📄 হত্যাকাণ্ড সরাসরি হওয়া
হত্যাকারী সরাসরি হত্যা করলে মৃত্যুদণ্ড কার্যকর করা বাধ্যতামূলক হবে। কোন কারণবশত হত্যাকাণ্ডের জন্য কিসাসস্বরূপ হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে না। যেমন- কোন ব্যক্তি যাতায়াতের রাস্তার পার্শ্বে গর্ত খনন করল এবং তাতে কোন পথচারী পড়ে গিয়ে মারা গেল। এ ক্ষেত্রে খননকারীর মৃত্যুদণ্ড হবে না। অনুরূপভাবে কারো সাক্ষ্যের ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড প্রদান করা হল। পরবর্তীতে সে যদি নিজের সাক্ষ্য প্রত্যাহার করে নেয় কিংবা কোনভাবে তার মিথ্যাচারিতা প্রমাণিত হয়, তাহলেও সাক্ষীকে কিসাসস্বরূপ মৃত্যুদণ্ড দেয়া যাবে না। এটা হানাফীগণের অভিমত। তবে অন্যান্য মাযহাবের ইমামগণের মতে- কারণবশত হত্যাকাণ্ডের জন্যও হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে, যদি কিসাস কার্যকর করার অন্যান্য শর্ত পাওয়া যায়। ৭৫
টিকাঃ
৭৫. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.২৩৯; আর-রামালী, নিহায়াতুল মুহতাজ, খ.৭, পৃ.২৫৩; আস- সাভী, বুলগাতুস সালিক, খ.৪, পৃ.৩৪২
📄 হত্যা সীমা লংঘনমূলক হওয়া
যদি অন্যায়ভাবে বা সীমালঙ্ঘন করে কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়, তবেই কিসাস বাধ্যতামূলক হবে। ৭৬ যদি কেউ আইনসিদ্ধ পন্থায় কিংবা কাউকে তার অনুমতিক্রমে হত্যা করে, তাহলে হত্যাকারীর ওপর কিসাস কার্যকর করা যাবে না। অনুরূপভাবে কোন ব্যক্তি নিজের জান, ধন-সম্পদ বা নিজের স্ত্রী- কন্যার সতীত্ব রক্ষার প্রয়োজনে আক্রমণকারীকে প্রতিহত করতে গিয়ে হত্যা করলে তার ওপরও কিসাস কার্যকর করা যাবে না। শিক্ষক, পিতামাতা বা আইনানুগ অভিভাবকের শিক্ষাদানমূলক শাস্তিতে কোন ছাত্র বা সন্তানের মৃত্যু ঘটলে তার জন্যও কিসাস কার্যকর করা যাবে না। ৭৭
টিকাঃ
৭৬. আস-সাভী, বুলগাতুস সালিক, খ.৪, পৃ.৩২৮
৭৭. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.৩০৫; গানিম, মাজমাউদ্ দিমানাত, পৃ. ১৬৬
📄 হত্যা ইসলামী রাষ্ট্রে সংঘটিত হওয়া
মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হত্যাকাণ্ড ইসলামী রাষ্ট্রে সংঘটিত হতে হবে। অতএব কোন হারাবী ইসলাম গ্রহণ করল; কিন্তু হিজরাত করে ইসলামী রাষ্ট্রে চলে আসল না। এ রূপ অবস্থায় দারুল হারবের মধ্যে কোন মুসলিম তাকে হত্যা করলে এর জন্য হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে না। কেননা সে মুসলিম হলেও দারুল হারবের বাসিন্দা হবার কারণে তার জীবনের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব যেহেতু ইসলামী রাষ্ট্রের সরকারের নেই, তাই তার হত্যার জন্য হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে না। অনুরূপভাবে দারুল হারবে সফররত দুজন মুসলিম ব্যবসায়ী একে অপরকে হত্যা করলেও হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে না; তবে দিয়াত বাধ্যতামূলক হবে। এটা হানাফীগণের অভিমত। ৭৮ শাফি'ঈ ও হাম্বলী ইমামগণের মতে- যে কোন ব্যক্তি দারুল হারবে কোন মুসলিমকে হত্যা করলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে। তাঁদের বক্তব্য হল- কিসাসের বিধানটি সাধারণ অর্থজ্ঞাপক। তাতে দারুল হারব ও দারুল ইসলামের মধ্যে পার্থক্য করা হয় নি। তাই হত্যাকারী যে দেশের-ই হোক তার মৃত্যুদণ্ড হবে। ৭৯
টিকাঃ
৭৮. ইবনুল হুমام, ফাতহুল কাদীর, খ.১০, পৃ.৪০৩; ইবনু 'আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৬, পৃ.৬৫৪
৭৯. আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.৩৩, পৃ.২৬৮