📄 আল্লাহর কিংবা বান্দাহর হকের বিরুদ্ধে কারাবাস উপযোগী অপরাধসমূহ
আল্লাহর হক হিসেবে বিবেচিত শরী'আতের নির্দেশাবলী লঙ্ঘন করা কারাবাস উপযোগী অপরাধ। যেমন সুদী কারবার করা, ঘুষ খাওয়া, মদ বেচাকেনা করা, কারো সাথে প্রতারণা করা, খাদ্য দ্রব্য গুদামজাত করে রাখা, চারের অধিক বিয়ে করা, দুবোন একত্রে বিয়ে করা, ওয়াকফকৃত সম্পদ বিক্রি করে দেয়া, যাকাত ও উশর আদায় না করা প্রভৃতি এ প্রকারের অপরাধ। যে ব্যক্তি এ ধরনের অপরাধে লিপ্ত হবে, তাকেও কারাদণ্ড দেয়া যাবে। অনুরূপভাবে বান্দাহর হক হিসেবে বিবেচিত শরী'আতের নির্দেশাবলীর লঙ্ঘনও কারাবাস উপযোগী অপরাধ। যেমন হকদারদেরকে ওয়াফের সম্পদ ভোগ করা থেকে বারণ করা, বেচাকেনার পর পণ্য হস্তান্তর না করা কিংবা মূল্য পরিশোধ না করা, খুলা' তালাকের বিনিময় পরিশোধ না করা, মাহর আদায় না করা, আমানত অস্বীকার করা, আমানতে খিয়ানত করা, নির্ভরশীল লোকদের ব্যয়ভার বহন না করা প্রভৃতি এ প্রকারের অপরাধ। যে ব্যক্তি এ ধরনের অপরাধে লিপ্ত হবে, তাকেও কারাদণ্ড দেয়া যাবে। ১০৭
টিকাঃ
১০৭. ইবনু 'আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৪, পৃ.৬৭-৭৬; আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ, খ.৩, পৃ. ৩৪৭-৮; আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১২, পৃ. ২৫৮, খ.১৬, পৃ.৩১১
📄 ইজ্জত-আব্রু সংরক্ষণের প্রয়োজনে আটকাদেশ
কারো ইজ্জত-আব্রু কিংবা জান যদি হুমকির সম্মুখীন হয়, তাহলে তার ও তার ইজ্জত-আব্রু সংরক্ষণের জন্যও তাকে স্বল্প সময়ের জন্য বিশেষ ব্যবস্থাপনায় কোথাও আটকে রাখা যেতে পারে। ১১৬
টিকাঃ
১১৬. আল-মাওসূ'আতুল ফিকহিয়্যা, খ.১৬, পৃ.২৯৭-২৯৮