📘 ইসলামের শাস্তি আইন > 📄 বংশের লোকদের ওপর দিয়াত ওয়াজিব হবার রহস্য

📄 বংশের লোকদের ওপর দিয়াত ওয়াজিব হবার রহস্য


দিয়াত প্রদান অপরাধীর ওপর বাধ্যতামূলক হবে- এটাই সাধারণ যুক্তির কথা। একজনের অপরাধের জন্য অন্যজন শাস্তি পাবে- এটা ইসলামের সাধারণ মূলনীতিরও পরিপন্থী। আল্লাহ তা'আলা বলেন, ألا تزر وازرة وزر أخرى "কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না। "১৩২ এ কারণে সম্পদের ক্ষতিপূরণ দান ও ইচ্ছাকৃত অপরাধের দিয়াত প্রদানের বেলায় বংশের লোকেরা একে অন্যের যে কোন রূপ দায়ভার গ্রহণ করা থেকে মুক্ত থাকে। কিন্তু ভুলবশত হত্যার বেলায় এ সাধারণ মূলনীতির ব্যত্যয় ঘটেছে। ইতঃপূর্বে বর্ণিত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদীস ও খুলাফা রাশিদূনের কর্মনীতি এ ব্যত্যয়ের পক্ষে শক্তিশালী দলীল। এখন প্রশ্ন হল, এ ব্যত্যয়ের কারণ কি? ইমাম আল-বাহুতী আল-হাম্বলী (রহ) বলেন, "ভুলবশত অপরাধ তো সচরাচর প্রায় সংঘটিত হয়। অপরদিকে দিয়াতের পরিমাণও প্রচুর। এমতাবস্থায় ভুলের মাশুলরূপে হত্যাকারীর সম্পদেই যদি কেবল দিয়াত ওয়াজিব করা হয়, তাহলে তার জীবন বিপন্ন হয়ে পড়বে। তাই তার এ কঠিন বিপদ মুহূর্তে তার প্রতি সহমর্মিতা প্রদর্শন ও তার সহযোগিতায় এগিয়ে আসা বংশের লোকদের একান্ত কর্তব্য। বস্তুত এ কারণে তাদের ওপর দিয়াত বাধ্যতামূলক করে দেয়া হয়েছে- যা যুক্তিরও একান্ত দাবি। "১০০ ইমাম আল-কাসানী আল-হানাফী (রহ) এ প্রসঙ্গে বলেন, "হত্যাকারীকে অপরাধ থেকে বারণ করা বংশের লোকদের একটি গুরু দায়িত্ব। যদি বংশের লোকেরা হত্যাকারীকে হত্যাকর্ম থেকে বারণ না করে, তাহলে ধরে নিতে হবে যে, তারা অবশ্যই তাদের দায়িত্ব পালনে অবহেলা করেছে। আর দায়িত্ব পালনে অবহেলা প্রদর্শন একটি গুরুতর অপরাধ। অতএব তাদের এ দায়িত্ব অবহেলার কারণেই তাদের ওপর দিয়াত বাধ্যতামূলক করে দেয়া হয়েছে- যা যুক্তিরও একান্ত দাবি। "১৩৪

টিকাঃ
১৩২. আল-কুর'আন, ৫৩ (সূরা আন-নাজম): ৩৮
১৩৩. আল-বহুতী, কশশাফ, খ.৬, পৃ.৬
১৩৪. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.২৫৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00