📄 মুদারাবা বাতিল হয়ে যাওয়া
মুদারাবা বাতিল হয় যে সব কারণে সেগুলো আলোচনা করা হচ্ছে:
📄 এক. পুঁজির মালিক বা কর্মীর মৃত্যু
হানাফী, শাফেয়ী ও হাম্বলী আলেমদের অভিমত, পুঁজির মালিক বা কর্মীর মৃত্যু হলে মুদারাবা বাতিল হয়ে যায়। কারণ, মুদারাবা হচ্ছে প্রতিনিধি নির্ধারণতুল্য অথবা তাতে প্রতিনিধি নির্ধারণ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিনিধি নির্ধারণের (الْوَكَلَةُ) ক্ষেত্রে মূল ব্যক্তি, যে প্রতিনিধি নির্ধারণ করে (الْمُوَكّل) এবং প্রতিনিধি (الوكيل) এ দুজনের কোনো একজন মারা গেলে প্রতিনিধিত্ব বাতিল ও রহিত হয়ে যায়। তবে তারা বলেন, মৃত্যুর সময় যদি নগদ অর্থ আকারে না থেকে পুরো বা আংশিক পুঁজি দ্রব্যসামগ্রী হিসাবে থাকে, তবে তা কর্মী নগদ অর্থে পরিবর্তন করতে বিক্রি করবে।
মালেকী মাযহাবের আলেমগণ বলেন, যদি পুঁজি নগদ অর্থে পরিবর্তন করার পূর্বেই কর্মীর মৃত্যু হয়, তাহলে তার আমানতদার উত্তরাধিকারী- অপর কেউ নয়- কর্মীর নির্দেশ মাফিক মুদারাবার কাজ সম্পন্ন করবে। সে হিসাবে সে এখনো মুদারাবার যে মাল অবিক্রীত রয়েছে সেগুলো বিক্রি করবে; এবং তাতে কর্মীর লাভের যে অংশ তা তার উত্তরাধিকারী হিসাবে সে গ্রহণ করবে। তাদের মতে, কর্মী মারা গেলে মুদারাবা রহিত হয়ে যায় না, দুটি ক্ষতির মধ্যে হালকাটি স্বীকার করে নেওয়ার প্রেক্ষিতে তা বহাল থাকে।
টিকাঃ
১৮১. বাদায়েউস সানায়ে', খ. ৬, পৃ. ১১২; হাশিয়া ইবনে আবেদীন, খ. ৪, পৃ. ৪৮৯; মুগনিল মুহতাজ, খ. ২, পৃ. ৩১৯-৩২০
১৮২. হাশিয়া দুসূকী, খ. ৩, পৃ. ৫৩৬
১৮৩. আল-মুদাওয়ানা, খ. ৫, পৃ. ১২৮-১৩০
📄 দুই. মালিক বা কর্মীর ব্যবসায়িক যোগ্যতা হারানো কিংবা অসম্পূর্ণতা
কখনো মালিকের বা কর্মীর যোগ্যতাতে বাধার সৃষ্টি হয়, তার স্বাভাবিক জ্ঞান- বুদ্ধিতে ত্রুটি অথবা বিলুপ্তি প্রকাশিত হয়। ফলে মুদারাবা বাতিল হওয়ার পরিস্থিতির পর্যন্ত উদ্ভব ঘটে। নিম্নে সেসব বাধা নিয়ে আলোচনা করা হলো:
📄 ক. পাগলামি ও অপ্রকৃতিস্থতা (الْجُنُونُ)
সকল ফকীহ এ কথায় একমত, যদি দুজনের কোনো একজন বদ্ধ উন্মাদ হয়ে যায় তাহলে তার দরুন মুদারাবা বাতিল হয়ে যাবে।
টিকাঃ
১৮৪. বাদায়েউস সানায়ে', খ. ৬, পৃ. ১১২; নিহায়াতুল মুহতাজ, খ. ৫, পৃ. ২৩৭; কাশশাফুল কিনা', খ. ৩, পৃ. ৫২২