📄 লিঙ্গের মিল থাকা
অধিকাংশ ইমামের দৃষ্টিতে মানবদেহের বিরুদ্ধে অপরাধের জন্য কিসাস বাধ্যতামূলক হবার জন্য অপরাধী ও আহত ব্যক্তির মধ্যে লিঙ্গের মিল থাকা শর্ত নয়। অতএব নারী ও পুরুষ পরস্পরের মধ্যে কিসাস জারি হবে।
তবে হানাফীগণের প্রসিদ্ধ অভিমত অনুযায়ী মানবদেহের বিরুদ্ধে অপরাধের জন্য কিসাস বাধ্যতামূলক হবার জন্য অপরাধী ও আহত ব্যক্তির মধ্যে লিঙ্গের মিল থাকা শর্ত। যদি দুজনেই পুরুষ কিংবা নারী হয়, তা হলে কিসাস ওয়াজিব হবে। যদি এক জন পুরুষ, অপর জন নারী হয়, তা হল কিসাস বাধ্যতামূলক হবে না। তাঁদের বক্তব্য হল- কিসাসের জন্য শর্ত হল দুজনের সংশ্লিষ্ট অঙ্গের মধ্যে পূর্ণ সমতা বিদ্যমান থাকা দরকার। নারী ও পুরুষের অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে যেহেতু তারতম্য রয়েছে, তাই একজনের অঙ্গের পরিবর্তে অন্যজনের সংশ্লিষ্ট অঙ্গ বদলারূপে নেয়া যাবে না। তবে কোন মহিলা যদি কোন পুরুষের হাত বা অন্য কোন অঙ্গ কেটে ফেলে, তা হলে ক্ষতিপূরণের পরিবর্তে কিসাস গ্রহণের অধিকার পুরুষের রয়েছে। ইমাম মুহাম্মাদ (রহ) বলেন, " শিজাজ (মুখমণ্ডলে আঘাত বা মাথা ফাটানো)-এর যে সব অবস্থায় কিসাস জারি হয়, সে সব ক্ষেত্রে নারী-পুরুষ পরস্পরের মধ্যেও কিসাস কার্যকর হবে। তাঁর কথা হল, শিজাজের শাস্তির উদ্দেশ্য কোন অঙ্গের কার্যক্ষমতা নষ্ট করা নয়; কেবল সামাজিকভাবে অপদস্থ করাই উদ্দেশ্য। এ ক্ষেত্রে নারী- পুরুষের মধ্যে কোন ভেদাভেদ নেই। পক্ষান্তরে হাত-পা কর্তনের কিসাসের মধ্যে অঙ্গের কার্যক্ষমতা নষ্ট করা হয়। আর উভয়ের হাত-পায়ের কার্যক্ষমতার মধ্যে যেহেতু তারতম্য রয়েছে, তাই উভয়ের এ সব অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতিপূরণের পরিমাণের মধ্যেও পার্থক্য হবে। " ১০৮
টিকাঃ
১০৮. যায়ল'ঈ, তাবয়ীন, খ.৬, পৃ.১১২; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, খ.১০, পৃ.২৩৫-৬; আল- মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ.৬৬
📄 সংখ্যাগত মিল থাকা
মানবদেহের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কিসাস বাধ্যতামূলক হবার জন্য অপরাধী ও আহত ব্যক্তির মধ্যে সংখ্যাগত মিল থাকাও শর্ত। একটি অঙ্গের পরিবর্তে কয়েকটি অঙ্গ কিসাসস্বরূপ কর্তন করা যাবে না। এ রূপ অবস্থায় দিয়াত বাধ্যতামূলক হবে। অতএব, যদি দুই বা ততোধিক লোক একত্রিত হয়ে কারো হাত বা পা কেটে ফেলে কিংবা কারো চোখ বা কোন দাঁত উপড়িয়ে ফেলে, তা হলে কোন অপরারীর ওপরই কিসাস বাধ্যতামূলক হবে না; বরং প্রত্যেকর ওপর তাদের সংখ্যানুপাতে দিয়াতের অংশ প্রদান বাধ্যতামূলক হবে। কেননা মানব দেহের বিরুদ্ধে অপরাধে কিসাস ওয়াজিব হবার জন্য অপরাধী ও আহত ব্যক্তির মধ্যে পূর্ণ সমতা থাকা দরকার। বলাই বাহুল্য যে, একটি মাত্র হাত বা পায়ের সাথে একাধিক হাত বা পায়ের মধ্যে কোন রূপ সমতা নেই। তাই এ ক্ষেত্রে কিসাস ওয়াজিব হবে না। এটা হানাফীগণের অভিমত। ১০৯
তবে অন্যান্য মাযহাবের ইমামগণের মতে পৃথকভাবে একজনে করলে কিসাস বাধ্যতামূলক হয়- এ ধরনের এক বা একাধিক যখম যদি এক দল লোক একত্রিত হয়ে করে এবং দলের মধ্যে কার কি ভূমিকা রয়েছে- তা যদি সুনির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব না হয়, তা হলে সকলের ওপর কিসাস বাধ্যতামূলক হবে। বর্ণিত রয়েছে, একবার হযরত 'আলী (রা)-এর নিকট দুজন লোক জনৈক ব্যক্তি সম্পর্কে চুরির সাক্ষ্য দেয়। হযরত 'আলী (রা) তাঁদের সাক্ষ্যের প্রেক্ষিতে ব্যক্তিটির হাত কেটে দেন। পরে তারা অন্য একজন ব্যক্তিকে নিয়ে এসে বলল, এই হল মূল চোর। আমরা ভুলক্রমে আগের ব্যক্তি সম্পর্কে সাক্ষ্য দিয়েছি। হযরত 'আলী (রা) দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তাদের সাক্ষ্য তো গ্রহণ করলেনই না; বরং প্রথমে অভিযুক্ত ব্যক্তির হাতের বদলায় তাদের উভয়ের ওপর দিয়াত প্রদান বাধ্যতামূলক করলেন আর বললেন, لو علمت أنكما تعمدتما .لقطعتكما - "যদি আমি জানতে পারতাম যে, তোমরা ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছ, তা হলে তো আমি তোমারদের দুজনেরই হাত কেটে দিতাম। "১১০ তাঁর এ কথা থেকে জানা যায় যে, দলের প্রত্যেকের ওপর কিসাস বাধ্যতামূলক হবে, যদি সকলেই ইচ্ছাকৃতভাবে মানবদেহের বিরুদ্ধে কোন অপরাধে লিপ্ত হয়।
তদুপরি এটা যেহেতু কিসাসের অন্যতম প্রকার, তাই হত্যার ক্ষেত্রে যেমন একজন ব্যক্তির বদলায় হত্যাকারী গোটা দলের ওপর কিসাস কার্যকর হয়, তেমনি যখমের ক্ষেত্রেও একজনের বদলায় গোটা দলের ওপর কিসাস বাধ্যতামূলক হবে।
যদি দলের মধ্যে কার কি ভূমিকা ছিল তা নিরূপণ করা সম্ভব হয় যেমন- একজন হাতের কিছু অংশ কাটল এবং অপরজন এসে হাতটি বিচ্ছিন্ন করে ফেলল, তাহলে শাফি'ঈ ও হাম্বলী ইমামগণের মতে- কারো ওপর কিসাস ওয়াজিব হবে না; বরং প্রত্যেকের ওপর তার অপরাধ অনুপাতে দিয়াতের অংশবিশেষ বাধ্যতামূলক হবে। আর মালিকীগণের মতে- প্রত্যেকের ওপর তার অপরাধ অনুপাতে কিসাস বাধ্যতামূলক হবে। তাঁদের মত অনুযায়ী যদি অপরাধীদের একজন হাত কাটল, অপরজন পা কাটল, তৃতীয়জন চোখ উপড়িয়ে ফেলল, তাহলে যে হাত কেটেছে কিসাসস্বরূপ তার হাত আর যে ব্যক্তি পা কেটেছে কিসাসস্বরূপ তার পা কাটতে হবে এবং তৃতীয়জনের চোখ উপড়িয়ে ফেলতে হবে। আর যদি তাদের ভূমিকা সুনির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব না হয়, তাহলে প্রত্যেকের হাত-পা কাটতে হবে এবং চোখ উপড়িয়ে ফেলতে হবে। ১১১
পক্ষান্তরে কোন ব্যক্তি একাধিক ব্যক্তির একই অঙ্গ কর্তন বা অকেজো করে দিলে আহত এক ব্যক্তির অঙ্গের পরিবর্তে অপরাধীর ঐ নির্দিষ্ট অঙ্গের ওপরই কিসাস কার্যকর হবে এবং অপর ব্যক্তির অঙ্গের বদলে দিয়াত ওয়াজিব হবে। আর এ দিয়াত আহত দুব্যক্তির মধ্যে সমভাবে বন্টিত হবে। অপর অঙ্গের জন্য কিসাস কার্যকর করা সম্ভব না হওয়ায় দিয়াত বাধ্যতামূলক হয়েছে। আহত দু ব্যক্তির একজন উপস্থিত এবং অপরজন অনুপস্থিত থাকলেও উপস্থিত ব্যক্তির দাবি অনুযায়ী কিসাস কার্যকর হবে এবং অনুপস্থিত ব্যক্তি তার হাতের ক্ষতিপূরণ স্বরূপ দিয়াত লাভ করবে। যদি সে একজনের একটি অঙ্গ (যেমন ডান হাত) এবং অপরজনের অন্য একটি অঙ্গ (যেমন বাম হাত) কর্তন করে, তবে কিসাসস্বরূপ তার উভয় হাত কর্তন করা হবে। ১১২
টিকাঃ
১০৯. ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৮, পৃ.৩৫৫
১১০. সহীহ আল-বুখারী, (কিতাবুদ দিয়াত) তারজামাতুল বাব: ইযা আসাবা কাওমূন মিন রাজুলিন..; আল-বায়হাকী, আস-সুনান আল-কুবরা, হা.নং: ১৫৭৫৫, ২০৯৮১
১১১. আল-খারাশী, শারহু মুখতাছারি খলীল, খ.৮, পৃ.১৪; আদ-দাসূকী, আল-হাশিয়াতু 'আলাশ শারহিল কাবীর, খ.৪, পৃ.২৫২; আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.১৬, পৃ.৬৭
১১২. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ. ২৯৯-৩০০
📄 অঙ্গ-প্রত্যঙ্গের মিল থাকা
মানবদেহের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কিসাস বাধ্যতামূলক হবার জন্য অপরাধী আহত ব্যক্তির যে অঙ্গের ক্ষতি সাধন করেছে, তার অনুরূপ অঙ্গ বিদ্যমান থাকতে হবে। হাতের পরিবর্তে কেবল হাতেই, পায়ের পরিবর্তে কেবল পায়ে, আঙ্গুলের পরিবর্তে কেবল আঙ্গুলেই, দাঁতের পরিবর্তে কেবল দাঁতেই কিসাস কার্যকর হবে। তদুপরি শরীরের যে সব অঙ্গ-প্রত্যঙ্গে ডান বামের (যেমন হাত- পা) পার্থক্য রয়েছে কিংবা উপর-নিচের (যেমন দাঁত) পার্থক্য রয়েছে অথবা অবস্থানগত পার্থক্য (যেমন আঙ্গুল ও দাঁতগুলোর পৃথক পৃথক অবস্থান) রয়েছে, সে সব ক্ষেত্রেও কিসাস গ্রহণের জন্য পূর্ণ সমতা রক্ষা করতে হবে। ডান হাতের পরিবর্তে বাম হাতে বা বাম হাতের পরিবর্তে ডান হাতে, উপরের দাঁতের পরিবর্তে নিচের দাঁতে, নিচের দাঁতের পরিবর্তে উপরের দাঁতে, সামনের দাঁতের পরিবর্তে মাড়ির দাঁতে, মাড়ির দাঁতের পরিবর্তে সামনের দাঁতে, বৃদ্ধাঙ্গুলির পরিবর্তে তর্জনীতে, তর্জনীর পরিবর্তে বৃদাঙ্গুলিতে কিসাস নেয়া যাবে না। অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের বেলায়ও একই রূপ বিধান প্রযোজ্য হবে। ১১৩ এ কারণে যদি আহত ব্যক্তির আক্রান্ত অঙ্গের সাথে অপরাধীর অঙ্গের মিল না থাকে অথবা অপরাধীর সংশ্লিষ্ট অঙ্গ পূর্ব থেকেই না থাকে, তাহলে অপরাধীর অন্য অঙ্গে কিসাস কার্যকর করা যাবে না।
টিকাঃ
১১৩. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.২৯৭-৮; ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৮, পৃ.৩৪৫; আদ-দাসূকী, আল-হাশিয়াতু 'আলাশ শারহিল কাবীর, খ.৪, পৃ.২৫২
📄 কার্যক্ষমতা ও বৈশিষ্ট্যগত মিল থাকা
মানবদেহের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কিসাস বাধ্যতামূলক হবার জন্য অপরাধী ও আহত ব্যক্তির দুজনের সংশ্লিষ্ট অঙ্গসমূহের মধ্যে কার্যক্ষমতা ও বৈশিষ্ট্যগত মিল থাকতে হবে। অপরাধী আহত ব্যক্তির যে অঙ্গের ক্ষতি সাধন করেছে, তার অনুরূপ বৈশিষ্ট্যের অঙ্গ বিদ্যমান থাকতে হবে। একটি ত্রুটিপূর্ণ বা অকেজো অথবা অসম্পূর্ণ অঙ্গের পরিবর্তে যথাক্রমে ত্রুটিহীন বা কর্মক্ষম অথবা সম্পূর্ণ অঙ্গে বদলা নেয়া যাবে না। তবে বড়-ছোট, লম্বা-বেটে ও মোটা-ক্ষীণ হওয়া এবং সবলতা-দুর্বলতা প্রভৃতি বিষয়ে দুজনের অঙ্গের মধ্যে মিল থাকার প্রয়োজন নেই। ১১৪
টিকাঃ
১১৪. তদেব