📘 ইসলামের শাস্তি আইন > 📄 অপরাধী ছিন্নমূল হওয়া অথবা তার বংশের লোকদের দিয়াত আদায় করতে অসমর্থ হওয়া

📄 অপরাধী ছিন্নমূল হওয়া অথবা তার বংশের লোকদের দিয়াত আদায় করতে অসমর্থ হওয়া


যদি অপরাধীর বংশে অন্য কোন লোকই না থাকে (যেমন- ছিন্নমূল ও পিতৃপরিচয়হীন ব্যক্তি, হারাবী বা যিম্মী যদি ইসলাম গ্রহণ করে) অথবা তাদের দিয়াত পরিশোধ করার সামর্থ্য না থাকে, তাহলে বায়তুল মাল থেকে দিয়াত পরিশোধ করতে হবে। ১৩৬ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “أنا وارث من لا وارث له أعقل عنه و أرثه - আমি লাওয়ারিছ ব্যক্তির পক্ষ থেকে দিয়াত আদায় করব এবং তার ওয়ারিছ হব।” ১৩৭
এ হাদীস থেকে জানা যায়, অপরাধী লাওয়ারিছ হলে সরকার তার দিয়াত পরিশোধ করবে। অনুরূপভাবে নিহত ব্যক্তি লাওয়ারিছ হলে সরকারই তার দিয়াতের উত্তরাধিকারী হবে।

টিকাঃ
১৩৬. তবে ইমাম আবু হানীফা (রহ)-এর এক বর্ণনা মতে- এ রূপ অবস্থায় অপরাধীকেই সম্পূর্ণ দিয়াত পরিশোধ করতে হবে। বায়তুল মাল থেকে দিয়াত প্রদান সমীচীন হবে না। (আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.৩৫৬; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৬, পৃ.১৮১; আল-বহুতী, কশশাফ, খ.৬, পৃ.৬০; আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ.৮৫)
১৩৭. আবূ দাউদ, (কিতাবুল ফরা'ইদ), হা.নং: ২৮৯৯; ইবনু মাজাহ, (কিতাবুদ দিয়াত), ২৬৩৪

📘 ইসলামের শাস্তি আইন > 📄 প্রশাসক বা বিচারকের ভুল রায়

📄 প্রশাসক বা বিচারকের ভুল রায়


প্রশাসক বা বিচারকের ভুল রায়ের কারণে কিংবা কোন অপরাধের সাধারণ দণ্ড কার্যকর করার সময় কারো প্রাণ বা অঙ্গহানি হলে তার দিয়াতও বায়তুল মালের ওপর বর্তাবে। কেননা বিচার-ফায়সালার ক্ষেত্রে, অনুরূপভাবে বিভিন্ন অপরাধর সাধারণ দণ্ড কার্যকর করার বেলায় এ ধরনের ভুল-ত্রুটি সচরাচর ঘটে থাকে। এরূপ অবস্থায় প্রশাসক বা বিচারক এবং তাঁর বংশের লোকদের ওপর ক্ষতিপূরণ দান ওয়াজিব হলে দেশের বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। এটা অধিকাংশ ইমামের অভিমত। ১৩৮

টিকাঃ
১৩৮. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ.৪৯, ৬৪; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৩, পৃ.১৯২; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ.৩০৩-৪

📘 ইসলামের শাস্তি আইন > 📄 উন্মুক্ত জায়গায় মরদেহ পাওয়া যাওয়া

📄 উন্মুক্ত জায়গায় মরদেহ পাওয়া যাওয়া


ব্যক্তি মালিকানাবিহীন কোন উন্মুক্ত জায়গায় (যেমন- হাইওয়ে, বড় মসজিদ ও কারাগার প্রভৃতি) কোন মরদেহ পাওয়া গেলে এবং তার খুনী চিহ্নিত করা না গেলে বায়তুল মাল থেকে তার দিয়াত পরিশোধ করতে হবে। ১৩৯ অনুরূপভাবে তাওয়াফ কিংবা কোন মসজিদ বা জনসমাবেশে প্রবল ভীড়ের মধ্যে পড়ে কেউ মারা গেলে এবং তার খুনী চিহ্নিত করা না গেলে বায়তুল মাল থেকে তার দিয়াত পরিশোধ করতে হবে। ১৪০ হযরত 'আলী (রা) বলেন, لا يطل دم امرئ مسلم -" কোন মুসলিমের রক্ত মূল্যহীন যেতে পারে না। "১৪১

টিকাঃ
১৩৯. আস-সারাখসী, আল-মাবসূত, খ.২৬, পৃ.১১২; আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.২৮৯; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৬, পৃ.১৭৪
১৪০. আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.১১, পৃ. ২৩৬-৭, খ.২১, পৃ.৯২
১৪১. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ.৩১০, ৩৮৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00