📄 ইজারার পণ্য হস্তান্তর করা
ইজারাদাতার কর্তব্য হলো, ইজারার পণ্য দ্বারা ইজারাগ্রহীতাকে উপকার গ্রহণের ব্যবস্থা করে দেওয়া এবং তা যেন ইজারার নির্ধারিত মেয়াদ কিংবা নির্ধারিত দূরত্ব অতিক্রম পর্যন্ত বহাল থাকে তা নিশ্চিত করা। তদ্রূপ ব্যবসায়িক প্রচলিত রীতি অনুযায়ী পূর্ণ উপকার লাভের জন্য ইজারার পণ্যের সঙ্গে অপরিহার্য যন্ত্রাংশ/দ্রব্যাদি হস্তান্তর করাও ইজারাদাতার কর্তব্য।
যেহেতু ইজারার উদ্দেশ্য হলো তা থেকে উপকার লাভ করা, তাই মেয়াদের মধ্যে যদি ভাড়াটের কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই ইজারাকৃত পণ্যের মধ্যে এমন কোনো ত্রুটি দেখা দেয়— যার ফলে ভাড়াকৃত পণ্য থেকে উপকার লাভ সম্ভব না হয়, তবে সেই ত্রুটি দূর করে দেয়া ইজারাদাতার কর্তব্য। যেমন কোনো বাড়ি ভাড়া দিলে তাতে ভাড়াটের বসবাসে যদি কোনো অসুবিধা ঘটে তবে সেই ত্রুটি দূর করে দেয়া ইজারাদাতা মালিকের দায়িত্ব।
কোনো কাজের ইজারার ক্ষেত্রে ইজারাগ্রহীতা সেবাপ্রাপ্তিকে ভাড়া করে, এক্ষেত্রে নির্দিষ্ট কাজ সম্পন্ন করে দেয়াই হলো উপকার হস্তান্তর করা। সেই কাজটি যদি কোনো জিনিস বা যন্ত্রের সাথে সংশ্লিষ্ট থাকে এবং যে কাজ করবে জিনিসটি তার কাছে হস্তান্তর করা হয়, সে সাধারণ শ্রমদাতা হয়, তবে কাজ সম্পন্ন হওয়ার পর কর্মীর দায়িত্ব হবে সেই জিনিসটি ইজারাগ্রহীতার কাছে ফিরিয়ে দেওয়া।
📄 ইজারার পণ্য ছিনতাই হলে এর ক্ষতিপূরণ
অধিকাংশ ফকীহের অভিমত হলো, কোনো নির্দিষ্ট জিনিসের ভাড়ার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হওয়ার পর ইজারার পণ্য ছিনতাই হয়ে গেলে ইজারাগ্রহীতার অধিকার রয়েছে, ইচ্ছা করলে চুক্তি বাতিল করতে পারে; নয় তো সে এতটুকু সময় অপেক্ষা করতে পারে যে সময়টুকুর মধ্যে পণ্যের মালিক ছিনতাইকারীর কাছ থেকে পণ্যটি উদ্ধার করতে পারবে এবং সে সময়টুকুর জন্যে তাকে কোনো ভাড়া আদায় করতে হবে না। যদি নির্দিষ্ট কোনো বস্তুর ইজারাচুক্তি সম্পাদিত না হয়ে থাকে, এমন জিনিস ইজারাগ্রহীতা ইজারা করেছে যা তার দায়িত্বের মধ্যেই রয়েছে, তাহলে ইজারাগ্রহীতা কিংবা ভাড়াটের পক্ষে ইজারা কিংবা ভাড়াচুক্তি বাতিল করার অধিকার থাকবে না; তবে ইজারাদাতার কর্তব্য হবে ভাড়াটেকে পূর্বের পণ্যের বিকল্প পণ্য হস্তান্তর করা।
হানাফীদের মধ্যে ফকীহ কাজীখান বলেন, ইজারার পণ্য ছিনতাই হয়ে যাওয়ার কারণে ইজারাচুক্তি ভন্ডুল হয়ে যায় না। কিন্তু হিদায়ার গ্রন্থকার বলেন, ইজারার পণ্য ছিনতাই হলে চুক্তি ভেঙ্গে যাবে, ফলে ভাড়াও মূলতবি হয়ে যাবে। কেননা, ইজারার জন্যে সাব্যস্তকৃত পণ্য হস্তান্তর করার অর্থ উপকার হস্তান্তর করা। যদি ছিনতাইয়ের কারণে ইজারাকৃত পণ্য থেকে উপকার লাভ করা সম্ভব না হয়, তাহলে আর পণ্য হস্তান্তর অক্ষুণ্ণ থাকে না। হ্যাঁ, ছিনতাই হওয়ার পরও যদি পণ্য থেকে ইজারাগ্রহীতার উপকার ভোগের সুযোগ থাকে তবে ইজারার মূল্য পরিশোধ করতে হবে।
📄 ইজারা পণ্যের ত্রুটির ক্ষতিপূরণ
ক্রয়বিক্রয়ের মতো ইজারার ক্ষেত্রেও ত্রুটিজনিত অধিকার (খিয়ারুল আইব) রয়েছে। যে ত্রুটি ইজারাকৃত পণ্য থেকে উপকার লাভের ক্ষেত্রে ঘাটতি সৃষ্টি করে সেটি ত্রুটিজনিত গ্রহণ-প্রত্যাখ্যানের কারণ হয়। ত্রুটি অনির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে হতে পারে, শুধু দ্রব্যের গুণ বর্ণনা করা হয়েছিল, কিন্তু বাস্তবে দ্রব্যের মধ্যে সেই গুণ মোটেও ছিল না। এমনটিও হতে পারে, চুক্তি সম্পাদিত হওয়ার পর উপকার লাভের আগেই কোনো ত্রুটি দেখা গেল, এসব অবস্থাতেই ইজারাগ্রহীতার ত্রুটিজনিত এখতিয়ার থাকবে, সে ইচ্ছা করলে চুক্তি প্রত্যাখ্যান করবে কিংবা পূর্ণ ভাড়া পরিশোধ করে ত্রুটিসহ সেই পণ্য দিয়েই উপকার লাভ করবে।
📄 ইজারাগ্রহীতার দায়িত্ব
ইজারাগ্রহীতার প্রধান দায়িত্ব হলো ইজারার মূল্য বা ভাড়া পরিশোধ করা এবং ইজারাকৃত পণ্যটি এমনভাবে ব্যবহার করা যাতে এর কোনো ক্ষয়ক্ষতি না হয়। এর বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হলো।