📄 গ. الشَّرِكَةُ
عقد بين اثنين : أَوْ أَكْثَرَ لِلْقِيَامِ بِعَمَلٍ مُشْتَرَك : ‘কোনো সম্মিলিত ও যৌথ কাজে দুই বা ততোধিক ব্যক্তির অংশগ্রহণের চুক্তি।’ الشركة শব্দটি شرك ক্রিয়ার মাসদার বা মূলধাতু। বলা হয় : شَرِكُتُهُ فِي الْأَمْرِ أَشْرَكُهُ شَرْكًا وَشَرِكَةً 'আমি তাকে বিষয়টিতে অংশীদার করলাম।’১১
الشركة এর অর্থ الخلطة وثبوت الحصة : ‘সংযুক্ত হওয়ার অধিকার প্রতিষ্ঠিত হওয়া।’১২ অথবা ثُبُوتُ الْحَقِّ فِي شَيْءٍ لَاثْنَيْنِ فَأَكْثَرَ عَلَى جِهَةِ السُّيُوعِ বিস্তৃতির সাথে কোনো বস্তুতে একাধিক ব্যক্তির অধিকার প্রতিষ্ঠিত হওয়া। الْمُضَارَبَةُ ও الشركة এ দুটোতে সম্পর্ক হচ্ছে, মুদারাবার তুলনায় শারিকা ব্যাপক।
টিকাঃ
১১. লিসানুল আরব, আল-মিসবাহুল মুনীর, আল-মুজামুল ওয়াসীত شرك- مادة আল-ইখতিয়ার, খ. ৩, পৃ. ১১
১২. মুগনিল মুহতাজ, খ. ২, পৃ. ২১১
📄 মুদারাবা শরীয়তসম্মত হওয়ার আলোচনা
মুদারাবা শরীয়তসম্মত ও জায়েয, ফকীহগণ এ কথায় একমত। তারা এটি বলেছেন শরীয়তের পক্ষ থেকে প্রদত্ত ছাড় হিসাবে এবং বিভিন্ন দলিল প্রমাণের আলোকে।১৪ নতুবা স্বাভাবিক কিয়াস ও যুক্তির বিধান হচ্ছে, এটি নাজায়েয ও অবৈধ। কেননা, মুদারাবাতে যাকে পুঁজি দেওয়া হয় তাকে কার্যত কর্মী হিসাবে ব্যবসায়িক কাজে নিয়োজিত করা হয়। কিন্তু তাতে পারিশ্রমিক থাকে অজ্ঞাত ও অজানা। বরং কাজ হচ্ছে অজানা এবং পারিশ্রমিক বর্তমানে অস্তিত্বহীন।
তবে ফকীহগণ কিয়াস বাদ দিয়ে শরীয়তের ছাড় ও অনুমতি কাজে লাগিয়েছেন। মুদারাবাকে জায়েয ও বৈধ বলে আভিহিত করার সপক্ষে তাদের নিকট যে সকল দলিল রয়েছে সেগুলোকে তারা উত্তম বিবেচনা করেছেন। এ পর্যায়ে আল্লামা কাসানী বলেন, আমরা এ বিষয়টিতে কিয়াস বর্জন করেছি, মুদারাবার পক্ষে পবিত্র কুরআন, সুন্নাহ ও ইজমা থাকার দরুন। পবিত্র কুরআনের আয়াত হচ্ছে : وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ “তারা আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে দেশে সফর করে।”১৫ মুদারাবা ব্যবসাকার্যে নিয়োজিত ব্যক্তি আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করে দেশে দেশে সফর করে। অতএব তার এ ব্যবসাকার্য হবে বৈধ।
টিকাঃ
১৪. বাদায়েউস সানায়ে', খ. ৬, পৃ. ৭৯; মাওয়াহিবুল জলীল, খ. ৫, পৃ. ৩৫৬; নিহায়াতুল মুহতাজ, খ. ৫, পৃ. ২১৮; কাশশাফুল কিনা', খ. ৩, পৃ. ৫০৭
১৫. সূরা মুযযাম্মিল, আয়াত ২০
📄 হাদীস শরীফের বর্ণনা
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ : كَانَ الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللَّهُ عَنْهُ إِذَا دَفَعَ مَالًا مُضَارَبَةُ اشْتَرَطَ عَلَى صَاحِبِهِ أَنْ لَا يَسْلُكَ بِهِ بَحْرًا ، وَلَا يَنْزِلَ بِهِ وَادِيًا ، وَلَا يَشْتَرِيَ بِهِ ذَاتَ كَبِدِ رَطْبَةٍ ، فَإِنْ فَعَل فَهُوَ ضَامِنٌ ، فَرُفِعَ شَرْطُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجَازَهُ
আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. হতে বর্ণিত। তিনি বলেন, (তাঁর পিতা) আব্বাস রা. কাউকে মুদারাবার ভিত্তিতে ব্যবসা করার জন্যে পুঁজি দেওয়ার সময় তাকে শর্ত প্রদান করতেন, সে যেন সাগরপথে সফরে না যায়, কোনো উপত্যকায় অবতরণ না করে, সেখানে কোনো সজীব যকৃতধারী (অর্থাৎ ক্রীতদাস) যেন খরিদ না করে। যদি (নিষেধ করার পরও) সে তা করে তবে সে এর জন্যে দায়ী থাকবে। পরবর্তী সময়ে তিনি তার এ সকল শর্তের কথা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলে নবীজী তাতে অনুমতি ও বৈধতা প্রদান করেন।১৬
এমনিভাবে হাদীসে বর্ণিত হয়েছে, নবীজী যখন দুনিয়ায় প্রেরিত হয়েছেন মানুষ তখন মুদারাবা পদ্ধতিতে ব্যবসা করত। তিনি তাদের নিষেধ করেন নাই, এভাবে বিষয়টিতে নীরব থাকা তাঁর সম্মতি প্রকাশ করে। নবীজীর সম্মতিও হাদীসের দলিলের অন্তর্ভুক্ত।
ইজমা বা সকলের ঐকমত্যের আলোচনা : অনেক সাহাবীর পক্ষ হতে বর্ণিত আছে, তারা মুদারাবা চুক্তি অনুযায়ী ব্যবসা করার জন্যে এতীমের সম্পদ লোকদের দিতেন। বর্ণনাকারী সাহাবী হচ্ছেন : উমর, উসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, উবায়দুল্লাহ ইবনে উমর ও আয়েশা রা.। তারা তাদের বর্ণনায় এ কথা উল্লেখ করেননি, তাদের সমসাময়িক কেউ এ এতীমের মাল অপরের হাতে তুলে দেওয়ায় আপত্তি করেছেন। এভাবেই বিষয়টি সাহাবীদের ইজমা বা ঐকমত্যের দ্বারা প্রতিষ্ঠিত হয়।
এমনি অপর এক দলিল হচ্ছে মানুষের মাঝে ব্যাপক প্রচলন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বিষয়টি লোকজন ব্যাপকভাবে করে যাচ্ছে, তাতে কারো কোনো আপত্তি শুনতে পাওয়া যায়নি। এভাবে বিষয়টিতে সাহাবীদের যুগ থেকে প্রতি যুগের আলেমদের ঐকমত্য প্রমাণিত ও প্রতিষ্ঠিত হয়েছে। এসব দলিলের উপস্থিতিতে কিয়াস বর্জিত হবে, মুদারাবা বৈধ ও জায়েয বলে ঘোষিত হবে।১৭
টিকাঃ
১৬. হাদীসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রা.-এর বর্ণনায় বায়হাকী, খ. ৬, পৃ. ১১১ তে বর্ণিত হয়েছে। হাদীসটির সনদে দুর্বলতা রয়েছে।
১৭. বাদায়েউস সানায়ে', খ. ৬, পৃ. ৭৯
📄 মুদারাবা বৈধ হওয়ার তাৎপর্য
মুদারাবা বৈধ হওয়ার তাৎপর্য ও গূঢ় রহস্য
মুদারাবা বৈধ ও জায়েয; প্রয়োজন তা জায়েয করেছে। দেখা যায়, একজনের হাতে প্রয়োজনীয় ব্যয়ের অধিক সম্পদ রয়েছে প্রচুর, সে তাতে কর্তৃত্ব প্রয়োগ করে তা বাড়াতে চায়। কিন্তু ব্যবসা করে তা বাড়ানোর ক্ষমতা বা সুযোগ তার নেই। এ পর্যায়ে সে বাধ্য হয় তার প্রতিনিধি নির্ধারণ করতে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, এ জন্যে সে ব্যবসাকাজে অভিজ্ঞ কোনো ব্যক্তিকে বেতনভুক্ত কর্মচারী হিসাবে রাখতে পারে না। হয়তো কেউ কর্মচারী হতে রাজি হয় না, বরং সে বেতনের পরিবর্তে লাভে অংশীদার হতে চায়। অথবা কর্মচারী পাওয়া গেলেও তাকে পুঁজির মালিক নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারে না, যেহেতু পুঁজির অধিকারী ব্যক্তির ব্যবসা পরিচালনার ক্ষমতা বা যোগ্যতা থাকে না। এমনি পরিস্থিতিতে মানবগোষ্ঠীর মাঝে মুদারাবা পদ্ধতি প্রচলিত রয়েছে, শরীয়তও পরিস্থিতি বিবেচনা করে তার অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে যদিও অজ্ঞাত ভাড়ায় ইজারা দেওয়া হয়, যা জায়েয নয়। তথাপি প্রয়োজনের এ দিকটি বিবেচনা করে শরীয়ত এ ধরনের ইজারা থেকে ভিন্ন করে বৈধতার ফয়সালা দিয়েছে, যেমন মুসাকাত ও মুযারাআর বেলায় ঘটেছে।
আল্লামা কাসানী বলেন, কখনো পরিস্থিতি এমন হয়, কারো হাতে সম্পদ রয়েছে সে ব্যবসা করতে আগ্রহী, কিন্তু সে ব্যবসা করতে পারছে না। অপরদিকে কারো ব্যবসা সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে প্রচুর, কিন্তু তার হাতে মোটে সম্পদ নেই। এ অবস্থায় শরীয়ত উভয়ের চাহিদা পূরণ করেছে, মুদারাবা বৈধ করে দিয়েছে। আল্লাহ তা'আলা তো শরীয়তের বিধান প্রবর্তনই করেছেন বান্দার উপকার ও মঙ্গল সাধনের জন্যে, তার প্রয়োজন পূরণের নিমিত্তে।১৮, ১৯
টিকাঃ
১৮. মাওয়াহিবুল জলীল, খ. ৫, পৃ. ৩৫৬; কাশশাফুল কিনা', খ. ৩, পৃ. ৫০৭
১৯. বাদায়েউস সানায়ে', খ. ৬, পৃ. ৭৯