📘 ইসলামের শাস্তি আইন > 📄 হেয় ও অপমানকর শাস্তি দেয়া

📄 হেয় ও অপমানকর শাস্তি দেয়া


যে সব শাস্তিকে ব্যক্তি নিজের জন্য অত্যন্ত হেয় ও অপমানকর মনে করে এবং যা ভবিষ্যতে তার সুস্থ ও পবিত্র জীবন যাপনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, সেরূপ শাস্তিও দেয়াও উচিত নয়। যেমন উচ্চ মর্যাদাবান ব্যক্তিকে চেহারায় কালি মেখে কিংবা মাথা মুণ্ডিয়ে অপমানিত করা প্রভৃতি। এ কারণেই আটক ব্যক্তিদের গলদেশে বেড়ী পরানো এবং প্রহার করার সময় যমীনে শোয়ানো প্রভৃতিও বৈধ নয়। ৪৮

টিকাঃ
৪৮. হানাফী ও মালিকী ইমামগণের মতে, চেহারায় কালি মেখে শাস্তি দেয়া উচিত নয়। কেননা এটা চেহারার এক ধরনের বিকৃতি সাধন। তবে শাফি'ঈ ও হাম্বলী ইমামগণের মতে, এতে কোন অসুবিধা নেই। হযরত 'উমার (রা) সম্পর্কে বর্ণিত রয়েছে, তিনি মিথ্যা সাক্ষ্যদানকারীর মুখে কালি মেখে দিতেন। তবে আল্লামা সারাখসী (রহ) তাঁর এ কাজের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, হযরত 'উমার (রা) প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এটা কল্যাণকর মনে করেছিলেন বলে তা করেছিলেন। (আস-সারাখসী, আল-মাবসূত, খ.১৬, পৃ.১৪৫; আল-বাজী, আল-মুস্তকা, খ.৫, পৃ.১৯০; আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.১১, পৃ. ৩৫৩)

📘 ইসলামের শাস্তি আইন > 📄 গালিগালাজ করা

📄 গালিগালাজ করা


কাউকে অভিসম্পাত করে কিংবা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে অথবা মা-বাবার নাম ধরে গালি দিয়ে শাস্তি দেয়া জায়িয নেই। তবে যালিম, সীমালঙ্ঘনকারী প্রভৃতি শব্দ দ্বারা সম্বোধন করে শিক্ষা দেয়া দূষণীয় নয়। ৪৯

টিকাঃ
৪৯. আল-ফাতাওয়া আল-হিন্দিয়‍্যাহ, খ.৫, পৃ. ৬৩

📘 ইসলামের শাস্তি আইন > 📄 ওযু ও নামায পড়তে এবং হাজত পূরণ করতে বাধা দেয়া

📄 ওযু ও নামায পড়তে এবং হাজত পূরণ করতে বাধা দেয়া


আটক ব্যক্তিকে ওযু করার ও নামায পড়ার সুযোগ দিতে হবে। ওযু ও নামায পড়া থেকে বারণ করা জায়িয নয়। ৫০ অনুরূপভাবে হাজত পূরণ করতে বাধা দিয়ে শাস্তি দেয়াও বৈধ নয়। ৫১

টিকাঃ
৫০. আল-মাওসৃ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.১৬, পৃ. ৩২৮
৫১. তদেব

📘 ইসলামের শাস্তি আইন > 📄 গলা টিপে ধরা, গলা মোচড়ানো ও চপেটাঘাত করা

📄 গলা টিপে ধরা, গলা মোচড়ানো ও চপেটাঘাত করা


তা'যীর হিসেবে গলা টিপে ধরা, গলা মোচড়ানো ও চপেটাঘাত করা উচিত নয়। কারণ, এ সবে ব্যক্তিকে শুধু অপমানই করা হয়; সংশোধন কিংবা শিক্ষাদানের উদ্দেশ্য থাকে না বললেই চলে। ৫২
এগুলো ছাড়াও মাথায় তেল ঢেলে দিয়ে কিংবা দাঁড়ি মুণ্ডিয়ে দিয়েও শাস্তি দেয়া হারাম। অনুরূপভাবে কাউকে বেঁধে রেখে কোন হিংস্র প্রাণি কিংবা সাপ-বিচ্ছুকে তার প্রতি লেলিয়ে দেয়াও জায়িয নয়। ৫৩

টিকাঃ
৫২. আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.১২, পৃ.২৫৬-২৫৭; খ.৩০, পৃ.২৭১
৫৩. ইবনু আবী শায়বাহ, আল-মুহান্নাফ, খ.৬, পৃ.৫৩৪; আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ. ৩২৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00