📘 ইসলামের শাস্তি আইন > 📄 নারী ও পুরুষের স্তনের দিয়াত

📄 নারী ও পুরুষের স্তনের দিয়াত


নারীর স্তন কর্তনের আরশ হল একটির ক্ষেত্রে পূর্ণ দিয়াতের অর্ধেক এবং দুটির ক্ষেত্রে পূর্ণ দিয়াত। স্তনের বোঁটা কর্তন করলে এবং কোন কারণে কিসাস কার্যকর করা সম্ভব না হলে উপর্যুক্ত নিয়মে দিয়াত প্রদান বাধ্যতামূলক হবে। মালিকীগণের মতে- স্তনের বোঁটা কর্তনের পর দুধ নির্গমন ব্যাহত বা বন্ধ হলেই দিয়াত বাধ্যতামূলক হবে। অন্যথায় বিচারক সুবিবেচনা অনুযায়ী তার দিয়াত ধার্য করবেন। ৯০
স্তন বিদ্যমান রেখে তার কার্যক্ষমতা নষ্ট করে দেয়া হলেও উপর্যুক্ত নিয়মে দিয়াত প্রদান বাধ্যতামূলক হবে।
পুরুষের স্তন যেহেতু কেবল সৌন্দর্য বর্ধক, তার অন্য কোন কার্যকারিতা নেই, তাই অধিকাংশ ইমামের মতে তা কর্তনের জন্য নির্ধারিত দিয়াতের বিধান প্রযোজ্য নয়। বিচারক সুবিবেচনা অনুযায়ী তার আরশ ধার্য করবেন। তবে হাম্বলীগণেল মতে- নারীদের মত পুরুষদের স্তনের জন্যও দিয়াতের বিধান প্রযোজ্য হবে। ৯১

টিকাঃ
৯০. আল-বাবরতী, আল-'ইনায়াহ, খ.১০, পৃ.২৮৩; মালিক, আল-মুদাওয়ানাহ, খ.৪, পৃ.৫৬৬; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ.৩৫৯
৯১. তদেব

📘 ইসলামের শাস্তি আইন > 📄 গুহ্যদ্বার, মূত্রনালী ও যৌনাঙ্গের দিয়্যাত

📄 গুহ্যদ্বার, মূত্রনালী ও যৌনাঙ্গের দিয়্যাত


গুহ্যদ্বার, মূত্রনালী ও যৌনাঙ্গের পূর্ণ ক্ষতি সাধনের ক্ষেত্রেও প্রত্যেকটির জন্য পৃথক পৃথক দিয়াত ওয়াজিব হবে। ৯২ কোন ব্যক্তি কোন নারীর পায়খানা ও পেশাবের নির্গমন পথ পরস্পর মিলিয়ে দেওয়ার ফলে পায়খানা বা পেশাবের কোন একটির প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেলে পূর্ণ দিয়াত বাধ্যতামূলক হবে এবং দুটির প্রতিরোধ ক্ষমতা পূর্ণভাবে নষ্ট হয়ে গেলে দুটির জন্য পৃথক পৃথকভাবে পূর্ণ দিয়াত বাধ্যতামূলক হবে। ৯৩
নারীর যৌনাঙ্গের দুপার্শ্বের স্ফীত গোশতখণ্ড কর্তন কিংবা ক্ষতিসাধন করলে এবং এর ফলে যৌনাঙ্গের হাড় প্রকাশ পেলে এক পার্শ্বের জন্য পূর্ণ দিয়াতের অর্ধেক এবং দু পার্শ্বের জন্য পূর্ণ দিয়াত ওয়াজিব হবে। ৯৪ বর্ণিত আছে যে, হযরত 'উমার (রা) যৌনাঙ্গের স্ফীত গোশতখণ্ডদ্বয় কর্তনের জন্য দিয়াত প্রদানের নির্দেশ দিয়েছিলেন। ৯৫

টিকাঃ
৯২. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ.৩৫৯; ইবনু নুজায়ম, আল-বাহররু রাইক, খ.৮, পৃ.৩৫০; ইবনু 'আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৬, পৃ.৫৭৭
৯৩. ইবনু 'আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৬, পৃ.৫৭৯
৯৪. এটা মালিকী, শাফি'ঈ ও হাম্বলী ইমামগণের অভিমত। এ বিষয়ে হানাফীগণের কোন স্পষ্ট বক্তব্য খুঁজে পাওয়া যায় নি। (ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ.৩৬৬; শাফি'ঈ, আল-উম্ম, খ.৬, পৃ.৮০)
৯৫. আল-মাওসূ'আতুল ফিকহিয়‍্যাহ, খ.২১, পৃ.৭৫

📘 ইসলামের শাস্তি আইন > 📄 মেরুদণ্ডের দিয়াত

📄 মেরুদণ্ডের দিয়াত


মেরুদণ্ডে আঘাতের ফলে বাঁকা হয়ে গেলে অথবা বীর্য নির্গমন বন্ধ হয়ে গেলে কিংবা স্ত্রী সহবাস করতে অসমর্থ হলে পূর্ণ দিয়াত বাধ্যতামূলক হবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, وفي الصلب الدية - “মেরুদণ্ডের জন্য পূর্ণ দিয়াত।” ৯৬ হাম্বলীগণের মতে- মেরুদণ্ড ভেঙ্গে গেলে যে কোন অবস্থায় দিয়াত বাধ্যতামূলক হবে। ৯৭

টিকাঃ
৯৬. আল-হাকিম, আল-মুস্তাদরাক, (কিতাবুষ যাকাত), হা.নং: ১৪৪৭; ইবনু হিব্বান, আস-সহীহ, হা.নং: ৬৫৫৯; বায়হাকী, আস-সুনান আল- কুবরা, হা.নং: ১৫৯৭০
৯৭. আস-সারাখসী, আল-মাবসূত, খ.২৬, পৃ.৬৯; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ.৩৬০; আল-বহুতী, কাশশাফ, খ.৬, পৃ.৪৭-৮

📘 ইসলামের শাস্তি আইন > 📄 চোয়ালের দিয়াত

📄 চোয়ালের দিয়াত


শাফি'ঈ ও হাম্বলী ইমামগণের মতে- চোয়ালের ৯৮ আরশ হল একটির ক্ষেত্রে পূর্ণ দিয়াতের অর্ধেক এবং দুটির ক্ষেত্রে পূর্ণ দিয়াত। চোয়াল দুটির সাথে দাঁতগুলোও উৎপাটন করা হলে চোয়াল দুটির জন্য একটি পূর্ণ দিয়াত এবং দাঁতগুলোর জন্য আলাদা দিয়াত প্রদান বাধ্যতামূলক হবে। চোয়ালের দিয়াতের মধ্যে দাঁতগুলোর দিয়াত শামিল হবে না। হানাফীগণের মধ্যে ইমাম যায়ল'ঈ (রহ) বলেন, চোয়াল যেহেতু চেহারারই অংশ, তাই এর জন্য মুখ ফেটে ফেলার বিধানই প্রযোজ্য হবে। ৯৯

টিকাঃ
৯৮. চোয়াল দ্বারা নিচের দন্তপাটির দুদিকের দুটি হাড়কে বোঝানো হচ্ছে। এ দুটি থুতনিতে এসে মিলিত হয়।
৯৯. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ.৩৫৬-৭; গানিম, মাজমা'উ দিমানাত, পৃ.১৬৭; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৬, পৃ.১৩০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00