📄 মেরুদণ্ডের দিয়াত
মেরুদণ্ডে আঘাতের ফলে বাঁকা হয়ে গেলে অথবা বীর্য নির্গমন বন্ধ হয়ে গেলে কিংবা স্ত্রী সহবাস করতে অসমর্থ হলে পূর্ণ দিয়াত বাধ্যতামূলক হবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, وفي الصلب الدية - “মেরুদণ্ডের জন্য পূর্ণ দিয়াত।” ৯৬ হাম্বলীগণের মতে- মেরুদণ্ড ভেঙ্গে গেলে যে কোন অবস্থায় দিয়াত বাধ্যতামূলক হবে। ৯৭
টিকাঃ
৯৬. আল-হাকিম, আল-মুস্তাদরাক, (কিতাবুষ যাকাত), হা.নং: ১৪৪৭; ইবনু হিব্বান, আস-সহীহ, হা.নং: ৬৫৫৯; বায়হাকী, আস-সুনান আল- কুবরা, হা.নং: ১৫৯৭০
৯৭. আস-সারাখসী, আল-মাবসূত, খ.২৬, পৃ.৬৯; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ.৩৬০; আল-বহুতী, কাশশাফ, খ.৬, পৃ.৪৭-৮
📄 চোয়ালের দিয়াত
শাফি'ঈ ও হাম্বলী ইমামগণের মতে- চোয়ালের ৯৮ আরশ হল একটির ক্ষেত্রে পূর্ণ দিয়াতের অর্ধেক এবং দুটির ক্ষেত্রে পূর্ণ দিয়াত। চোয়াল দুটির সাথে দাঁতগুলোও উৎপাটন করা হলে চোয়াল দুটির জন্য একটি পূর্ণ দিয়াত এবং দাঁতগুলোর জন্য আলাদা দিয়াত প্রদান বাধ্যতামূলক হবে। চোয়ালের দিয়াতের মধ্যে দাঁতগুলোর দিয়াত শামিল হবে না। হানাফীগণের মধ্যে ইমাম যায়ল'ঈ (রহ) বলেন, চোয়াল যেহেতু চেহারারই অংশ, তাই এর জন্য মুখ ফেটে ফেলার বিধানই প্রযোজ্য হবে। ৯৯
টিকাঃ
৯৮. চোয়াল দ্বারা নিচের দন্তপাটির দুদিকের দুটি হাড়কে বোঝানো হচ্ছে। এ দুটি থুতনিতে এসে মিলিত হয়।
৯৯. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ.৩৫৬-৭; গানিম, মাজমা'উ দিমানাত, পৃ.১৬৭; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৬, পৃ.১৩০
📄 পাছার দিয়াত
পাছার গোশত সম্পূর্ণ তুলে নেয়া হলে তার আরশ হল একটির ক্ষেত্রে পূর্ণ দিয়াতের অর্ধেক এবং দুটির ক্ষেত্রে পূর্ণ দিয়াত। তবে গোশত সম্পূর্ণ তুলে না নেয়া হলে এবং ক্ষতির পরিমাণ জানা গেলে ক্ষতির অনুপাতে দিয়াত বাধ্যতামূলক হবে। অন্যথায় বিচারক সুবিবেচনা অনুযায়ী আরশ ধার্য করবেন। এটা অধিকাংশ ইমামের অভিমত। তবে মালিকী মাযহাবের ইবনুল কাসিম (রহ) ও ইবনু ওয়াহাব (রহ) প্রমুখ ইমামগণের মতে- পাছার জন্য নির্ধারিত দিয়াতের বিধান প্রযোজ্য নয়; বরং বিচারক তাঁর সুবিবেচনা অনুযায়ী আরশ ধার্য করবেন। ১০০
টিকাঃ
১০০. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ.৩৫৯-৩৬০; ইবনু নুজায়ম, আল-বাহররু রা'ইক, খ.৮, পৃ.৩৫০; আলবাজী, আল-মুস্তকা, খ.৭, পৃ.৮৫; আল-মাওয়াক, আত-তাজ.., খ.৮, পৃ.৩৪২
📄 চুলের দিয়াত
চুল মানুষের দেহের সৌন্দর্যবর্ধক। তা উৎপাটন করা হলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এ কারণে চুলের উৎপাটনেও দিয়াত ওয়াজিব হবে। মাথার চুল বা দাড়ি উৎপাটন করা হলে এবং তা পুনরায় না গজালে পূর্ণ দিয়াত ওয়াজিব হবে। ভ্রুর চুল উৎপাটন করলে এবং তা পুনরায় না গজালে দু'ভ্রুর ক্ষেত্রে পূর্ণ দিয়াত এবং এক ভ্রুর ক্ষেত্রে অর্ধেক দিয়াত বাধ্যতামূলক হবে। তবে গোঁফ উৎপাটন করলে এবং তা পুনরায় না গজালে বিচারক সুবিবেচনা অনুযায়ী তার দিয়াত ধার্য করবেন। এটা হানাফী ও হাম্বলীগণের অভিমত। মালিকী ও শাফি'ঈগণের মতে- উপর্যুক্ত যে কোন স্থানের চুল উৎপাটনের ক্ষেত্রে বিচারক সুবিবেচনা অনুযায়ী তার দিয়াত ধার্য করবেন। ১০১
টিকাঃ
১০১. আস-সারাখসী, আল-মাবসূত, খ.২৬, পৃ.৭১-২; আল-বাবরতী, আল-ইনায়াহ, খ.১০, পৃ.২৮১-২; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ.৩৪৬-৭; শাফি'ঈ, আল-উম্ম, খ.৬, পৃ. ১৩৩; আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ.৫৩