📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 ধর্মীয় পরিস্থিতি

📄 ধর্মীয় পরিস্থিতি


হজরত ইবরাহিম আ.-এর মাধ্যমে আরব ভূখণ্ডে একত্ববাদের বিশ্বাস প্রতিষ্ঠা লাভ করার পর থেকে আরবরা একত্ববাদ ও এক আল্লাহয় বিশ্বাসী ছিল। তবে কালের পরিক্রমায় একসময় তাদের মাঝে বহুত্ববাদের উৎপত্তি ঘটে। তাদের মাঝে এই ভ্রান্ত বিশ্বাস আসন গেড়ে বসে যে, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করে অবসর গ্রহণ করেছেন এবং পার্থিব সকল বিষয়ের দায়িত্বভার ছোট ছোট উপাস্যদের হাতে ন্যস্ত করেছেন। মানুষের দৈনন্দিন প্রয়োজন এসব উপাস্যই পূর্ণ করে। সুতরাং নিজেদের প্রয়োজন পূরণে সর্বশ্রেষ্ঠ উপাস্য আল্লাহ তাআলার পরিবর্তে তাদের উপাসনাই বেশি করে করা প্রয়োজন। এজন্য আরবরা কাল্পনিক বিভিন্ন উপাস্যের উপাসনা করত, তাদের নামে নজরানা পেশ করত এবং নিজেদের অভাব-অভিযোগ তাদের কাছেই নিবেদন করত। তারা বলত—
﴿مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِبُونَا إِلَى اللَّهِ زُلْفَى আমরা তাদের উপাসনা কেবল এজন্য করি যে, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। [সুরা যুমার: ০৩]
কালক্রমে তারা কাল্পনিক উপাস্যদের মূর্তি বানিয়ে পূজা করা শুরু করে। ক্রমান্বয়ে অলীক দেবতার পূজা এত ব্যাপক হয়ে পড়ে যে, কোথাও একটি সুন্দর পাথর পাওয়া গেলে তা উঠিয়ে নিয়ে পূজা করা শুরু হতো। কিছুদিন পর আরও সুন্দর কোনো পাথর পাওয়া গেলে আগেরটি ফেলে শুরু হতো 'নতুন উপাস্যে'র বন্দনা।
আমর খুযাই নামক জনৈক ব্যক্তি বনু জুরহামকে পরাস্ত করে কাবার দায়িত্ব গ্রহণ করার পর পবিত্র কাবাঘরের অভ্যন্তরেই মূর্তি স্থাপন করে। এরপর একত্ববাদের প্রতীক কাবাঘরেই শুরু হয় মূর্তিপূজার অনাচার।
মূর্তিপূজার পাশাপাশি আরবসমাজে ছিল নানা ধরনের অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ছড়াছড়ি। বিভিন্ন দিনকে শুভ-অশুভ গণ্য করা, বিশেষ ধরনের পশুকে সম্মানিত ও হারাম মনে করা, গণক ও জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণীকে বিশ্বাস করে তাদের নির্দেশে দেবতার সামনে ভোগ পেশ করা ইত্যাদি কুসংস্কার আরবসমাজে ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল।
সারকথা, নৈতিক-সামাজিক ও ধর্মীয় বিচারে আরব উপদ্বীপ তখন অবক্ষয়ের সর্বনিম্ন স্তরে উপনীত হয়েছিল এবং চূড়ান্ত পতনের প্রহর গুনছিল।

ইসলামের আবির্ভাবের পূর্বে আরব উপদ্বীপের ধর্মীয় পরিস্থিতি ছিল মিশ্র। অধিকাংশ আরব পৌত্তলিক ছিল। তারা বিভিন্ন দেব-দেবীর পূজা করত। তাদের প্রধান দেব-দেবী ছিল লাত, মানাত ও উযযা। কাবা শরিফে ৩৬০টি মূর্তি ছিল।
আরব উপদ্বীপে কিছু ইহুদি ও খ্রিস্টানও বসবাস করত। ইহুদিরা মদিনা ও ইয়ামেনের কিছু এলাকায় বসবাস করত। খ্রিস্টানরা নাজরান ও শামের কিছু এলাকায় বসবাস করত।
আরব উপদ্বীপে কিছু হানিফও ছিল। তারা এক আল্লাহর উপাসনা করত এবং পৌত্তলিকতার বিরোধিতা করত। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ আবদুল মুত্তালিব ও তার চাচা আবু তালিব হানিফ ছিলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00