাদেসিয়া প্রান্তরের দিগদিগন্ত মুখরিত হয়ে ওঠে। তৃতীয় তাকবিরের পর গালিব বিন আবদুল্লাহ আসাদি সামনে অগ্রসর হয়ে প্রতিপক্ষকে মল্লযুদ্ধের আহ্বান জানান। তাঁর আহ্বানে পারসিক বাহিনীর হরমুজ নামক জনৈক সেনাপতি অগ্রসর হয়। গালিব তাকে সামান্য সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং তাকে জড়িয়ে ধরে বন্দি করে মুসলিম বাহিনীর সারিতে নিয়ে আসেন।
মুসলিম বাহিনী চতুর্থ তাকবিরের প্রতিক্ষায় থাকতেই পারসিক বাহিনী মুসলিম বাহিনীর মূলকেন্দ্রে আক্রমণ চালায়। বাহিনীর এ অংশে ছিল মুসলিম বাহিনীর সবচেয়ে দক্ষ যোদ্ধা-গোষ্ঠী বনু বাজিলার সদস্যগণ। তাদের পাশেই ছিল বনু কিনদা। এই দুই গোত্রই মুসলিম বাহিনীর এক-চতুর্থাংশের (৫০০০) প্রতিনিধিত্ব করছিল।
পারসিক বাহিনী মুসলিম বাহিনীর ওপর প্রচণ্ড হামলা চালায়। তাদের হাতিগুলোর কারণে মুসলিম বাহিনীর ঘোড়াগুলো ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। বাধ্য হয়ে মুসলিম সৈন্যগণ ঘোড়া হতে নেমে যুদ্ধ করতে শুরু করে। সেনাপতি সাদ রাযি. তার অবস্থানস্থল থেকে বনু আসাদকে বাজিলার গোত্রের প্রতিরক্ষায় অগ্রসর হওয়ার নির্দেশ দেন। তুলাইহা বিন খুওয়াইলিদের গোত্র বনু আসাদের অবস্থান ছিল বাজিলার গোত্রের ডান পার্শ্বে। তাদের সৈন্যসংখ্যা ছিল তিন হাজার। সেনাপতির আদেশে বনু আসাদ যুদ্ধক্ষেত্রে অসাধারণ আনুগত্যের পরিচয় দেয় এবং মুসলিম ভাইদের রক্ষা করার জন্য বীরত্বের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটায়। শত্রুপক্ষকে প্রতিরোধ করতে গিয়ে আরমাছ দিবসে কেবল বনু আসাদেরই পাঁচশ যোদ্ধা শহিদ হয়।
সেনাপতি সাদ রাযি.-এর নির্দেশনা অনুযায়ী তখনও মুসলিম বাহিনীর অন্যান্য অংশ আপন আপন স্থানে স্থির ছিল। এরপর সাদ রাযি. যখন চতুর্থ তাকবির উচ্চারণ করেন, আল্লাহর সৈনিকরা বজ্র নিনাদে তাদের মুসলিম ভাইদের রক্ষায় ঝাঁপিয়ে পড়ে। মুসলিম বাহিনীর একটি অংশ পারসিক বাহিনীর হাতিগুলোর পেটের সঙ্গে বাঁধা বাক্সগুলোর বন্ধনী কেটে ফেলতে সক্ষম হয়। ফলে বাক্সগুলো উল্টে পড়ে যায় এবং বাক্সের মধ্যে অবস্থানরত সৈনিকেরা নিহত হয়।
কাদিসিয়া যুদ্ধের প্রথম দিন যুদ্ধের পাল্লা উভয় দিকে দোদুল্যমান ছিল।
📄 প্রথম দিন: আরমাছ দিবস
রীতি অনুযায়ী পারসিক সেনাপতি রুস্তম মুসলমানদের কাছে বার্তা পাঠায় যে, তোমরা নদী পাড়ি দিয়ে এপারে চলে এসো, নয়তো আমরা ওপারে চলে যাই। মুসলিম বাহিনীর পক্ষ থেকে উত্তর পাঠানো হয়, তোমরাই এপারে চলে এসো।
মুসলিম সেনাপতি সাদ রাযি. তার সৈন্যদেরকে আপন অবস্থানে অটল- অবিচল থাকার নির্দেশ দেন। তিনি ঘোষণা করেন, জোহর নামাজ পর্যন্ত কেউ সামান্য অগ্রসর হয়ো না। জোহর আদায় শেষ হলে আমি একটি তাকবির দেবো। তখন তোমরাও তাকবির দেবে এবং নিজেদের জুতার ফিতা বেঁধে নিয়ে প্রস্তুতি গ্রহণ করবে। মনে রাখবে, তোমাদের পূর্বে কোনো জাতিকে তাকবির-নিয়ামত দান করা হয়নি; তোমাদের দৃঢ়পদ রাখতে ও শক্তি জোগাতে এই নিয়ামত দান করা হয়েছে। এরপর আমি যখন দ্বিতীয় তাকবির দেবো, তোমরাও তাকবির দেবে এবং যুদ্ধ শুরু করার জন্য পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। তারপর আমি তৃতীয় তাকবির দিলে তোমরা দাঁতে দাঁত চেপে অস্ত্র নিয়ে একযোগে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়বে আর মুখে বলবে ‘লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ’।
একের পর এক তাকবিরের ধ্বনিতে কাদেসিয়া প্রান্তরের দিগদিগন্ত মুখরিত হয়ে ওঠে। তৃতীয় তাকবিরের পর গালিব বিন আবদুল্লাহ আসাদি সামনে অগ্রসর হয়ে প্রতিপক্ষকে মল্লযুদ্ধের আহ্বান জানান। তাঁর আহ্বানে পারসিক বাহিনীর হরমুজ নামক জনৈক সেনাপতি অগ্রসর হয়। গালিব তাকে সামান্য সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং তাকে জড়িয়ে ধরে বন্দি করে মুসলিম বাহিনীর সারিতে নিয়ে আসেন।
মুসলিম বাহিনী চতুর্থ তাকবিরের প্রতিক্ষায় থাকতেই পারসিক বাহিনী মুসলিম বাহিনীর মূলকেন্দ্রে আক্রমণ চালায়। বাহিনীর এ অংশে ছিল মুসলিম বাহিনীর সবচেয়ে দক্ষ যোদ্ধা-গোষ্ঠী বনু বাজিলার সদস্যগণ। তাদের পাশেই ছিল বনু কিনদা। এই দুই গোত্রই মুসলিম বাহিনীর এক-চতুর্থাংশের (৫০০০) প্রতিনিধিত্ব করছিল।
পারসিক বাহিনী মুসলিম বাহিনীর ওপর প্রচণ্ড হামলা চালায়। তাদের হাতিগুলোর কারণে মুসলিম বাহিনীর ঘোড়াগুলো ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। বাধ্য হয়ে মুসলিম সৈন্যগণ ঘোড়া হতে নেমে যুদ্ধ করতে শুরু করে। সেনাপতি সাদ রাযি. তার অবস্থানস্থল থেকে বনু আসাদকে বাজিলার গোত্রের প্রতিরক্ষায় অগ্রসর হওয়ার নির্দেশ দেন। তুলাইহা বিন খুওয়াইলিদের গোত্র বনু আসাদের অবস্থান ছিল বাজিলার গোত্রের ডান পার্শ্বে। তাদের সৈন্যসংখ্যা ছিল তিন হাজার। সেনাপতির আদেশে বnu আসাদ যুদ্ধক্ষেত্রে অসাধারণ আনুগত্যের পরিচয় দেয় এবং মুসলিম ভাইদের রক্ষা করার জন্য বীরত্বের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটায়। শত্রুপক্ষকে প্রতিরোধ করতে গিয়ে আরমাছ দিবসে কেবল বনু আসাদেরই পাঁচশ যোদ্ধা শহিদ হয়।
সেনাপতি সাদ রাযি.-এর নির্দেশনা অনুযায়ী তখনও মুসলিম বাহিনীর অন্যান্য অংশ আপন আপন স্থানে স্থির ছিল। এরপর সাদ রাযি. যখন চতুর্থ তাকবির উচ্চারণ করেন, আল্লাহর সৈনিকরা বজ্র নিনাদে তাদের মুসলিম ভাইদের রক্ষায় ঝাঁপিয়ে পড়ে। মুসলিম বাহিনীর একটি অংশ পারসিক বাহিনীর হাতিগুলোর পেটের সঙ্গে বাঁধা বাক্সগুলোর বন্ধনী কেটে ফেলতে সক্ষম হয়। ফলে বাক্সগুলো উল্টে পড়ে যায় এবং বাক্সের মধ্যে অবস্থানরত সৈনিকেরা নিহত হয়।
কাদিসিয়া যুদ্ধের প্রথম দিন যুদ্ধের পাল্লা উভয় দিকে দোদুল্যমান ছিল।