📄 অবিবাহিতের ব্যভিচার
ইমামগণের সর্বসম্মত মত হল, অবিবাহিত ব্যভিচারীর হদ্দ হিসেবে শাস্তি হল একশতটি বেত্রাঘাত। তবে তাকে দূরদেশে নির্বাসিত করা যাবে কিনা -এ ব্যাপারে ইমামগণের মধ্যে মতবিরোধ রয়েছে। মালিকী, শাফি'ঈ ও হাম্বলী ইমামগণের মতে, হদ্দের অংশ হিসেবে তাকে দূরদেশে নির্বাসনে এক বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। তবে হানাফীগণের মতে, রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রয়োজনে বিচারক কিংবা শাসক প্রয়োজন মনে করলেই তাকে এক বছরের জন্য দূর দেশে নির্বাসনে পাঠাতে পারে। নির্বাসিত স্থলে তাকে বন্দী করে রাখা সমীচীন। মালিকীগণের মতে তা ওয়াজিব এবং শাফি'ঈ ও হাম্বলীগণের মতে, যদি নির্বাসিত স্থলে গিয়েও তার পক্ষ থেকে কোন ধরনের অযাচিত আচরণের আশঙ্কা থাকে, তবেই তাকে বন্দী করা যাবে। হানাফীগণ মনে করেন, নির্বাসিত ব্যক্তি অনেক সময় নিজের দেশ ও আত্মীয়-স্বজন থেকে দূরে থাকার কারণে আরো নির্লজ্জ ও বিপজ্জনক হয়ে ওঠতে পারে, তাই শাসক যদি ভাল মনে করেন, তাহলে নিজের দেশেই তাকে বন্দী করে রাখতে পারবেন। ৮৯
টিকাঃ
৮৯. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ.৪৪; আল-কাসানী, বদা'ই, খ.৭,পৃ. ৩৯; শাফি'ঈ, আল-উম্ম, খ. ৭, পৃ.১৭১; আল-মরদাভী, আল-ইনসাফ, খ,১০, পৃ.১৭৩-৪; আল-বহুতী, কশশাফ, খ.৬, পৃ.৯১-২; মালিক, আল-মুদাওয়ানাহ, খ.৪, পৃ.৫০৪; আল-বাজী, আল-মুস্তকা, খ.৭, পৃ.১৩৭
📄 সমকামিতা
হানাফীগণের মতে, সমকামিতার জন্য তা'যীরী শাস্তিই প্রযোজ্য হবে। তাই বিচারক কিংবা শাসক অপরাধের অবস্থা বিবেচনা করে সমকামী দুজনকেই আজীবন বা দীর্ঘ মেয়াদী কারাদণ্ড দিতে পারবেন। ৯০
টিকাঃ
৯০. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ. ৭৭; ইবনুল হুমام, ফাতহুল কাদীর, খ.৫, পৃ. ২৬২- ৩; ইবনু আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৪, পৃ.২৭
📄 ব্যভিচারের ত্রুটিপূর্ণ মিথ্যা অপবাদ
যে ব্যক্তি কারো প্রতি যিনার অপবাদ দিল এবং সে যদি একজন সাক্ষীই পেশ করে, তাহলে তাকে প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী পেশ করার উদ্দেশ্যে আটক করে রাখা হবে। ৯১ অনুরূপভাবে কেউ যদি দাবী করে যে, কোন ব্যক্তি তার প্রতি যিনার অপবাদ আরোপ করেছে; তবে তার সাক্ষী এলাকার বাইরে গেছে, তাহলে সাক্ষী হাজির করার জন্য বিচারকের এজলাসে উপবিষ্ট থাকা পর্যন্ত বিবাদীকে আদালতে আটক করে রাখা যাবে। ৯২
টিকাঃ
৯১. আবুল কাসিম আল-মালিকীর মতে, যিনার অভিযোগকারী যদি একজন সাক্ষীই পেশ করতে পারে, তাহলে তাকে বেত্রাঘাত করা যাবে না; তবে তাকে কারাদণ্ড দেয়া যাবে, যতক্ষণ না সে এ মর্মে শপথ করবে যে, তার কথার উদ্দেশ্য তাকে অপবাদ দেয়া নয়; বরং গালমন্দ করা। আবার কারো মতে, তাকে এক বছরের জন্য কারাদণ্ড দিতে হবে। আবার কারো মতে, তার ওপর হদ্দই কার্যকর করতে হবে। (আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ.৩০৫)
৯২. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৬, পৃ.৫৬ খ.৯, পৃ.১০৬; মালিক, আল-মুদাওয়ানাহ, খ.৪, পৃ.৪৮৯
📄 পুনঃ পুনঃ মদ সেবন
মালিকীগণের মতে, মদ্যপায়িতায় অভ্যস্ত ব্যক্তির ওপর হদ্দ কায়িম করার পর তা'যীর হিসেবে তাকে কারাদণ্ড দেয়াও জায়িয। ৯৩ বর্ণিত রয়েছে, হযরত 'উমার (রা) আবূ মিহজন আছ-ছাকাফীকে মদ্যপায়িতার জন্য আটবার বেত্রাঘাত করেছিলেন। তারপর তাকে বন্দী করার নির্দেশ দেন। এ নির্দেশের প্রেক্ষিতে তাকে কাদেসিয়ার যুদ্ধের সময় বন্দী করা হয়। পরে অবশ্যই তাওবা করে ফিরে আসার পর তাকে মুক্ত করে দেয়া হয়। ৯৪
টিকাঃ
৯৩. আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ.৩০৬
৯৪. আবদুর রাযযাক, আল-মুছান্নাফ, হা.নং: ১৭০৭৭; ইবনু আবী শায়বাহ, আল-মুছান্নাফ, হা.নং : ৩৩৭৪৬