📄 এক সাথে দিয়াতযোগ্য কয়েকটি অপরাধের শাস্তি
মূলনীতি হল- এক সাথে মানবদেহের বিরুদ্ধে দিয়াতযোগ্য যে ক'টি অপরাধ সংঘটিত হবে, প্রত্যেকটির জন্য পৃথক পৃথক দিয়াত ওয়াজিব হবে, যদি আহত ব্যক্তি মারা না যায়। ১২১ আর যদি আহত ব্যক্তি মারা যায়, তাহলে সব ক'টি অপরাধের দিয়াত প্রাণহানির দিয়াতের মধ্যে শামিল হয়ে যাবে এবং এর জন্য একটি মাত্র দিয়াত ওয়াজিব হবে।
উপর্যুক্ত মূলনীতির ভিত্তিতে ইসলামী আইনতত্ত্ববিদদের অভিমত হল- মানবদেহের যে কোন অঙ্গের যখম ভাল ও সুস্থ হয়ে না ওঠলে মৃত্যু পর্যন্ত দেহের ঐ অঙ্গে যে ক'টি অপরাধ হবে, তা সবই প্রাণের দিয়াতের মধ্যে শামিল হয়ে যাবে, যদি অপরাধী একজনই হয়। অতএব, কেউ ভুলবশত কারো দুটি হাত কেটে ফেলল এবং আহত ব্যক্তি এ যখম থেকে ভাল হবার আগেই যদি অপরাধী পুনরায় ভুলবশত তাকে হত্যা করে ফেলে, তাহলে একটি মাত্র দিয়াত বাধ্যতামূলক হবে। অনুরূপভাবে কেউ ভুলবশত কারো সব অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলল, অতঃপর ভুলবশত তাকে হত্যা করল অথবা আঘাতের প্রতিক্রিয়ায় মারা গেল, তাহলেও একটি মাত্র দিয়াত বাধ্যতামূলক হবে।
পক্ষান্তরে মানবদেহের যে কোনের অঙ্গের যখম ভাল ও সুস্থ হয়ে ওঠার পর ঐ অঙ্গে অন্য যখম করা হলে প্রত্যেকটি যখমের জন্য পৃথক পৃথক দিয়াত বাধ্যতামূলক হবে। অতএব কেউ যদি কারো নাক কেটে ফেলে এবং এর ক্ষত শুকিয়ে যাবার পর আবার যদি সে নাকের ঘ্রাণশক্তি নষ্ট করে, তাহলে তার ওপর দুটি পূর্ণ দিয়াত প্রদান বাধ্যতামূলক হবে। অনুরূপভাবে কেউ কারো দুটি হাত ও দুটি পা কর্তন করে ফেলল; কিন্তু আহত ব্যক্তি সুস্থ হয়ে ওঠল; এর প্রতিক্রিয়ায় মারা গেল না, তাহলে অপরাধীর ওপর দুটি দিয়াতই বাধ্যতামূলক হবে।
তবে অপরাধের প্রকৃতি ভিন্ন ভিন্ন হলে (যেমন- একটি ইচ্ছাকৃতভাবে এবং অন্যটি ভুলবশত সংঘটিত হলে) অথবা অপরাধের ক্ষেত্র আলাদা আলাদা হলে (যেমন- হাত ও পা) যদি মাঝখানে সুস্থও না হয় কিংবা যখম সংক্রমিত হয়ে অন্য অঙ্গ আক্রান্ত হলে বা দেহের কোন রূপ ক্ষতি হলে প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক পৃথক সংশ্লিষ্ট বিধান প্রযোজ্য হবে। অতএব কোন ব্যক্তি ভুলবশত কারো হাত কেটে ফেলল, অতঃপর আহত ব্যক্তি যখম থেকে সেরে ওঠার আগেই সে ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করল অথবা প্রথমে ইচ্ছাকৃতভাবে হাত কাটল, অতঃপর ভুলবশত তাকে হত্যা করল অথবা ভুলবশত প্রথমে হাত কেটে ফেলল, ক্ষত শুকিয়ে ওঠার পর আবার ভুলবশত তাকে হত্যা করল অথবা প্রথমে ইচ্ছাকৃতভাবে হাত কেটে ফেলল, ক্ষত শুকিয়ে ওঠার পর আবার ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করল, তা হলে এ সকল অবস্থায় সংশ্লিষ্ট দুটি বিধানই কার্যকর করা বাধ্যতামূলক হবে। ১২২
টিকাঃ
১২১. যেমন- কারো দুটি পা ও দুটি হাত কর্তন করা হলে এবং সে মারা না গেলে অপরাধীর ওপর দুটি পূর্ণ দিয়াত প্রদান বাধ্যতামূলক হবে। অনুরূপভাবে কাউকে আঘাত করে তার দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও বোধশক্তি সম্পূর্ণ নষ্ট করা হলে তিনটি পূর্ণ দিয়াত ওয়াজিব হবে। বর্ণিত রয়েছে যে, হযরত 'উমার (রা)-এর আমলে জনৈক ব্যক্তি অন্য একজনের দিকে পাথর ছুড়ে মেরেছিল। এর ফলে তার দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, বাকশক্তি ও বোধশক্তি সম্পূর্ণ নষ্ট হয় যায়। হযরত 'উমার (রা) এ চারটি শক্তি নষ্ট করার কারণে একত্রে চারটি দিয়াত প্রদানের নির্দেশ দিয়েছিলেন। (আল বায়হাকী, আস-সুনান আল-কুবরা, হা.নং: ১৬১০৫; ইবনু আবী শায়বাহ, আল-মুহান্নাফ, হা.নং: ২৭৩৫০)
১২২. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.৩০২-৩; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৬, পৃ.১১৭-৮, ১৩৫