📘 ইসলামের শাস্তি আইন > 📄 অপমান করা

📄 অপমান করা


তা'যীর হিসেবে বিচারক প্রয়োজন মনে করলে অপরাধীকে ছোট-খাট অপমানকর শাস্তিও দিতে পারেন। ২৪ যেমন কেউ যদি কোন পদস্থ ও সম্মানিত ব্যক্তিকে খারাপ নামে ডাকে, তাহলে বিচারক প্রয়োজন মনে করলে তাকে ছোট-খাট অপমানকর শাস্তি দিতে পারেন। যেমন কানধরে উঠাবসা করা, এক পায়ের ওপর অনেকক্ষণ দাড়িয়ে থাকা প্রভৃতি। এ ধরনের অপরাধের জন্য কারাদণ্ড দেয়া সমীচীন নয়।

টিকাঃ
২৪. আল-বাবরতী, আল-'ইনায়াহ, খ.৫, পৃ.৩৪৪; আল-খারাশী, শারহু মুখতাছারি খলীল, খ.৮, পৃ.১১০

📘 ইসলামের শাস্তি আইন > 📄 বয়কট

📄 বয়কট


বয়কট অর্থ সম্পর্ক ছিন্ন করা অর্থাৎ উঠাবসা না করা, কথাবার্তা বন্ধ করে দেয়া, লেনদেন করা থেকে বিরত থাকা প্রভৃতি। তা'যীর হিসেবে বিচারক অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিতে পারেন। ২৫ যে তিনজন সাহাবী তাবুক যুদ্ধে অংশ গ্রহণ থেকে বিরত ছিলেন- তাঁদেরকে বয়কট করার জন্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্দেশ দিয়েছিলেন। এ নির্দেশের কারণে আল্লাহর কাছে তাঁদের তাওবা কবুল হওয়া পর্যন্ত সাহাবীগণের মধ্যে কেউ তাঁদের সাথে কথা বলতেন না, কেউ তাঁদেরকে সালাম দিতেন না, কেউ তাঁদের সাথে উঠাবসা-মেলামেশা করতেন না। ২৬ হযরত 'উমার (রা) সবীগকে বসরায় নির্বাসন করার পর নির্দেশ দিয়েছিলেন, সবাই যেন তাকে বয়কট করে, কেউ যেন তার সাথে মেলামেশা না করে। ২৭ আমাদের সমাজে যে সব নারী-পুরুষ অবাধে মেলামেশা করে, তা'যীর হিসেবে তাদেরকে সমাজ থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য বিচ্ছিন্ন করে রাখা যেতে পারে।

টিকাঃ
২৫. ইবনু ফারহুন, তাবছিরাতুল হুক্কাম, খ.২, পৃ.২৯১
২৬. সহীহ আল বুখারী, (কিতাবুল মাগাযী), হা.নং: ৪১৫৬
২৭. আদ-দারিমী, আস-সুনান, (বাবঃ মান হাবাল ফুতওয়া..), হা.নং: ১৪৮

📘 ইসলামের শাস্তি আইন > 📄 ঢোল-শহরত, প্রচার ও মাইকিং প্রভৃতি

📄 ঢোল-শহরত, প্রচার ও মাইকিং প্রভৃতি


বিচারক সমীচীন মনে করলে তা'যীর হিসেবে মাইকিং, ঢোল-শুহরত, রেডিও, টিভি ও পত্রিকা প্রভৃতির মাধ্যমে অপরাধীর নাম লোকদের মধ্যে প্রচারের ব্যবস্থা করতে পারেন। বর্ণিত রয়েছে, কাযী শুরাইহ (রহ) মিথ্যা সাক্ষ্যদানকারীর নাম বাজারে ঢোল মেরে প্রচার করতেন, বেত্রাঘাত করতেন না। ২৮ ইমাম আবূ হানীফার (রহ) মতে, মিথ্যা সাক্ষ্যদানকারীকে বাজারে ঘুরিয়ে তার অপকর্মের কথা প্রচার করা হবে। যদি সে বাজারী লোক হয়। অন্যথায় গ্রামের মধ্যে আসরের নামাযের পরে যেখানে লোকজন জড়ো হয় সেখানে তাকে নিয়ে তার অপকর্মের কথা ঘোষণা করা হবে। তাকে কোন রূপ প্রহার করা বিধেয় নয়। তবে সাহেবাইনের মতে, তাকে বেত্রাঘাত ও বন্দী করতে হবে। ২৯ শাফি'ঈ, হাম্বলী ও কতিপয় মালিকী ইমামের মতে, মিথ্যা সাক্ষ্য দানকারীর ব্যাপারটি বিচারক কিংবা প্রশাসকের কাছে ন্যস্ত হবে। তিনি চাইলে তাকে বেত্রাঘাতও করতে পারেন, বন্দীও করতে পারেন কিংবা মাথা মুণ্ডিয়ে অপমানিতও করতে পারেন বা বাজারে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রচারও করা যেতে পারে। ৩০

টিকাঃ
২৮. ইবনু হাজার আল আসকালানী, আদ-দিরায়াহ, খ.২, পৃ. ১৭৩
২৯ আস-সারাখসী, আল-মাবসূত, খ.১৬, পৃ.১৪৫; ইবনুল হুমام, ফাতহুল কাদীর, খ.৫, পৃ. ৪৭৫-৭
৩০. ইবনু ফারহুন, তাবছিরাতুল হুক্কাম, খ.১, পৃ.১৩০; আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.২৬, পৃ. ২৫৫-৭

📘 ইসলামের শাস্তি আইন > 📄 আদালতে তলব

📄 আদালতে তলব


যদি কোন বিশিষ্ট মর্যাদাবান লোক থেকে কোন ধরনের পদস্খলন ঘটে, ছোট-খাট ত্রুটি সংঘটিত হয়, তাহলে বিচারক প্রয়োজন মনে করলে তাকে আদালতে ডেকে এনে তার কৃত অপরাধ সম্পর্কে তাকে অবহিত করতে পারেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00