📄 খ. দায়িত্বে আবশ্যক গুণাগুণে বিশেষিত অনুপস্থিত বস্তু বিক্রি
এরূপ বস্তু দুই প্রকার : এক : বস্তুটি নির্দিষ্ট, দুই : বস্তুটি অনির্দিষ্ট। উক্ত দ্বিতীয় প্রকার বস্তু এবং সালামের মধ্যে পার্থক্য হলো, সালামের ক্ষেত্রে পণ্য হস্তান্তরে বিলম্ব করা শর্ত করা হয় আর দায়িত্বে আবশ্যক বিশেষিত বস্তু বিক্রি কখনো নগদও হয়ে থাকে।
শাফেয়ী ফকীহগণ দায়িত্বে আবশ্যক বিশেষিত অনুপস্থিত বস্তুতে সালাম শব্দ ব্যবহার করে বা বিক্রি শব্দ ব্যবহার করে চুক্তি করার ক্ষেত্রে পার্থক্য করেছেন। যদি সালাম শব্দ ব্যবহার করে চুক্তি করা হয় তাহলে বৈঠক থেকে পৃথক হওয়ার পূর্বে মূল্য হস্তান্তর করা শর্ত। পক্ষান্তরে যদি বিক্রি শব্দ ব্যবহার করে চুক্তি সম্পন্ন হয় তাহলে শব্দের দিক বিবেচনা করে বৈঠকে মূল্য হস্তান্তর করা শর্ত নয়।
টিকাঃ
৯. আল মুগনী, খ. ৩, পৃ. ৫৮৩; আশ শারকাভী আলাত তাহরীর, খ. ২, পৃ. ১৬
📄 গ. عَقْدُ الْإِجَارَةِ : ইজারা চুক্তি
ইজারা হলো : هِيَ بَيْعُ الْمَنْفَعَةِ الْمَعْلُومَةِ فِي مُقَابِل عوض مَعْلُوم "নির্দিষ্ট বিনিময়ের বিপরীতে নির্দিষ্ট মুনাফা বিক্রি করা।"
টিকাঃ
১০. মাজাল্লাতুল আহকাম আল আদলিয়্যা, ধারা: ৪০৫
📄 ঘ. الاسْتِصْنَاعُ : পণ্য তৈরির ফরমায়েশ
এর সংজ্ঞা হচ্ছে : عَقْدُ مُقَاوَلَةٍ مَعَ أَهْلِ الصَّنْعَةِ عَلَى أَنْ يَعْمَل শাইয়ান "শিল্প দক্ষ ব্যক্তি/প্রতিষ্ঠানের সাথে এই মর্মে ঠিকাদারি চুক্তি করা যে, সে কোনো কিছু তৈরি করে দেবে।"
টিকাঃ
১১. মাজাল্লাতুল আহকাম আল আদলিয়্যা, ধারা: ১২৪
📄 সালামের বৈধতা
কুরআন, সুন্নাহ এবং ইজমার আলোকে সালাম চুক্তির বৈধতা প্রমাণিত হয়েছে।
ক. পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنِ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتুবোহু "হে মুমিনগণ! যখন তোমরা নির্দিষ্ট মেয়াদে বাকিতে লেনদেন কর তখন তোমরা তা লিখে নাও।” এ আয়াতের তাফসীর প্রসঙ্গে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন: "আমি সাক্ষ্য প্রদান করছি যে, মহান আল্লাহ নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বাকি ঋণ স্বীয় কিতাবের মধ্যে বৈধ ঘোষণা করেছেন এবং এ বিষয়টি অনুমোদন করেছেন।" আয়াতের এ বক্তব্য সালামকেও অন্তর্ভুক্ত করে।
খ. সুন্নাহ: ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সা. যখন মদিনায় আগমন করলেন তখন লোকেরা দুই তিন বছর মেয়াদে খেজুর বাকিতে বিক্রি করত। রাসূলুল্লাহ সা. বললেন: "যে বাকিতে খেজুর বিক্রি করবে সে যেন নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট পরিমাণে ও পরিমাপে বাকিতে বিক্রি করে"। হযরত আব্দুর রহমান বিন আবযা এবং আব্দুল্লাহ ইবনে আবী আওফা রা. বলেন, আমরা নির্দিষ্ট মেয়াদে গমের সালাম করতাম।
গ. ইজমা: ইবনুল মুনযির রহ. বলেন, আমাদের পরিচিত প্রতিটি আলেম যাদের আমরা অগাধ ইলমের অধিকারী বলে জানি, তারা সকলে একমত পোষণ করেছেন যে, সালাম বিক্রয় বৈধ।
টিকাঃ
১২. সূরা বাকারা, আয়াত: ২৮২
১৩. ইবনে আব্বাস রা.-এর বর্ণনা, ইমাম শাফেয়ী কর্তৃক স্বীয় মুসনাদে, খ. ২, পৃ. ১৭১; আল হাকেম (খ. ২, পৃ. ২৮৬)
১৪. ইবনুল আরাবী রচিত আহকামুল কুরআন, খ. ১, পৃ. ২৪৭
১৫. হাদীসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে (ফাতহুল বারী, খ. ৪, পৃ. ৪২৯), মুসলিম, খ. ৩, পৃ. ১২২৭
১৬. ইবনে কুদামা রচিত আল মুগনী, খ. ৪, পৃ. ৩০৪
১৭. আল মুগনী, খ. ৪, পৃ. ৩০৪