📄 ঢোল-শহরত, প্রচার ও মাইকিং প্রভৃতি
বিচারক সমীচীন মনে করলে তা'যীর হিসেবে মাইকিং, ঢোল-শুহরত, রেডিও, টিভি ও পত্রিকা প্রভৃতির মাধ্যমে অপরাধীর নাম লোকদের মধ্যে প্রচারের ব্যবস্থা করতে পারেন। বর্ণিত রয়েছে, কাযী শুরাইহ (রহ) মিথ্যা সাক্ষ্যদানকারীর নাম বাজারে ঢোল মেরে প্রচার করতেন, বেত্রাঘাত করতেন না। ২৮ ইমাম আবূ হানীফার (রহ) মতে, মিথ্যা সাক্ষ্যদানকারীকে বাজারে ঘুরিয়ে তার অপকর্মের কথা প্রচার করা হবে। যদি সে বাজারী লোক হয়। অন্যথায় গ্রামের মধ্যে আসরের নামাযের পরে যেখানে লোকজন জড়ো হয় সেখানে তাকে নিয়ে তার অপকর্মের কথা ঘোষণা করা হবে। তাকে কোন রূপ প্রহার করা বিধেয় নয়। তবে সাহেবাইনের মতে, তাকে বেত্রাঘাত ও বন্দী করতে হবে। ২৯ শাফি'ঈ, হাম্বলী ও কতিপয় মালিকী ইমামের মতে, মিথ্যা সাক্ষ্য দানকারীর ব্যাপারটি বিচারক কিংবা প্রশাসকের কাছে ন্যস্ত হবে। তিনি চাইলে তাকে বেত্রাঘাতও করতে পারেন, বন্দীও করতে পারেন কিংবা মাথা মুণ্ডিয়ে অপমানিতও করতে পারেন বা বাজারে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রচারও করা যেতে পারে। ৩০
টিকাঃ
২৮. ইবনু হাজার আল আসকালানী, আদ-দিরায়াহ, খ.২, পৃ. ১৭৩
২৯ আস-সারাখসী, আল-মাবসূত, খ.১৬, পৃ.১৪৫; ইবনুল হুমام, ফাতহুল কাদীর, খ.৫, পৃ. ৪৭৫-৭
৩০. ইবনু ফারহুন, তাবছিরাতুল হুক্কাম, খ.১, পৃ.১৩০; আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.২৬, পৃ. ২৫৫-৭
📄 আদালতে তলব
যদি কোন বিশিষ্ট মর্যাদাবান লোক থেকে কোন ধরনের পদস্খলন ঘটে, ছোট-খাট ত্রুটি সংঘটিত হয়, তাহলে বিচারক প্রয়োজন মনে করলে তাকে আদালতে ডেকে এনে তার কৃত অপরাধ সম্পর্কে তাকে অবহিত করতে পারেন।
📄 চাকুরীচ্যুত করণ
অপরাধীকে তা'যীর হিসেবে চাকুরী থেকে বরখাস্ত করা যাবে। যেমন ঘুষখোর, দুর্নীতিবাজ বা দায়িত্ব পালনে অবহেলাকারী কর্মকতাকে জনস্বার্থে পদচ্যুত করতে কোন অসুবিধা নেই। অনুরূপভাবে যে বিচারক ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলকভাবে ফায়সালা করে তাকেও পদচ্যুত করা যাবে। ৩১
টিকাঃ
৩১. যায়ল'ঈ, তাবয়ীন, খ.৩, পৃ. ২০৮; ইবনু 'আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৪, পৃ. ৬২
📄 সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়া
তা'যীর হিসেবে অপরাধীকে কোন কোন নির্ধারিত অধিকার থেকে বঞ্চিত করা যায়। যেমন- রাজনীতিতে অংশ গ্রহণ করা থেকে বঞ্চিত করা, চাকুরীতে প্রমোশন স্থগিত করে রাখা বা ইনক্রিমেন্ট বন্ধ করে দেয়া প্রভৃতি। ৩২
টিকাঃ
৩২. ইবনু তাইমিয়্যাহ, আল-ফাতাওয়া আল-কুবরা, খ.৪, পৃ. ২১১-২; ইবনুল কাইয়িম, আত-তুরুকুল হুকমিয়্যাহ, পৃ. ২২৭-৮; আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১২, পৃ. ২৭২