📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 পঞ্চমত : হস্তগত করার পূর্বে কমবেশি প্রকাশিত হওয়া

📄 পঞ্চমত : হস্তগত করার পূর্বে কমবেশি প্রকাশিত হওয়া


পণ্যে যখন বেশি যা কম হওয়া প্রকাশিত হবে তার বিধান হবে ভিন্ন ভিন্ন, পণ্যের বিক্রয় পরিমাণনির্ভর অথবা অনুমাননির্ভর হওয়া হিসেবে। অনুমাননির্ভর হলে তাকে বায়'উল জুযাফ (بيع الْجُرَاف) বা আল-মুজাযাফাহ (الْمُجَازَفَة) বলে। এর অপর নাম বায়'উস সুব্রাহ (بیع الصبرة) বা স্তূপ বিক্রয়। ক্যাটালগ বা নমুনা হিসাবে যে বিক্রি হয় তার কতক এ অনুমাননির্ভর বিক্রির অন্তর্ভুক্ত, যেহেতু প্রোগ্রামে যা লেখা থাকে তার বিপরীতও প্রকাশিত হয়।

ক. অনুমাননির্ভর বিক্রি (بَيْعُ الْجُزَاف)
অনুমানের ভিত্তিতে বেচাকেনা হলে, তাতে ক্রেতার বা বিক্রেতার প্রত্যাশার বিপরীত কমবেশি প্রকাশিত হলে বিক্রিতে এর প্রভাব পড়বে না। বিস্তারিত জানতে দ্রষ্টব্য শিরোনাম بَيْعُ الْجُزَافِ

খ. পরিমাপযোগ্য জিনিসের ক্রয়বিক্রয় (بَيْعُ الْمُقَدَّرَاتِ)
পাত্রের মাপ, ওজন, গজ কিংবা গণনার মাধ্যমে পরিমাপযোগ্য জিনিস বিক্রি করার পর তাতে বেশি অথবা কম প্রকাশিত হলে পণ্যের ধরন দেখতে হবে, পণ্যটি অংশ অংশ করে ভাগ করলে তাতে ক্ষতি সাধিত হয় কি না। অনুরূপ যে মূল্যের ওপর বিক্রয় সম্পন্ন হয়েছে তার প্রতিও তাকাতে হবে, তা সম্পূর্ণ পণ্য হিসাবে, না-কি অংশের ভিত্তিতে বিস্তৃত।
বিভিন্ন অংশে ভাগ করলে যদি পণ্যের ক্ষতি না হয়। যেমন পণ্যটি পাত্র দ্বারা পরিমাপযোগ্য বা ওজনযোগ্য কিংবা গজের হিসেবে বিক্রয়যোগ্য হলে, যেমন থান কাপড়, এসব জিনিসে পণ্যে বেশি প্রমাণিত হলে তা বিক্রেতার জন্য বিবেচিত হবে। আর কম হলে হিসাব অনুযায়ী কম হবে। যে সকল জিনিস গণনাযোগ্য এবং কাছাকাছি আকারের সেগুলোরও এ বিধান, তখন মূল্য বিস্তারিত ভাবে বলা হয়েছে কি-না তা জানা আবশ্যক হবে না।
মূল্য যদি বিস্তারিত ভাবে নির্ণীত হয়, যেমন কেউ বলল, প্রতি হাত এক দিরহাম, এরূপ ক্ষেত্রে যা বেশি হবে তা বিক্রেতার, আর কম হলেও দায় তার। সে ক্ষেত্রে অংশ অংশ করলে তা ক্ষতিকর কি-না, তা দেখার প্রয়োজন নেই।
মূল্য যদি বিস্তারিতভাবে বর্ণিত না হয়, আর পণ্য হয় এরূপ যে, অংশ অংশ করলে তাতে ক্ষতি সাধিত হয়, যেমন শাড়ি, লুঙ্গি, তাহলে বাড়তি অংশ ক্রেতার আর কম হলেও দায় তারই, এতে মূল্যের কোনো হেরফের হবে না। তবে পণ্যে কম হওয়ার ক্ষেত্রে ক্রেতার অধিকার থাকবে।
এর কারণ, যে বস্তু অংশ অংশ করা হলে ক্ষতি হয় না সে বস্তুতে পরিমাণ করা হলে প্রতিটি পরিমাণ একটি অংশ হিসেবে বিবেচিত হয়। আর যে বস্তু অংশ অংশ করলে বস্তুটির ক্ষতি হয় সেক্ষেত্রে পরিমাণ বিবেচিত হয় একটি গুণ হিসেবে। আর বস্তুর গুণের বিপরীতে কোন মূল্য সাব্যস্ত হয় না। বরং গুণগত পরিবর্তনের কারণে চুক্তি বহাল রাখা বা না রাখার খিয়ার সাব্যস্ত হয়। বিক্রিচুক্তি হতে বিচ্ছিন্ন হওয়ার এ সকল বিশ্লেষণ হানাফী মাযহাবের ভিত্তিতে।
সহীহ উক্তি অনুযায়ী শাফেয়ী মাযহাবের ফকীহদের মতে পরিমাপযোগ্য পণ্যে যখন বেশি বা কম হওয়া প্রকাশিত হয়, তখন বিক্রি বাতিল হয়ে যায়। এটি হাম্বলী মাযহাবের একটি অভিমত। কারণ বিক্রেতাকে বেশি হস্তান্তরে বাধ্য করা সম্ভব নয়। ক্রেতাকেও কম গ্রহণে বাধ্য করা সম্ভব নয়।
মালেকী মাযহাবের এ বিষয়ে কিছুটা বিশ্লেষণ রয়েছে। তাদের মতে পণ্যের স্বল্পতা যদি সামান্য হয় তাহলে ক্রেতার জন্য আবশ্যক হবে মূল্যের হিসাব করে যেটুকু বিদ্যমান তা গ্রহণ করা। আর যদি বিরাট হারে কম হয় তাহলে মূল্যের হিসাব করে তা গ্রহণ বা বর্জনের অধিকার থাকবে। কেউ কেউ মনে করেন, এটি পণ্যের গুণসদৃশ। তাই পণ্যের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটি ক্রেতার প্রাপ্য, আর যদি কম হয় তাহলে ক্রেতার অধিকার থাকবে পূর্ণ মূল্যে গ্রহণ করার বা বিক্রি প্রত্যাহার করার।
পণ্য কম বা বেশি হওয়ার বিধান সম্পর্কিত শাফেয়ী ফকীহদের বিশুদ্ধ মতের বিপরীত মত হলো, ইশারার কারণে বিক্রি সহীহ হবে। এরপর এ বিষয়ে তারা নিজ মাযহাবের মত বিশ্লেষণ করেছেন। তা এই যে, যদি বিক্রেতা গুচ্ছ পণ্যের বিপরীতে গুচ্ছ মূল্য উল্লেখ করে, যেমন সে বলল, আমি তোমার কাছে স্তূপটি বিক্রি করছি একশ দিরহামের বিনিময়ে এ শর্তে যে, এতে একশটি অমুক পণ্য রয়েছে, তাহলে কম বা বেশি হলেও বিক্রি সহীহ হবে। আর যার ক্ষতি হবে তার অধিকার থাকবে, সে চুক্তি বহাল রাখবে বা বাতিল করবে।
তবে যদি অংশের বিপরীতে অংশ উল্লেখ করে, যেমন সে বলল, আমি তোমার কাছে স্তূপটি বিক্রি করলাম প্রত্যেক সা' এক দিরহাম, এ শর্তে যে, এতে একশ সা' রয়েছে, এরপর যদি কম বা বেশি হয় তাহলেও ফকীহ আসনাভী-র মতে বিক্রি সহীহ হবে। আর মাওয়ারদী বলেন, যদি কম হয় তাহলে বিক্রি সহীহ হবে। কিন্তু যদি বেশি হয় তাহলে তাতে পূর্ববর্ণিত মতভেদ অনুসারে বিধান হবে। তা হলো, বিশুদ্ধ বর্ণনা অনুসারে বিক্রি বাতিল হবে। অথবা বিক্রি সহীহ হবে, যেমনটা বিশুদ্ধ বর্ণনার বিপরীত মত।
ইবনে কুদামা উল্লেখ করেন, যখন বিক্রেতা বলে, আমি তোমার কাছে এ জমি অথবা এ কাপড় বিক্রি করলাম এ শর্তে যে, এখানে দশ গজ রয়েছে। অতঃপর দেখা গেল এখানে এগারো গজ রয়েছে। এ ক্ষেত্রে দু'টি অভিমত রয়েছে:
এক. বিক্রি বাতিল। কারণ বিক্রেতাকে বাধ্য করা সম্ভব নয় বাড়তিটুকু হস্তান্তর করতে, কারণ সে তো দশ হাত বিক্রয় করেছে। ক্রেতাকেও কিছু অংশ গ্রহণ করতে বাধ্য করা যাবে না। কারণ সে গোটা জিনিসটি ক্রয় করেছে। অংশীদার থাকাতেও তার জন্য ক্ষতি রয়েছে।
দুই. চুক্তি সহীহ, বাড়তি অংশটুকু হবে বিক্রেতার। ক্রেতার এ ক্ষেত্রে কোনো ক্ষতি নেই। তাই বিক্রি শুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই।
অতঃপর বিক্রেতার এখতিয়ার থাকবে, বাড়তিসহ হস্তান্তরের অথবা দশ গজ হস্তান্তরের। যদি সে গোটা পণ্য হস্তান্তরে সম্মত হয় তাহলে ক্রেতার বর্জন করার কোনো অধিকার নেই। কারণ বেশি দেওয়া তো ভালো। যদি সে বাড়তি অংশসহ দিতে অস্বীকৃতি জানায়, তাহলে ক্রেতার অধিকার থাকবে বিক্রি প্রত্যাহার করার অথবা মূল্য দিয়ে পণ্য গ্রহণ করার বাড়তিসহ। যদি বাড়তি বাদে শুধু পণ্য গ্রহণ করতে চায় তাহলে দশ হাত গ্রহণ করবে আর বিক্রেতা এক হাতে তার অংশীদার হয়ে যাবে।
এ অবস্থায় বিক্রেতার বিক্রি প্রত্যাহার করার এখতিয়ার থাকা বা না থাকার ব্যাপারে দুধরনের অভিমত পাওয়া যায়।
এক. তার প্রত্যাহারের অধিকার থাকবে। কারণ এক হাতের মধ্যে অন্যের সাথে অংশীদার হওয়ায় তার ক্ষতি হওয়ার আশংকা থাকে।
দুই. বিক্রেতার কোনো এখতিয়ার নেই। ইবনে কুদামা এ অভিমতকে শক্তিশালী বলে অভিহিত করেছেন।
পণ্য যদি দশ হাতের স্থলে নয় হাত প্রকাশিত হয়, তাহলে এক্ষেত্রে দু'টি অভিমত রয়েছে:
এক. পূর্বে বর্ণিত কায়দার ভিত্তিতে বায় বাতিল হবে।
দুই. বায় সহীহ হবে, তবে ক্রেতার এখতিয়ার থাকবে বায় প্রত্যাহার করার অথবা মূল্যের এক-নবমাংশের দ্বারা গ্রহণ করার।
যদি কেউ ক্রয় করে এ শর্তে যে, এ স্তূপে দশ কাফীয রয়েছে। অতঃপর প্রকাশিত হলো, এতে এগার কাফীয রয়েছে। তাহলে সে বাড়তিটুকু ফেরত দেবে, এ ক্ষেত্রে গ্রহণ বা বর্জনের তার কোনো অধিকার নেই। যেহেতু এ বাড়তিটুকুতে বিক্রেতার ক্ষতি সাধিত হবে। আর যদি প্রকাশিত হয়, এতে নয় কাফীয রয়েছে, তাহলে সে পরিমাণ মূল্যে সে তা গ্রহণ করবে।
যদি স্তূপের বেচাকেনায় পাত্রের মাপের কথা উল্লেখ করা হয়, তাহলে ক্রেতা কেবল পাত্রের মাপ দ্বারাই তা গ্রহণ করবে। যদি স্তূপে বাড়তি থাকে তাহলে তা ফেরত দেবে। আর যদি কম হয় তাহলে মূল্যের অংশ হিসেবে গ্রহণ করবে। কম হলে ক্রেতার গ্রহণ বা বর্জনের এখতিয়ার থাকে কি-না? এ ব্যাপারে দু'টি অভিমত রয়েছে।
এক. তার অধিকার থাকে। দুই, তার কোনো অধিকার থাকে না।

টিকাঃ
৯৬. মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, ধারা ২২৩-২২৯; হাশিয়া ইবনে আবিদীন, খ. ৪, পৃ. ৩০; আদ-দুরারু শারহুল গুরার, খ. ২, পৃ. ১৪৭; মিনাহুল জালীল, খ. ২, পৃ. ৫০৫
৯৭. নিহায়াতুল মুহতাজ, খ. ৩, পৃ. ৪০০; মুগনিল মুহতাজ, খ. ২, পৃ. ১৭; শরহু মুনতাহাল ইরাদাত, খ. ২, পৃ. ১৬৬; আল-মুগনী, খ. ৪, পৃ. ১৪৬
৯৮. মিনাহুল জালীল, খ. ২, পৃ. ৫০৫; আল-হাত্তাব, খ. ৪, পৃ. ২৯৯; আশ-শারহুস সগীর, খ. ২, পৃ. ১৩, প্রকাশক: হালাবী
৯৯. মুগনিল মুহতাজ, খ. ২, পৃ. ১৮; আল-মুহাযযাব, খ. ১, পৃ. ৭১
১০০. আল-মুগনী, খ. ৪, পৃ. ১৪৬

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 মূল্য, মূল্যের বিধানাবলি ও অবস্থাসমূহ

📄 মূল্য, মূল্যের বিধানাবলি ও অবস্থাসমূহ


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 প্রথম : মূল্যের সংজ্ঞা

📄 প্রথম : মূল্যের সংজ্ঞা


ক্রেতা পণ্য লাভের নিমিত্তে পণ্যের বদলে যা ব্যয় করে তাকে আরবীতে الثَّمَنُ (ছামান) বলে। বিক্রয়চুক্তির দু'অংশের এক অংশ হলো ছামান বা মূল্য। অপর অংশ হলো পণ্য। এ দু'টিই হলো বিক্রয় চুক্তির উপাদান। এ কারণে ফকীহসমাজের অধিকাংশ মনে করেন, পণ্য হস্তগত করার পূর্বে নির্ধারিত মূল্য নাশ হয়ে গেলে বিক্রি চুক্তি সাধারণভাবে ভেঙ্গে যায়।
হানাফী ফকীহগণ মনে করেন, বেচাকেনায় ও ব্যবসায়ে মুখ্য উদ্দেশ্য হলো পণ্য। কারণ (পণ্য হচ্ছে বিভিন্ন বস্তু, আর) উপকার লাভ হয় বিভিন্ন বস্তু দিয়ে। আর মূল্য হলো সেক্ষেত্রে পরস্পর বদলের মাধ্যম। এ কারণে তারা মূল্য সহীহ হওয়ার জন্য তা মূল্যমানের অধিকারী হওয়াকে শর্ত করেন। পণ্যের বেলায় তা চুক্তি কার্যকরের শর্ত। এটি অন্য সকল ফকীহের সাথে তাদের অন্যতম পার্থক্য। মূল্য যদি মূল্যমানধারী জিনিস না হয় তাহলে তাদের মতে বিক্রি বাতিল হবে না; বরং তা ফাসিদ হবে। ফাসিদ হওয়ার কারণ দূর হয়ে গেলে তা সহীহ হয়ে যাবে। যেমন মূল্য হস্তগত করার পূর্বে তা নষ্ট হয়ে গেলে এর দরুন বায় বাতিল হয় না। বরং বিক্রেতা বিকল্প মূল্যের অধিকারী হয়। পক্ষান্তরে পণ্য নষ্ট হয়ে যাওয়া বিক্রি বাতিল করে দেয়।
বেচাকেনার ক্ষেত্রে বিনিময় ও মূল্য বোঝাতে দুটি শব্দের প্রয়োগ পাওয়া যায় : ছামান (الثَّمَنُ ) আর কীমাত (القيمة ) এ দু'টি শব্দের মাঝে পার্থক্য রয়েছে। কীমাত হলো, পারদর্শীগণ পণ্যের মান নির্ণয় করে যে বিনিময় মূল্য নির্ধারণ করে। পক্ষান্তরে ছামান হলো, চুক্তি সম্পাদনকারী উভয় পক্ষ পরস্পর সম্মতিতে যে মূল্য নির্ধারণ করে। তা কীমাত এর চেয়ে বেশি হতে পারে, অথবা কম কিংবা সমান হতে পারে। ফলে কীমাত হলো বস্তুর প্রকৃত মূল্য আর ছামান হলো যে মূল্যে সন্তোষ প্রকাশ করা হয়।
পণ্যের নির্ধারিত মূল্যকে সি'র বলা হয়। তাস'ঈর (التسعير) হচ্ছে পণ্য বিক্রির দর নির্ধারণ। মূল্য নির্ধারণ কোনো সময় শাসকের পক্ষ হতে হয়। এর চেয়ে বেশি মূল্যে বা কম মূল্যে বিক্রয় নিষিদ্ধ করার অধিকার রাখেন।

টিকাঃ
১০১. জাওয়াহিরুল ইকলীল, খ. ১, পৃ. ৩০৫; মিনাহুল জালীল, খ. ২, পৃ. ১০০ এবং খ. ৩, পৃ. ৬১৬; শারহুর রাওয, খ. ২, পৃ. ৬৪; আল মাজমু, খ. ৯, পৃ. ২৬৯; আল-কালয়ূবী, খ. ২, পৃ. ৩; শারহু মুনতাহাল ইরাদাত, খ. ২, পৃ. ১৮৯; আল-ইফসাহ, খ. ১, পৃ. ৩৩৭
১০২. মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, ধারা: ১৫১
১০৩. মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, ধারা: ২১২, হাশিয়া ইবনে আবিদীন, খ. ৪, পৃ. ১০৪
১০৪. মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, ধারা : ১৫৩; হাশিয়া ইবনে আবিদীন, খ. ৪, পৃ. ৫১ ও ১৬৬; জাওয়াহিরুল ইকলীল, খ. ২, পৃ. ২১

📘 ইসলামের ব্যবসা ও বাণিজ্য আইন > 📄 দাম নির্ধারণের বিধান

📄 দাম নির্ধারণের বিধান


ফকীহসমাজ দর নির্ধারণের আলোচনায় মতানৈক্য করেছেন। হানাফী ও মালেকী ফকীহগণ বলেন, শাসক এটি করতে পারেন। ব্যবসায়ীগণ যখন সীমাতিরিক্ত মূল্য বৃদ্ধি করে আর মূল্য নির্ধারণ করা ছাড়া সাধারণ মুসলিমের অধিকার সংরক্ষণ সম্ভব হয় না, তখন বিচারক বিবেকবান ও বিচক্ষণ ব্যক্তিগণের পরামর্শে মূল্য নির্ধারণ করে দেবেন। এ সম্পর্কে দলিল হলো উমর রা.-এর একটি আমল। তিনি বাজারে একজন লাকড়ি সংগ্রাহকের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাকে তিনি বললেন, হয়তো তুমি দাম বাড়াবে নয়তো বাড়িতে চলে যাবে। সেখানে ইচ্ছামত বিক্রয় করবে।
শাফেয়ী ও হাম্বলী ফকীহগণ মনে করেন, দাম নির্ধারণ করে দেওয়া হারাম। এভাবে ক্রয় করা মাকরূহ। মূলত বিক্রি হারাম ও বাতিল হওয়ার মাসআলা আসে যখন তা বলপ্রয়োগের মাধ্যমে করা হয়। আর তা নিম্নোক্ত হাদীসের আলোকে :
إِنَّ اللَّهَ هُوَ الْمُسَعِّرُ الْقَابِضُ الْبَاسِطُ الرَّازِقُ ، وَإِنِّي لأَرْجُو أَنْ أَلْقَى اللَّهَ وَلَيْسَ أَحَدٌ مِنْكُمْ يُطَالِبُنِي بِمَظْلِمَةٍ فِي دَمٍ وَلَا مَالٍ
"আল্লাহই দাম নির্ধারণকারী। তিনিই সংকোচনকারী, প্রসারকারী ও রিজিকদাতা। আমি আশা করছি আল্লাহর সাথে সাক্ষাৎ করব এমনভাবে যে, তোমাদের কেউ আমার বিরুদ্ধে কোনো রক্তের বা মালের জুলুমের অভিযোগ করবে না।” বিস্তারিত শিরোনাম تسعير দ্রষ্টব্য।

টিকাঃ
১০৫. মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, ধারা: ১৫৪
১০৬. ইমাম মালিক, আল-মুয়াত্তা, বরাত জামিউল উসুল, খ. ১, পৃ. ৫৯৪; শায়খ আব্দুল কাদির বলেন, হাদীসটির সনদ সহীহ
১০৭. আল-মুগনী, খ. ৩, পৃ. ১৬৪ কায়রো; আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, খ. ৩, পৃ. ৩১৪; শারহু মুনতাহাল ইরাদাত, খ. ২, পৃ. ১৫৯; ইবনে আবদিল বার কৃত আল-কাফী, খ. ২, পৃ. ৭৩০
১০৮. ইমাম তিরমিযী, ইমাম আবু দাউদ, বরাত জামেউল উসূল, খ. ১, পৃ. ৫৯৫; ইমাম তিরমিযী ও ইবনে হিব্বান হাদীসটিকে সহীহ বলে অভিহিত করেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00