📘 ইসলামের শাস্তি আইন > 📄 শিজাজের শাস্তি

📄 শিজাজের শাস্তি


হারিসাহ, দামি'আহ ও দামিয়াহ প্রভৃতি আঘাতের নিধারিত 'আরশ' নেই। তাই এ সব ক্ষেত্রে বিচারক তাঁর সুবিবেচনা অনুযায়ী দিয়াতের পরিমাণ ধার্য করবে।
বাদি'আহ, মুতলাহিমা ও সিমহাক প্রভৃতি আঘাতের ক্ষেত্রে কিসাস ওয়াজিব হবে। কেননা এ সব আঘাতের ক্ষেত্রে কোন রূপ সীমালঙ্ঘন ছাড়া সমপরিমাণ বদলা নেয়া যায়। ১১৫ এটা হানাফী ও মালিকীগণের অভিমত। তবে শাফি'ঈ ও হাম্বলীগণের মতে এ সব ক্ষেত্রে বিচারক তাঁর সুবিবেচনা অনুযায়ী দিয়াতের পরিমাণ ধার্য করবে।
মুদিহার ক্ষেত্রে যেহেতু কোন রূপ সীমালঙ্ঘন ছাড়াই সমান বদলা নেয়া সম্ভব, মাথার হাড় পর্যন্ত সহজেই ছুরি পৌঁছানো যায়, তাই এ জাতীয় আঘাতের বেলায় কিসাস কার্যকর করাই হল মূল বিধান। এ ক্ষেত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিসাসের নির্দেশ দিয়েছেন। ১১৬ তবে কোন কারণে কিসাস কার্যকর করা সম্ভব না হলে আহত ব্যক্তিকে 'আরশ' বাবদ পাঁচটি উট বা তার সমপরিমাণ মূল্য প্রদান বাধ্যতামূলক হবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন - "মুদিহাহর বেলায় দিয়াত হল পাঁচটি উট। "১১৭ .وفي الموضحة خمس من الإبل
হাশিমাহ, মুনাক্কিলাহ, মা'মূমাহ ও দামিগাহর ক্ষেত্রে মৃত্যু ঘটার আশঙ্কা থাকে বিধায় এ সব ক্ষেত্রে কিসাস কার্যকর করা যাবে না। এর পরিবর্তে 'আরশ' বাবদ হাশিমাহর ক্ষেত্রে ১০টি উট১১৮, মুনাক্কিলাহর ক্ষেত্রে ১৫টি উট এবং মা'মূমাহর ক্ষেত্রে পূর্ণ দিয়াতের এক-তৃতীয়াংশ বা তার সমপরিমাণ মূল্য প্রদান বাধ্যতামূলক হবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, و في المنقلة خمس عشرة من الإبل و .في المأمومة ثلث الدية "মুনাক্কিলাহর বেলায় দিয়াত হল পনেরটি উট এবং মা'মূহার বেলায় এক-তৃতীয়াংশ দিয়াত।” ১১৯ মাওয়ার্দী বলেন, মা'মুহার জন্য বিচারক এক-তৃতীয়াংশ দিয়াতের সাথে তা'যীরের আওতায় অতিরিক্ত আরশও ধার্য করবেন। ১২০
দামিগাহর ক্ষেত্রেও পূর্ণ দিয়াতের এক-তৃতীয়াংশ বা তার সমপরিমাণ মূল্য প্রদান বাধ্যতামূলক হবে। এটা অধিকাংশ ইমামের অভিমত। কোন কোন শাফি'ঈ ও হাম্বলী ইমামের মতে- এ ধরনের আঘাত মারাত্মক ও জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবার কারণে এ ক্ষেত্রে এক-তৃতীয়াংশ দিয়াতের সাথে তা'যীরের আওতায় বিচারক অতিরিক্ত আরশও ধার্য করবেন।

টিকাঃ
১১৪. আল-কাসানী, বদাই, খ.৭, পৃ.৩১৬-৮; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৬, পৃ.১৩২; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ. ২৫৬-৭; আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ.৫০; আল-বাজী, আল-মুস্তকা, খ. ৭, পৃ.৮৭-৯১
১১৫. তবে কোন কারণে কিসাস কার্যকর সম্ভব না হলে বিচারক তাঁর সুবিবেচনা অনুযায়ী দিয়াতের পরিমাণ ধার্য করবেন।
১১৬. ইবনু হাজার আল আসকালীন, আদ-দিরায়াহ, (কিতাবুষ যবা'ইহ), হা.নং: ১০৩৩; আল- মারগীনানী, আল-হিদায়াহ, খ.৪, পৃ.১৮২
১১৭. আল-হাকিম, আল-মুস্তাদরাক, (কিতাবুষ যাকাত), হা.নং ১৪৪৭; আল বায়হাকী, আস- সুনান আল-কুবরা, হা.নং: ১৫৯৬৭
১১৮. এটা অধিকাংশ ইমামের অভিমত। মালিকীগণের মধ্যে এ বিষয়ে মতবিরোধ দেখা যায়, কারো কারো মতে- এর দিয়াত হল ১৫টি উট, আবার কারো মতে- হাশিমার ক্ষেত্রে নির্ধারিত দিয়াত নেই। বিচারকই তাঁর সুবিবেচনা অনুযায়ী আরশ ধার্য করবেন।
১১৯. আল বায়হাকী, আস-সুনান আল-কুবরা, হা.নং: ১৫৯৮২-৫; আবদুর রযযাক, আল-মুহান্নাফ, হা.নং: ১৭৩৫৭, ১৭৩৬৭
১২০. আল-মাওয়ার্দী, আল-আহকামুস সুলতানিয়‍্যাহ, পৃ.২৯২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00