📘 ইসলামের ইতিহাসে যুদ্ধ নববী যুগ থেকে বর্তমান 📄 মানজিকার্টের যুদ্ধ

📄 মানজিকার্টের যুদ্ধ


মানজিকার্টের যুদ্ধ BATTLE OF MALAZGIRT
তারিখ: ৪৬৩ হিজরি / ১০৭১ খ্রি.
স্থান: মানজিকার্ট, তুরস্ক
ফলাফল: মুসলিম বাহিনীর বিজয়
পক্ষ-বিপক্ষ: সেলজুক সাম্রাজ্য বনাম বাইজান্টাইন সাম্রাজ্য
সেনাপ্রধান: আলপ আরসালান বনাম সম্রাট রোমানোস
সেনাসংখ্যা: ১৫ হাজার বনাম ২ লক্ষ

মানজিকার্টের যুদ্ধ সেলজুক সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম প্রধান যুদ্ধ। ১০৭১ খ্রিস্টাব্দের আগস্ট মাসে সুলতান আলপ আরসালানের[১] নেতৃত্বে মুসলমানরা বাইজান্টাইনদের বিরুদ্ধে গৌরবময় বিজয় লাভ করে।

পটভূমি
সেলজুক সুলতান তুগ্রিল বেগের পর তাঁর ভাতিজা আলপ আরসালান ক্ষমতা গ্রহণ করেন। তাঁর বীরত্ব ও রণকৌশল রোমানদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। বাইজান্টাইন সম্রাট রোমানোস ২ লক্ষ সৈন্য নিয়ে সেলজুক রাজধানী রায় দখল করার উদ্দেশ্যে রওনা হন। আলপ আরসালান তখন ফাতেমিদের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত থাকলেও খবর পাওয়া মাত্রই দ্রুত ফিরে আসেন।

শক্তির দম্ভ ও রণকৌশল
রোমানোসের বাহিনী বিশাল হওয়ায় সে অত্যন্ত অহংকারী ছিল। আলপ আরসালান সন্ধির প্রস্তাব দিলেও সম্রাট তা প্রত্যাখ্যান করেন। সেলজুক সুলতানের সাথে ছিল মাত্র ১৫ থেকে ২০ হাজার সৈন্য। যুদ্ধের আগে সুলতান সাদা কাপড় পরে ঘোষণা করেন— 'যদি আমি শহিদ হই, তবে এটাই আমার কাফন হবে।'

মানজিকার্টের ময়দানে
যুদ্ধ শুরু হলে সেলজুক সেনারা 'হিত এন্ড রান' (Hit and Run) কৌশল অবলম্বন করে পিছু হটতে শুরু করে। রোমানোস ভাবল মুসলমানরা পালাচ্ছে, তাই সে আরও ভেতরে ঢুকে যায়। এক পর্যায়ে সেলজুকরা চারদিক থেকে রোমান বাহিনীকে ঘিরে ফেলে। বিশৃঙ্খলা দেখা দিলে বাইজান্টাইনরা শোচনীয়ভাবে পরাজিত হয় এবং সম্রাট রোমানোস সয়ং বন্দি হন।

রোমানোসের মুক্তি ও ফলাফল
সুলতান আলপ আরসালান সম্রাটকে হত্যা না করে তাঁর সাথে সন্ধি করেন এবং মুক্তিপণের বিনিময়ে তাঁকে ছেড়ে দেন। এই বিজয়ের ফলে আনাতোলিয়ার (বর্তমান তুরস্ক) দরজা তুর্কিদের জন্য চিরতরে খুলে যায়। এটিই ছিল ভবিষ্যতে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ভিত্তি। সুলতান আরসালান মাত্র ২১ বছর বয়সে এই অবিশ্বাস্য বিজয় অর্জন করে ইতিহাসে অমর হয়ে থাকেন।

টিকাঃ
[১] আলপ আরসালান (১০২৯-১০৭২ খ্রি.)। সেলজুক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান। তাঁর নামের অর্থ 'সিংহযোদ্ধা'।
[১] আল-কামিল ফিত-তারিখ, ৮/৩৮৮— রোমানোসের সেনা সংখ্যা ছিল দুই লক্ষ।
[২] মানজিকার্ট: তুরস্কের অন্তর্গত একটি শহর, যা বর্তমানে 'মালাজগির্ত' নামে পরিচিত।

ফন্ট সাইজ
15px
17px