📄 প্রাচীন কালে আরব
প্রাচীন আরবদের কোনো কোনো সম্প্রদায় জ্ঞানবিজ্ঞান, অর্থসম্পদ, প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতার মানদণ্ডে অত্যুচ্চ অবস্থানে উন্নীত হয়েছিল। কিন্তু ক্ষমতার প্রচণ্ড অহমিকায় অন্ধ হয়ে যখন তারা মহান আল্লাহর বিরুদ্ধাচরণ শুরু করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন এবং তারা কালের গর্ভে এমনভাবে হারিয়ে যায়, যেন কোনোদিন তাদের অস্তিত্বই ছিল না।
ঐতিহাসিক বিবেচনায় আরবজাতিকে তিন ভাগে ভাগ করা যায়।
১. আল-আরাবুল বায়িদা বা প্রাচীনতম আরব। বনু কাহতানের বহু পূর্বেই তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে।
আদ, ছামুদ, তস্ম, আমালিক প্রভৃতি ইতিহাসখ্যাত গোত্র আল-আরাবুল বায়িদার অন্তর্ভুক্ত। পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে আদ ও ছামুদ জাতির উল্লেখ আছে। হজরত নুহ আ.-এর অব্যবহিত পরেই ছিল আদ ও ছামুদ জাতির রাজত্ব ও ধ্বংসকাল।
২. আল-আরাবুল আ'রিবা। বনু কাহতান নামেও পরিচিত। ইয়ামেন ও তৎপার্শ্ববর্তী অঞ্চলসমূহে দীর্ঘকাল বনু কাহতানের আধিপত্য ছিল।
৩. আল-আরাবুল মুসতা'রিবা। হজরত ইসমাইল আ.-এর বংশধর। তাদেরকে বনু ইসমাইল ও বনু আদনানও বলা হয়। হিজায ও তৎপার্শ্ববর্তী অঞ্চলজুড়ে ছিল আল-আরাবুল মুসতা'রিবার বসবাস।
ইসলামের আবির্ভাবের পূর্বে বনু কাহতান এবং বনু ইসমাইলই ছিল আরবের মূল অধিবাসী। অবশ্য বিক্ষিপ্তভাবে কিছু ইহুদিও আরব উপদ্বীপে বসবাস করত।
আওস, খাযরাজ, খুযাআ, গাসসান, দাওস, লাখম, তাই, জুহায়না, কাল্ব, আসলাম, তাগলিব ইত্যাদি গোত্র ছিল বনু কাহতানের শাখা। অপরদিকে কুরাইশ, হুযায়ল, কিনানা, মুযায়না, তামিম, আদি, সালাবা, গাতফান, হাওয়াযিন, সুলায়ম, আবস, যুবইয়ান, ছাকিফ, বনু হিলাল প্রভৃতি ছিল বনু ইসমাইলের শাখা। আরবে বসবাসকারী ইহুদিদের প্রসিদ্ধ শাখা ছিল বনু কায়নুকা, বনু নযির, বনু কুরায়যা ইত্যাদি।
বনু কাহতান ও বনু ইসমাইল ইসলামপূর্ব বিভিন্ন যুগে আরবের বিভিন্ন অঞ্চলে সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করেছিল। এসব রাষ্ট্রের মধ্যে উল্লেখযোগ্য হলো সাবায়ি রাজ্য (যা পরবর্তী সময়ে হিময়ারি রাজ্য নামেও প্রসিদ্ধি লাভ করে), মায়িনি, নাবিতি, লাখমি, গাসসানি ও কিন্দি রাজ্য।
প্রাচীনকালে আরব উপদ্বীপ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। প্রতিটি গোত্রের নিজস্ব শাসক ও আইন ছিল। গোত্রগুলোর মধ্যে প্রায়ই যুদ্ধ-বিগ্রহ লেগে থাকত।
আরব উপদ্বীপের প্রধান গোত্রগুলো হলো আদ, ছামুদ, বনু ইসরাইল, বনু কাহতান ও বনু আদনান।
প্রাচীনকালে আরবরা পৌত্তলিক ছিল। তারা বিভিন্ন দেব-দেবীর পূজা করত। তাদের প্রধান দেব-দেবী ছিল লাত, মানাত ও উযযা।
প্রাচীনকালে আরবরা ব্যবসা-বাণিজ্য, পশুপালন ও কৃষিকাজ করত। তারা কবিতা ও সাহিত্যচর্চায়ও পারদর্শী ছিল।