📘 ইসলামের শাস্তি আইন > 📄 অপূর্ণাঙ্গ ভ্রূণ নষ্ট করার শাস্তি

📄 অপূর্ণাঙ্গ ভ্রূণ নষ্ট করার শাস্তি


যে ব্যক্তি কোন নারীর এমন কোন গর্ভ নষ্ট করল, যার অঙ্গসমূহ গঠিত হয় নি, তা হলে অপরাধীর ওপর কোন রূপ দিয়াত প্রদান বাধ্যতামূলক হবে না। তবে বিচারক তাঁর সুবিবেচনা অনুযায়ী তাকে তা'যীরের আওতায় যে কোন দণ্ড প্রদান করবেন, যদি তা উক্ত নারীর জীবন রক্ষার্থে বা প্রয়োজনীয় চিকিৎসা করাবার জন্য না হয়ে থাকে। ৫০ তবে গর্ভপাত ঘটানোর কারণে যদি সংশ্লিষ্ট নারীর প্রতি কোন আঘাত ঘটানো হয় বা সে মারা যায়, তাহলে অপরাধী উপর্যুক্ত আঘাত বা মৃত্যুর জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডিত হবে। স্বামী, এমনকি নারী যদি নিজেও নিজের গর্ভপাত ঘটায়, তাহলেও বিচারক তাঁর সুবিবেচনা অনুযায়ী তাদেরকে তা'যীরের আওতায় যে কোন দণ্ড প্রদান করবেন। ৫১

টিকাঃ
৫০. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.৩২৫; আল-ফাতাওয়াহ আল-হিন্দিয়্যাহ, খ.৬, পৃ. ৩৪-৫; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ. ৩১৬
৫১. ইমাম মালিকের মতে ভ্রূণ-রক্তপিণ্ড বা মাংসপিণ্ড যে ধরনেরই হোক তা- নষ্ট করা হলে 'গুররা' ওয়াজিব হবে। (মালিক, আল-মুদাওয়ানাহ, খ.৪, পৃ.৬৩০)

📘 ইসলামের শাস্তি আইন > 📄 পূর্ণাঙ্গ ভ্রূণ নষ্ট করার শাস্তি

📄 পূর্ণাঙ্গ ভ্রূণ নষ্ট করার শাস্তি


যে ব্যক্তি যে কোনভাবে কোন নারীর এমন কোন গর্ভ নষ্ট করল, যার কিছু বা পূর্ণ অঙ্গ বা অবয়ব গঠিত হয়েছে এবং যদি তা উক্ত নারীর জীবন রক্ষার্থে বা প্রয়োজনীয় চিকিৎসা করাবার জন্য না হয়ে থাকে, তাহলে গর্ভস্থ শিশু -ছেলে হোক বা মেয়ে- মৃত অবস্থায় ভূমিষ্ঠ হলে সংখ্যা অনুযায়ী প্রতিটি শিশুর জন্য পৃথক পৃথকভাবে অপরাধীর ওপর দিয়াতের বিশ ভাগের এক ভাগ (অর্থাৎ পাঁচটি উট বা পঞ্চাশ দীনার) প্রদান বাধ্যতামূলক হবে।" হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: হুযায়ল গোত্রের জনৈকা মহিলার গর্ভ নষ্ট করার জন্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গুররা (অর্থাৎ বিশভাগের একভাগ দিয়াত) প্রদানের নির্দেশ দিয়েছিলেন। ৫২
গর্ভস্থ শিশু জীবিত ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে সংখ্যা অনুযায়ী প্রতিটি শিশুর জন্য পৃথক পৃথকভাবে অপরাধীর ওপর পূর্ণ দিয়াত প্রদান বাধ্যতামূলক হবে। তবে গর্ভপাত ঘটানোর কারণে যদি সংশ্লিষ্ট নারীর প্রতি কোন আঘাত ঘটানো হয় বা সে মারা যায়, তাহলে অপরাধী উপর্যুক্ত আঘাত বা মৃত্যুর জন্যও নির্ধারিত দণ্ডে দণ্ডিত হবে। ৫৩ স্বামী, এমনকি নারী যদি নিজেও নিজের গর্ভপাত ঘটায়, তাহলে তার ওপরও উপর্যুক্ত নিয়মে দিয়াত প্রদান বাধ্যতামূলক হবে।

টিকাঃ
৫২. সহীহ আল বুখারী, (কিতাবুদ দিয়াত), হা.নং: ৬৫১২; মুসলিম, (কিতাবুল কাসামাহ..), হা.নং : ১৬৮১
৫৩. আল-কাসানী, বদাই, খ.৭, পৃ.৩২৬; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৮, পৃ. ৩২৩; মালিক, আল-মুদাওয়ানাহ, খ.১, পৃ.৪৪৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00