📄 দুই. মালিক বা কর্মীর ব্যবসায়িক যোগ্যতা হারানো কিংবা অসম্পূর্ণতা
কখনো মালিকের বা কর্মীর যোগ্যতাতে বাধার সৃষ্টি হয়, তার স্বাভাবিক জ্ঞান- বুদ্ধিতে ত্রুটি অথবা বিলুপ্তি প্রকাশিত হয়। ফলে মুদারাবা বাতিল হওয়ার পরিস্থিতির পর্যন্ত উদ্ভব ঘটে। নিম্নে সেসব বাধা নিয়ে আলোচনা করা হলো:
📄 ক. পাগলামি ও অপ্রকৃতিস্থতা (الْجُنُونُ)
সকল ফকীহ এ কথায় একমত, যদি দুজনের কোনো একজন বদ্ধ উন্মাদ হয়ে যায় তাহলে তার দরুন মুদারাবা বাতিল হয়ে যাবে।
টিকাঃ
১৮৪. বাদায়েউস সানায়ে', খ. ৬, পৃ. ১১২; নিহায়াতুল মুহতাজ, খ. ৫, পৃ. ২৩৭; কাশশাফুল কিনা', খ. ৩, পৃ. ৫২২
📄 খ. বেহুঁশ হওয়া (الْإِغْمَاءُ)
শাফেয়ী মাযহাবের আলেমগণ বলেন, মুদারাবা বাতিল হওয়ার অন্যতম কারণ হচ্ছে দুপক্ষের কোনো একজন বেহুঁশ হয়ে যাওয়া। তারা বলেন, যেমন পাগল ও অপ্রকৃতিস্থ হলে দুপক্ষের যে-ই হোক, মুদারাবা বাতিল হয় এবং দুপক্ষের কোনো একজন মারা গেলে তা বাতিল হয়, তেমনি কেউ বেহুঁশ হলেও মুদারাবা বাতিল হয়ে যাবে।
টিকাঃ
১৮৫. মুগনিল মুহতাজ, খ. ২, পৃ. ৩১৯
📄 গ. কার্যক্রম নিষিদ্ধ হওয়া (الْحَجْرُ)
হানাফী ও হাম্বলী মাযহাবের ফকীহগণ বলেন, পুঁজিদাতা ও কর্মী এ দুজনের কোনো একজনের কার্যক্রমে বিচারক কর্তৃক নিষেধাজ্ঞা জারি হলে মুদারাবা বাতিল হয়ে যাবে। হাম্বলী আলেমগণ এক্ষেত্রে আরো বলেন, দুজনের কোনো একজনের যদি মনে সন্দেহ জাগে, মুদারাবাতে লেনদেন সুন্দর পরিপাটিভাবে হচ্ছে না, তাহলেও মুদারাবা বাতিল ও রহিত হয়ে যাবে।
টিকাঃ
১৮৬. আদ দুররুল মুখতার, খ. ৪, পৃ. ৪৮৯; কাশশাফুল কিনা', খ. ৩, পৃ. ৫২২