📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 দ্রষ্টব্য: নবীজির আনসারপ্রীতি

📄 দ্রষ্টব্য: নবীজির আনসারপ্রীতি


নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনায়ন যুদ্ধে প্রাপ্ত যুদ্ধলব্ধ সম্পদ মক্কার কুরাইশ সম্প্রদায় ও অন্যান্য নওমুসলিম গোত্রকে বণ্টন করে দিলেন; আনসারদের কিছুই দিলেন না, তখন আনসাররা মন খারাপ করল এবং বলল, আল্লাহ তার রাসুলকে ক্ষমা করুন, তিনি কুরাইশদের দিলেন, আমাদের দিলেন না। অথচ আমাদের তরবারি এখনো তাদের রক্তে রঞ্জিত!
নবীজির কাছে এ সংবাদ পৌঁছলে তিনি আনসারদের সমবেত হতে বললেন। সকলে নির্ধারিত স্থানে সমবেত হলো, সেখানে তারা ব্যতীত অন্য কেউ ছিল না। নবীজি তাদের সামনে দণ্ডায়মান হয়ে প্রথমে আল্লাহ তাআলার যথোপযুক্ত প্রশংসা করলেন। এরপর বললেন, হে আনসারগণ, তোমরা এরূপ মন্তব্য করেছ কি? এটা কি সত্য নয় যে, আমি যখন তোমাদের কাছে উপস্থিত হয়েছি, তখন তোমরা ছিলে পথভ্রষ্ট; অনন্তর আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে পথপ্রদর্শন করেছেন। তোমরা কি পরস্পরে বিচ্ছিন্ন ছিলে না; অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের মাঝে প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছেন। তোমরা কি নিঃস্ব ও পরমুখাপেক্ষী ছিলে না, অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে সচ্ছল জীবন দান করেছেন।
নবীজি যে প্রশ্নই করছিলেন, আনসারি সাহাবিরা উত্তর দিচ্ছিল, অবশ্যই! আমাদের ওপর আল্লাহ ও তার রাসুলের অপার দয়া, অগুনতি অনুগ্রহ। এরপর নবীজি বললেন, হে আনসারগণ, তোমরা কি আমাকে জবাব দেবে না? আনসারগণ বললেন, আল্লাহর রাসুল, আমরা কী জবাব দেবো? যাবতীয় করুণা ও অনুগ্রহ-দান তো আল্লাহ ও তার রাসুলেরই।
নবীজি বললেন, আল্লাহর শপথ! তোমরা চাইলে এ কথা বলতে পার যে, (মক্কাবাসী) আপনাকে অবিশ্বাস করার পর আপনি যখন আমাদের কাছে এসেছিলেন, তখন আমরাই তো আপনাকে সত্যায়ন করেছি। আপনি নিঃসঙ্গ অবস্থায় এসেছিলেন, আমরাই আপনার প্রতি সহায়তার হাত প্রসারিত করেছি। আপনাকে উপেক্ষা করা হয়েছিল, তখন আমরাই আপনাকে আশ্রয় দিয়েছি। আপনি নিঃস্ব ছিলেন, আমরাই আপনার প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছি।
হে আনসারগণ, তোমরা পার্থিব তুচ্ছ কিছু সম্পদের জন্য আল্লাহর রাসুলের প্রতি মনঃক্ষুণ্ণ হয়েছ! আমি তো এ সম্পদ দ্বারা কিছু লোককে ইসলামের প্রতি আকৃষ্ট করতে চেয়েছি, যেন তারা নিষ্ঠাবান মুসলমানে পরিণত হয়। আর তোমাদেরকে তোমাদের (মহাসম্পদ) ইসলামের ওপর সোপর্দ করেছি।
হে আনসাররা, তোমরা কি এতে খুশি নও যে, অন্যরা উট-বকরি নিয়ে বাড়ি ফিরবে আর তোমরা বাড়ি ফিরবে আল্লাহর রাসুলকে সঙ্গে নিয়ে? ওই মহান সত্তার শপথ, যার কুদরতি হাতে আমার প্রাণ! যদি হিজরত না হতো, তবে আমিও একজন আনসার হতাম (আমার জন্ম হতো আনসারদের মধ্যেই)। মনে রেখো, যদি সকল মানুষ এক পথে চলে আর আনসাররা চলে অন্য পথে, তাহলে আমি আনসারদের পথেই চলব। হে আল্লাহ, আপনি আনসারদের রহম করুন, আনসার-সন্তানদের প্রতি দয়ার আচরণ করুন এবং তাদের পরবর্তী প্রজন্মদের প্রতিও দয়া ও করুণা করুন।
নবীজির বক্তব্য শেষ হতে উপস্থিত আনসারি সাহাবিরা কান্নায় ভেঙে পড়ল। অশ্রুতে তাদের মুখমণ্ডল ও দাড়ি সিক্ত হয়ে গেল। তারা সমস্বরে বলল, বণ্টনে আল্লাহ ও তার রাসুলকে পেয়ে আমরা সন্তুষ্ট।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00