📄 ধারকৃত বস্তুর জামানত
বন্ধকের জন্য ধারকৃত বস্তুর জামানত এবং কে এর জামানত দেবে, সে বিষয়ে ফকীহবৃন্দ মতবিরোধ করেছেন। শাফেয়ী ও হাম্বলীগণের অভিমত হলো, যা মালেকীদের কথারও সারমর্ম: বন্ধকের জন্য ধারকৃত বস্তুর ক্ষেত্রে আসল হলো জামানত (যা আমানতের বিপরীত)। এরপর শাফেয়ীগণ বলেছেন, যদি বন্ধক হিসাবে দেওয়ার পূর্বেই ধারগ্রহণকারী ব্যক্তির হাতে তা বিনষ্ট হয়ে যায় তবে সে-ই এর ক্ষতিপূরণ দেবে। কেননা সে হলো ধারগ্রহণকারী। আর ধার হলো ক্ষতিপূরণযোগ্য বিষয়। আর যদি তা বন্ধকগ্রহীতা হস্তগত করার পর কোনোরূপ স্বেচ্ছাচারিতা বা বাড়াবাড়ি ছাড়াই বিনষ্ট হয়ে যায় তাহলে তাদের কাউকেই জামানত দিতে হবে না।
হানাফীগণ বলেন: বন্ধক রাখার জন্য ধারগ্রহণকারীর কব্জা ও নিয়ন্ত্রণ হলো আমানতের কব্জা ও নিয়ন্ত্রণ। সুতরাং বন্ধকের জন্য ধারকৃত বস্তুটি যদি বন্ধক দেওয়ার পর বা বন্ধক ছুটানোর পর বিনষ্ট হয়ে যায় তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে না। যদিও সে এটা পূর্ব থেকেই ব্যবহার করে এবং বন্ধকী জন্তুতে আরোহণ করে থাকে। কেননা সে হলো এমন আমানতদার যে আমানতের বিপরীত করেছে, এরপর আবার পথে ফিরে এসেছে। আর বন্ধকগ্রহীতার কব্জা ও কর্তৃত্ব হলো জামানতের কর্তৃত্ব। সুতরাং যখন তার হাতে বন্ধক হিসাবে গৃহীত বস্তুটি বিনষ্ট হয়ে যাবে তখন তার পাওনা পরিপূর্ণ হয়ে যাবে। আর ধারগ্রহণকারীর উপর ধারদাতার জন্য ঋণের অনুরূপ দেওয়া আবশ্যক হয়ে যাবে।
টিকাঃ
২৯. নিহায়াতুল মুহতাজ, খ. ৪, পৃ. ২৪৫; আসনাল মাতালিব, খ. ২, পৃ. ২৪৯; হাশিয়া দুসুক্বী, খ. ৩, পৃ. ২৩৯ ও জাওয়াহিরুল ইকলীল, খ. ২, পৃ. ৭৯
৩০. হাশিয়া ইবনে আবিদীন, খ. ৫, পৃ. ৩৩১; হাশিয়া তাহতাভী, খ. ৪, পৃ. ২৫০
📄 বন্ধকের আবশ্যকতা
বন্ধক আবশ্যক হওয়া নিয়ে ফকীহগণ মতানৈক্য করেছেন: হানাফী, শাফেয়ী ও হাম্বলী মাযহাবের ফকীহদের অভিমত হলো, হস্তগত করা বা করানো ব্যতীত বন্ধকচুক্তি আবশ্যক হয় না। বস্তুত বন্ধক হলো একটি জায়েয বিষয়, (অপরিহার্য কোনো বিষয় নয়।) তাই বন্ধকদাতা হস্তগতকরণের পূর্বে বন্ধকচুক্তি থেকে সরে আসা জায়েয। কজা ব্যতীত আবশ্যক না হওয়ার দলিল হচ্ছে আল্লাহ তাআলার ইরশাদ: 'হস্তান্তরকৃত বন্ধক।' সুতরাং যদি কজা বা হস্তগতকরণ ব্যতীত বন্ধক আবশ্যক হয়ে যায় তাহলে আয়াতে 'মাকবুদাহ' বলে শর্তযুক্ত করার কোনো অর্থ থাকে না।
মালেকী ফকীহগণ বলেন: কেবলমাত্র আকদ বা চুক্তির দ্বারাই এটি আবশ্যক হয়ে যায়। এরপর বন্ধকদাতাকে বন্ধকগ্রহীতার নিকট বন্ধকী-জিনিস অর্পণ করতে বাধ্য করা হবে। কেননা এটা এমন চুক্তি যা কজা করা ছাড়াই আবশ্যক হয়ে যায়। সুতরাং বেচাকেনার মতো হস্তগত করার পূর্বেই বন্ধকী চুক্তি আবশ্যক হয়ে যাবে।
টিকাঃ
৩১. সূরা বাকারা, আয়াত- ২৮৩
৩২. আসনাল মাতালিব, খ. ২, পৃ. ১৫৫ নিহায়াতুল মুহতাজ, খ. ৪, পৃ. ২৫৩; আল-মুগনী, খ. ৪, পৃ. ৩৬৪; হাশিয়া ইবনে আবিদীন, খ. ৫, পৃ. ৩০৮
৩৩. আল-মুগনী, খ. ৪, পৃ. ৩৬৪
৩৪. বিদায়াতুল মুজতাহিদ, খ. ২, পৃ. ২৪৫; হাশিয়াতুল বুনানী আলা শারহিয যুরক্বানী, খ. ৫, পৃ. ২৩৩
📄 সম্পদটি যার কজায় তার কাছেই বন্ধক দেওয়া
যদি বন্ধকী জিনিস বন্ধকগ্রহীতার হাতে ধার বা আমানত অথবা ছিনতাইকৃতরূপে থাকে এবং বন্ধকদাতা সেটাকে তার কাছেই বন্ধক রাখে, তাহলে ফকীহ সমাজের সর্বসম্মতিক্রমে ঐ বন্ধক রাখা সহীহ হবে। যেহেতু সেটি বন্ধকদাতার সম্পদ তাই সেটি সে যেমন নিতে পারে, বন্ধকও রাখতে পারবে, যার কাছেই হোক। এসকল ক্ষেত্রে অতিরিক্ত কোনো বিষয় ব্যতীত কেবল চুক্তির দ্বারাই বন্ধক আবশ্যক হয়ে যাবে। হানাফী ও হাম্বলী ফকীহগণ এই অভিমত ব্যক্ত করেছেন।
শাফেয়ীগণ বলেন: এখানে হস্তগত করিয়ে দেওয়া বা হস্তগত করার অনুমতি দেওয়া শর্ত—যদি বন্ধকী জিনিস উপস্থিত থাকে। আর যদি বন্ধকী-জিনিস চুক্তির মজলিসে উপস্থিত না থাকে তাহলে হস্তগত করার অনুমতি প্রদানের সাথে সাথে এতটুকু পরিমাণ সময় অতিবাহিত হওয়াও শর্ত—যেসময়ে তা হস্তগত করা সম্ভব।
সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের অভিমত অনুসারে নতুন করে কব্জা বা হস্তগত করার প্রয়োজন না থাকায় যদি তা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে বন্ধক রাখার কারণে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি রহিত হয়ে যাবে। শাফেয়ীগণ বলেন: ছিনতাইকারী বন্ধকগ্রহীতা বা ধারগ্রহণকারী যেই হোক, সে ক্ষতিপূরণ দেওয়া থেকে মুক্ত হবে না। যদিও বন্ধকচুক্তি আবশ্যক হয়ে যায়।
টিকাঃ
৩৫. আল-মুগনী, খ. ৪, পৃ. ৩৭০; হাশিয়া দুসূকী, খ. ৩, পৃ. ২৩৬; হাশিয়াতুত তাহতাভী, খ. ৪, পৃ. ২৩৫; আসনাল মাতালিব, খ. ২, পৃ. ১৫৫; নিহায়াতুল মুহতাজ, খ. ৪, পৃ. ২৫০
৩৬. প্রাগুক্ত।
৩৭. আসনাল মাতালিব, খ. ২, পৃ. ১৫৫; নিহায়াতুল মুহতাজ, খ. ৪, পৃ. ২৫৫
৩৮. আল-মুগনী, খ. ৪, পৃ. ৩৭১; হাশিয়া দুসূকী, খ. ৩, পৃ. ২৩৬; হাশিয়াতুত তাহতাভী, খ. ৪, পৃ. ২৩৫
৩৯. নিহায়াতুল মুহতাজ, খ. ৪, পৃ. ২৫৫; রওযাতুত তালিবীন, খ. ৪, পৃ. ৬৮; আসনাল মাতালিব, খ. ২, পৃ. ১৫৬
📄 বন্ধকীবস্তুতে আধিক্য ও তার বৃদ্ধি
এ কথায় ফকীহ সমাজে কোনো মতবিরোধ নেই যে, বন্ধকীবস্তুর সত্তাগত বৃদ্ধি—যেমন গাছ মোটা হওয়া বা বড় হওয়া ইত্যাদি—তার মূলের অনুগামী হবে। তবে বন্ধকীবস্তুর বৃদ্ধি অসত্তাগত হলে তার বিধানে ফকীহগণ মতবিরোধ করেছেন:
শাফেয়ীদের অভিমত হলো: যে বৃদ্ধি বা আধিক্য তার সকল প্রকার সহ আলাদাভাবে হয় তাতে বন্ধক চলবে না। হানাফীগণ বলেন: বন্ধকীবস্তুর বৃদ্ধি যেমন—সন্তান, ফল, দুধ, পশম ইত্যাদি তার মূল বস্তুর সাথে বন্ধক থাকবে। তবে যা উপকারের বিনিময় হয় তা ব্যতীত, যেমন—ভাড়া, পারিশ্রমিক, সাদাকা, হিবা। মালেকীগণ বলেন: যে বন্ধকী জিনিস থেকে বংশবৃদ্ধি হয় কিংবা তার ফল বের হয়, যেমন সন্তান—তাতে বন্ধক চলবে। আর এর বাইরে যা অতিরিক্ত, তাতে বন্ধক চলবে না। হাম্বলীগণের অভিমত হলো, নির্দিষ্ট বন্ধকী জিনিসে পৃথকভাবে যা অতিরিক্ত হবে তা মূল জিনিসের মতোই বন্ধক বলে গণ্য হবে। এক্ষেত্রে বংশ বিস্তার ও প্রজনন যেমন সন্তান ও শাবক এবং অন্য জিনিসের মাঝে যেমন: পারিশ্রমিক, ফলফলাদি, দুধ, পশম ইত্যাদিতে কোনো পার্থক্য নেই।