📄 সংশ্লিষ্ট পরিভাষা
القيميات (আল-কীমিয়্যাত)
কীমিয়্যাত (القيميات) শব্দটি কীমী (القيمي)-এর বহুবচন। কীমী শব্দটি القيمة (কীমাত)-এর সাথে সম্বন্ধ করে গঠন করা হয়েছে। কীমাত শব্দের অর্থ হচ্ছে: মূল্য যাচাই পূর্বক কোনো বস্তুর জন্যে নির্ধারিত যথার্থ মূল্য। ফাইয়ূমী বলেন, কীমাত হচ্ছে কোনো বস্তুর মূল্য যা তার স্থলবর্তী হয়। পরিভাষায় কীমী হচ্ছে, বাজারে যে বস্তুর তুল্য পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায় তাতে এমন পার্থক্য থাকে যার দরুন দুটিতে মূল্যের অনেক পার্থক্য হয়ে যায়।
এভাবে আলোচনার দ্বারা প্রতিভাত হলো, কীমী বস্তু হলো মিছলী বস্তুর পুরোপুরি বিপরীত।
টিকাঃ
৪. আল-মিসবাহুল মুনীর, ماده -قوم
৫. মাজাল্লাতুল আহকামুল আদলিয়্যা, ধারা: ১৪৬
📄 মিছলিয়াত (الْمِثْلِيَّاتُ)-এর সাথে সম্পর্কিত বিধিবিধান
মিছলিয়্যাত-এর সাথে সম্পর্কিত বিধিবিধান নানা প্রকার। নিম্নে সেগুলো উল্লেখ করা হচ্ছে:
📄 প্রথমত : লেনদেন সম্পর্কিত বিধিবিধান
ফকীহগণ এ কথায় একমত, কতক লেনদেন কীমী বস্তুতে জায়েয, যেমন মিছলী বস্তুতে জায়েয। এগুলো হচ্ছে: কেনাবেচা, ভাড়া প্রদান, হেবা বা দান ইত্যাদি। লেনদেনের মূল চুক্তিবদ্ধ বস্তুটি মিছলী হওয়া শর্ত কি-না, তা নিয়ে কোনো কোনো লেনদেনে ফকীহগণ মতদ্বৈধতা করেছেন। এ ধরনের লেনদেন হচ্ছে: সালাম বিক্রি, ঋণপ্রদান, অংশীদারী ইত্যাদি। বিস্তারিত আলোচনা পর্যায়ক্রমে করা হচ্ছে:
📄 সালাম বিক্রি (বায়‘উস সালাম)
সালাম বিক্রির নিয়ম হচ্ছে, ক্রেতা প্রথমেই পণ্যের মূল্য প্রদান করবে, বিক্রেতা পরে তার পণ্য উৎপাদিত হলে বা নির্মিত হলে তা উপস্থাপন করবে। তাই ফকীহগণ এ ধরনের বেচাকেনা যথাযথ হওয়ার জন্যে শর্তারোপ করেছেন, এক্ষেত্রে পণ্য যথাসময়ে উপস্থাপনা এবং তা ক্রেতার হাতে অর্পণ করা বিক্রেতার দায়িত্বে ন্যস্ত থাকবে। এ শর্তের প্রতি লক্ষ করে আলেমগণ বলেন, এ ধরনের বিক্রিতে মিছলী বস্তু পণ্য হতে পারবে। যেমন পরিমাপ-পাত্র দিয়ে বা ওজন করে যা মাপা হয় সেসব বস্তুও বিক্রিত পণ্য হতে পারবে। এ সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস প্রণিধানযোগ্য। তিনি বলেন: مَنْ أَسْلَفَ فِي تَمْرٍ فَلْيُسْلِفَ فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنِ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ "যে কেউ অগ্রিম মূল্যে খেজুর কিনবে তার কর্তব্য হবে নির্দিষ্ট সময়ের শর্তে নির্দিষ্ট পরিমাণ-পরিমাপ নির্ধারণ করে নেওয়া।"
অধিকাংশ ফকীহ যে সকল বস্তু হাত দিয়ে বা ফিতা দিয়ে মেপে বিক্রি করা হয় অথবা গুণে গুণে বিক্রি করা হয় সেগুলো যদি একই রূপ থাকে বা কাছাকাছি মানের ও মাপের হয়, তবে এগুলোকেও তারা মিছলী বলে গণ্য করেন। তাই তারা পরিমাপযোগ্য বস্তু বা ওজন করে যা বিক্রি করা হয় সে সব মিছলী বস্তুতে যেমন সালাম বিক্রি বৈধ ও জায়েয বলেন, তেমনি মেপে বা গুণে বিক্রি করা বস্তুগুলোও তারা মিছলী গণ্য করে সেগুলোতে সালাম-বিক্রি জায়েয হওয়ার মত প্রকাশ করেছেন। যেহেতু সেগুলোতে পরিমাণ বা সংখ্যা সম্পর্কে অজ্ঞতা থাকে না।
হানাফী মাযহাবের আলেমগণ মিছলী বস্তুর তালিকা থেকে স্বর্ণ ও রৌপ্য পৃথক করে বলেন, এ দুটোতে সালাম জায়েয নয়। কাসানী সালাম বিক্রিতে বিভিন্ন শর্ত আলোচনাকালে বলেছেন, শর্তাবলির একটি হচ্ছে, নির্দিষ্ট করা হলে পণ্যটি নির্ধারিত হবে। কিন্তু দিরহাম (রৌপমুদ্রা) ও দীনার (স্বর্ণমুদ্রা)-এর ন্যায় কোনো বস্তু, নির্ধারণ করার পরও যা নির্দিষ্ট হয় না, তাতে সালাম জায়েয নয়। যেহেতু সালাম বিক্রিতে যা নির্ধারণ করা হবে তা হচ্ছে বিক্রয়ের পণ্য। পণ্য নির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। যদি তা নির্দিষ্ট না হয় তবে সাধারণ বিক্রি হবে ফাসেদ ও ত্রুটিপূর্ণ এবং সালামের ক্ষেত্রে হবে নাজায়েয। অথচ দিরহাম, দীনার এবং এ ধরনের সকল মুদ্রা, নির্দিষ্ট করার পরও এগুলো নির্দিষ্ট হয় না।
কীমী বস্তুতে লক্ষ করলে দেখা যায়, তাতে দুটো অবস্থা বিদ্যমান। এক. তার বৈশিষ্ট্য উল্লেখ করে সুনির্ধারিত করা সম্ভব, দুই. তা সম্ভব নয়। যেসব কীমী বস্তুতে বৈশিষ্ট্য নির্ধারণ ও বিন্যাস করা সম্ভব সেগুলোতে সালাম পদ্ধতি বৈধ হবে এবং যেগুলোতে তা সম্ভব নয় সেগুলোতে সালাম সঠিক ও বৈধ হবে না। যেহেতু এ ধরনের বস্তুতে সালাম করা হলে প্রায়শ এমন হবে, ক্রেতার চাহিদামত বিক্রেতা পণ্য উৎপাদন বা গঠন করতে পারবে না। ফলে এ ধরনের বেচাকেনা কেবল ঝগড়ার অবকাশই সৃষ্টি করবে। অথচ ঝগড়া না হওয়াই শরীয়তগত ও সামাজিকভাবে কাম্য। বিস্তারিত জানতে দ্রষ্টব্য : السَّلَمُ
টিকাঃ
৬. হাদীসটি সহীহ বুখারীতে সংকলিত হয়েছে। ফাতহুল বারী, খ. ৪, পৃ. ৪২৯; মুদ্রণ সালাফিয়্যা; মুসলিম, খ. ৩, পৃ. ১২২৭, প্রকাশক: হালাবী। সহীহ মুসলিম থেকে হাদীসটি উল্লেখ করা হয়েছে।
৭. ফাতহুল কাদীর, খ. ৬, পৃ. ২১৯; আল-কাওয়ানীন আল-ফিকহিয়্যা, পৃ. ৭৭৪; মাওয়াহিবুল জালীল, খ. ৪, পৃ. ৫৩৪; রওজাতুত তালিবীন, খ. ৪, পৃ. ৬; মুগনিল মুহতাজ, খ. ২, পৃ. ১০৮; কাশশাফুল কিনা, খ. ৩, পৃ. ২৭৬; আল-মুগনী, খ. ৪, পৃ. ৩৩২
৮. বাদায়েউস সানায়ে, খ. ৫, পৃ. ২১২
৯. বাদায়েউস সানায়ে, খ. ৫, পৃ. ২১২