📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 নবীজির ইন্তেকাল, পরম বন্ধুর সান্নিধ্যে গমন

📄 নবীজির ইন্তেকাল, পরম বন্ধুর সান্নিধ্যে গমন


হজ সম্পন্ন করে মদিনায় প্রত্যাবর্তনের দু-মাস পরই নবীজি অসুস্থতা অনুভব করতে থাকেন। মাঝেমধ্যেই তিনি প্রচণ্ড শিরপীড়া অনুভব করতেন এবং বলতেন, আহ! মাথাব্যথা! অসুস্থতার প্রথম দিকে নবীজি প্রচন্ড কষ্ট করে মসজিদে উপস্থিত হতেন এবং নামাজে ইমামতি করতেন। এরপর রোগযন্ত্রণা আরও বৃদ্ধি পেলে নবীজি আবু বকর রাযি.-কে ইমামতি করার নির্দেশ দেন।
ধীরে ধীরে নবীজির রোগযন্ত্রণা বৃদ্ধি পেতে থাকে। অবশেষে উপস্থিত হয় পার্থিব জীবনের শেষ দিন। একাদশ হিজরি সনের ১২ রবিউল আউয়াল (৬৩২ খ্রিষ্টাব্দের জুন মাস) সোমবার। সকলে মসজিদে আবু বকর রাযি.-এর পেছনে ফজর নামাজে দণ্ডায়মান। সবার অগোচরে নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাযি.-এর কামরার পর্দা সরিয়ে সারিবদ্ধ সাহাবিদের দিকে তাকান এবং মৃদু হাসেন। নবীজির উপস্থিতি অনুভব করে আবু বকর রাযি. ইমামের স্থান ছেড়ে পেছনে কাতারের দিকে সরে আসতে উদ্যত হন। তিনি ভেবেছিলেন, নবীজি জামাতে শরিক হতে চাচ্ছেন। আনাস রাযি. বলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে নামাজের মধ্যেই আনন্দিত হয়ে পড়েন। নবীজি হাতের ইশারায় তাদেরকে নামাজ সমাপ্ত করতে বলেন। এরপর নবীজি পর্দা ছেড়ে দিয়ে কামরায় ফিরে যান। নবীজির জীবদ্দশায় এরপর আর কোনো নামাজের ওয়াক্ত আসেনি।
চাশতের সময় নবীজির মৃত্যুযন্ত্রণা শুরু হয়। আম্মাজান আয়েশা রাযি. নবীজিকে তাঁর শরীরের সঙ্গে হেলান দিয়ে শোয়ান। এ সময় আবদুর রহমান বিন আবু বকর রাযি. মিসওয়াক হাতে কামরায় প্রবেশ করেন। আয়েশা রাযি. বর্ণনা করেন-
আমি নবীজিকে (আমার শরীরে) ভর দিয়ে রেখেছিলাম। আমি দেখলাম, তিনি মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন। বুঝতে পারলাম, তিনি মিসওয়াক করতে চাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, মিসওয়াকটি আপনার জন্য নেব? নবীজি মাথা নেড়ে সম্মতি জানালেন। আমি মিসওয়াকটি নবীজির হাতে দিলে তার কাছে মিসওয়াকটি শক্ত মনে হলো। আমি জিজ্ঞেস করলাম, আমি চিবিয়ে নরম করে দেবো? নবীজি মাথা নেড়ে সম্মতি জানালে আমি মিসওয়াকটি চিবিয়ে নরম করে নবীজির হাতে দিলাম। নবীজির সামনে একটি পাত্রে পানি রাখা ছিল। তিনি পানিতে হাত ভিজিয়ে চেহারায় বোলাচ্ছিলেন আর বলছিলেন, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। নিঃসন্দেহে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন! (৪৫)
মিসওয়াক শেষ করেই নবীজি তার আঙুল উত্তোলন করেন এবং ছাদের দিকে তাকান। নবীজির ঠোঁট মোবারক নড়ছিল। আম্মাজান আয়েশা রাযি. কান পেতে শুনতে পান যে, নবীজি বলছেন, 'নবী, সিদ্দিক, শহিদ ও সৎকর্মশীল—যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের সঙ্গে (আমাকে মিলিত করুন)। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়ার আচরণ করুন। আমাকে পরম বন্ধুর সঙ্গে মিলিত করুন। হে আল্লাহ, আমাকে পরম বন্ধুর সঙ্গে মিলিত করুন।'
নবীজি শেষ বাক্যটি তিনবার বলেন। এরপর নবীজির হাত ঝুঁকে পড়ে, তিনি পরম বন্ধুর সঙ্গে মিলিত হন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর আমরা তার কাছেই প্রত্যাবর্তন করব।
ইন্তেকালের সময় প্রিয় নবীজির বয়স ছিল তেষট্টি বছর।

টিকাঃ
৪৫. সহিহ বুখারি, হাদিস নং ৪৪৪৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00