📄 বিবস্ত্র করা
শরীরের কাপড়-চোপড় খুলে বিবস্ত্র করে শাস্তি দেয়াও হারাম। কেননা এতে লজ্জাস্থান খুলে যায়। ৪৭
টিকাঃ
৪৭. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ. ৬০; আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ, খ.৫, পৃ. ৬৩
📄 হেয় ও অপমানকর শাস্তি দেয়া
যে সব শাস্তিকে ব্যক্তি নিজের জন্য অত্যন্ত হেয় ও অপমানকর মনে করে এবং যা ভবিষ্যতে তার সুস্থ ও পবিত্র জীবন যাপনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, সেরূপ শাস্তিও দেয়াও উচিত নয়। যেমন উচ্চ মর্যাদাবান ব্যক্তিকে চেহারায় কালি মেখে কিংবা মাথা মুণ্ডিয়ে অপমানিত করা প্রভৃতি। এ কারণেই আটক ব্যক্তিদের গলদেশে বেড়ী পরানো এবং প্রহার করার সময় যমীনে শোয়ানো প্রভৃতিও বৈধ নয়। ৪৮
টিকাঃ
৪৮. হানাফী ও মালিকী ইমামগণের মতে, চেহারায় কালি মেখে শাস্তি দেয়া উচিত নয়। কেননা এটা চেহারার এক ধরনের বিকৃতি সাধন। তবে শাফি'ঈ ও হাম্বলী ইমামগণের মতে, এতে কোন অসুবিধা নেই। হযরত 'উমার (রা) সম্পর্কে বর্ণিত রয়েছে, তিনি মিথ্যা সাক্ষ্যদানকারীর মুখে কালি মেখে দিতেন। তবে আল্লামা সারাখসী (রহ) তাঁর এ কাজের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, হযরত 'উমার (রা) প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এটা কল্যাণকর মনে করেছিলেন বলে তা করেছিলেন। (আস-সারাখসী, আল-মাবসূত, খ.১৬, পৃ.১৪৫; আল-বাজী, আল-মুস্তকা, খ.৫, পৃ.১৯০; আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১১, পৃ. ৩৫৩)
📄 গালিগালাজ করা
কাউকে অভিসম্পাত করে কিংবা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে অথবা মা-বাবার নাম ধরে গালি দিয়ে শাস্তি দেয়া জায়িয নেই। তবে যালিম, সীমালঙ্ঘনকারী প্রভৃতি শব্দ দ্বারা সম্বোধন করে শিক্ষা দেয়া দূষণীয় নয়। ৪৯
টিকাঃ
৪৯. আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ, খ.৫, পৃ. ৬৩
📄 ওযু ও নামায পড়তে এবং হাজত পূরণ করতে বাধা দেয়া
আটক ব্যক্তিকে ওযু করার ও নামায পড়ার সুযোগ দিতে হবে। ওযু ও নামায পড়া থেকে বারণ করা জায়িয নয়। ৫০ অনুরূপভাবে হাজত পূরণ করতে বাধা দিয়ে শাস্তি দেয়াও বৈধ নয়। ৫১
টিকাঃ
৫০. আল-মাওসৃ'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ. ৩২৮
৫১. তদেব