📄 বিচারক পদের নিয়োগ প্রত্যাখ্যান করা
মালিকীগণের মতে, শাসকের পক্ষ থেকে বিচারক হিসেবে নিয়োগ দেয়ার পর কেউ যদি গ্রহণযোগ্য কোন কারণ ছাড়া তা প্রত্যাখ্যান করে, তাহলে শাসকের জন্য তাকে আটকে রাখা বৈধ হবে, যতক্ষণ না তিনি তা কবুল করবেন। ১০৮
টিকাঃ
১০৮. আল-খারাশী, শারহু মুখতাছারি খলীল, খ.৭, পৃ. ১৪০-১; 'উলায়শ, মিনহুল জলীল, খ.৮, পৃ.২৬৭-৮
📄 আদালত অবমাননা করা
যে ব্যক্তি আদালত অবমাননা করে যেমন কেউ আদালত নিয়ে উপহাস করল কিংবা বিচারকের প্রতি অসত্য ও অশোভনীয় মন্তব্য করল বা বিচারকের রায়ের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করল, তাহলে বিচারক আদালত অবমাননা ও অপরাধীর অবস্থা বিবেচনা করে তাকে কারাদণ্ড দিতে পারবেন এবং প্রহারও করতে পারবেন। অনুরূপভাবে যে বাদী-বিবাদী বিচারকের দরবারে এসে পরস্পর একে অপরকে গালিগালাজ করবে, তাদেরকেও আটকাদেশ দিতে পারবেন। ১০৯
টিকাঃ
১০৯. মুল্লা খসরু, দুরারুল হুক্কাম, খ.৪, পৃ.৫৯৪; ইবনু 'আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৪, পৃ.৫৩-৪
📄 হদ্দ বা কিসাস জাতীয় অপরাধে সাক্ষী-প্রমাণের যথার্থতা নিরূপণ
যে সব অপরাধে শাস্তি হিসেবে হদ্দ বা কিসাসের বিধান রয়েছে, সে সব ক্ষেত্রে আদালতের কাছে সাক্ষীদের গ্রহণযোগ্যতা ও ন্যায়পরায়ণতা প্রমাণিত হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে আটকে রাখা যাবে। যেমন কেউ যদি কারো বিরুদ্ধে চুরির অভিযোগ করে, তাহলে আদালতের নিকট সাক্ষীদের ন্যায়পরায়ণতা প্রমাণিত হওয়া পর্যন্ত বিবাদীকে আটকে রাখা যাবে। ১১০
টিকাঃ
১১০. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ. ১০৬-৭, ১৭০-১; মালিক, আল-মুদাওয়ানাহ, খ.৪, পৃ. ৫২৭, ৬৪৬
📄 সাধারণ অপরাধে সাক্ষী-প্রমাণের যথার্থতা নিরূপণ
যে সব অপরাধের শাস্তি হদ্দ বা কিসাস নয়, সে সব ক্ষেত্রেও বিচারক অপরাধের গুরুতরতা ও ব্যক্তির অবস্থা বিবেচনা করে প্রয়োজন মনে করলে সাক্ষীদের গ্রহণযোগ্যতা ও ন্যায়পরায়ণতা প্রমাণিত হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য কারাদণ্ড দিতে পারবেন। ১১১
টিকাঃ
১১১. আল-ফাসী, আল-ইতকান ওয়াল ইহকাম.., খ.১, পৃ. ১২৮