📄 ব্যবসায় পণ্যে যাকাত ফরয
ব্যবসার পণ্যে যাকাত প্রদান করা ফরয। যাকাতযোগ্য ব্যবসায় পণ্য বলা হয় ঐ সকল পণ্যকে, ব্যবসার উদ্দেশ্যে কোনো কিছুর বিনিময়ে যেগুলোর মালিকানা অর্জন করা হয়েছে। এই সম্পদে এক বছর পূর্ণ হলে তাতে যাকাত দিতে হবে। এটি মদীনার সাতজন ফকীহ, হাসান, জাবের ইবনে মায়মুন, তাউস, সাওরী, নাখায়ী, আওযায়ী, আবু উবায়দ এবং ইসহাক ও আসহাবুর রায়, এদের সকলের অভিমত এবং শাফেয়ী রহ.-এর নতুন মত।
মালেকী মাযহাবের ফকীহগণ সাধারণ ব্যবসায়ী ও মজুতদারের মধ্যে পার্থক্য করেন। তারা বলেন, যে ব্যবসায়ী নিজেই তার ব্যবসা পরিচালনা করে, বিদ্যমান বাস্তব মূল্যে বেচাকেনা করে, কখনো তার ব্যতিক্রমও করে, যেমন সাধারণ দোকানদার সমাজ। তারা প্রতি বছর বছরান্তে যাকাত আদায় করতে হবে। এর বিপরীতে মজুতদার পণ্যের মূল্যবৃদ্ধির গরজে সে পণ্য বাজারে তুলতে অপেক্ষা করে। তার বেলায় সকল পণ্যের মূল্য ধার্য করে যাকাত প্রদান করতে হবে। যদি ক বছরেরও হয়।
অধিকাংশ ফকীহ এ ধরনের কোন পার্থক্য করেন না। তাদের দলিল: ১. সামুরা বিন জুনদুব রা. বলেন, فَإِنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم - كَانَ يَأْمُرُنَا أَنْ تُخْرِجَ الصَّدَقَةَ مِنَ الَّذِي نُعِدُ الْبَيْعَ "রাসূলুল্লাহ স. আমাদের নির্দেশ দিতেন আমরা ব্যবসার জন্য যা প্রস্তুত করি যেন তার যাকাত আদায় করি।" ২. অপর এক হাদীসে বর্ণিত হয়েছে : وَفِي الْبَرِّ صَّدَقَةَ "কাপড়েও যাকাত রয়েছে।” এ কথায় কোনো মতানৈক্য নেই, খোদ বস্তুটিতে যাকাতের বিধান আসে না, আসে তার মূল্যে। ব্যবসায় পণ্যেও নেসাব ও বছর হিসাব করতে হবে, তাতে কারো বিরোধ নেই। বিস্তারিত জানতে দ্রষ্টব্য : زكاة
টিকাঃ
২৫. আল-মুগনী, খ. ৩, পৃ. ৩০; রওযাতুত তালিবীন, খ. ২, পৃ. ২৬৬; বাদায়েউস সানায়ে, খ. ২, পৃ. ২০
২৬. সাঈদ ইবনুল মুসাইয়িব, উরওয়া ইবনুষ যুবায়ের, আল-কাসিম ইবনু মুহাম্মাদ, উবায়দুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উতবা, খারিজা ইবনু যায়দ, সুলাইমান ইবনু ইয়াসার, অধিকাংশের মতে সপ্তম জন হলেন, আবূ সালামা ইবনু আব্দুর রহমান ইবনু আওফ। দেখুন, আল-মাওসূআহ, খ. ১, পৃ. ৩৬৪
২৭. আবু দাউদ, খ. ২, পৃ. ২১২
২৮. আহমদ, খ. ৫, পৃ. ১৭৯