📄 আল্লাহর সাথে কাউকে শরীক করা অথবা তাঁকে বা তাঁর কোন সিফাতকে অস্বীকার করা
যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে অথবা তাঁকে অস্বীকার করবে অথবা তাঁর কোন সিফতকে অস্বীকার করবে সে কাফির ও মুরতাদ হয়ে যাবে। অনুরূপভাবে কেউ বিশ্ব জগতের স্রষ্টা ও নিয়ন্ত্রণকারী হিসেবে আল্লাহকে বিশ্বাস না করলে কিংবা কেউ এ জগতকে সনাতন ও স্থায়ী বলে বিশ্বাস করলে অথবা এ বিষয়ে সন্দেহ পোষণ করলে সেও কাফির ও মুরতাদ হবে। আল্লাহ তা'আলা বলেন,.كل شيئ هالك إلا وجهه - "আল্লাহ তা'আলা ছাড়া প্রত্যেকেই ধ্বংসশীল।"
টিকাঃ
৫০. ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ.১২৯-৩০; আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ. ১১৭; আল-মরদাভী, আল-ইনসাফ, খ.১০, পৃ.৩২৬; আর-রুহায়বানী, মাতালিব... খ.৬, পৃ.২৮২; আল-মওয়াক, আত-তাজ.., খ.৮, পৃ. ৩৭২
৫১. আল-কুর'আন, ২৮ (সূরা আল-কাসাস): ৮৮
📄 আল্লাহর স্ত্রী বা সন্তান-সন্ততি আছে বলে বিশ্বাস করা
আল্লাহর স্ত্রী বা সন্তান-সন্ততি আছে বলে কেউ বিশ্বাস করলে সেও কাফির হয়ে যাবে। অনুরূপভাবে কেউ তাঁর শানের পরিপন্থী কোন বিষয়ের ওপর বিশ্বাস পোষণ করলে যেমন মনুষ্যাকৃতিতে পৃথিবীতে আল্লাহ তা'আলা অবতরণ করেন বলে বিশ্বাস করলে অথবা প্রতিটি স্থানে প্রত্যেক বস্তুর সাথে আল্লাহ তা'আলার সত্তা মিশে রয়েছে বলে বিশ্বাস করলে কিংবা স্রষ্টা ও সৃষ্টিকে এক বলে বিশ্বাস করলে এবং স্রষ্টা ছাড়া সৃষ্টির অস্তিত্বকে অস্বীকার করলে সেও কাফির হয়ে যাবে。
টিকাঃ
৫২. ইবনু নুজায়ম, আল-বাহরুও রা'ইক, খ.৫, পৃ.১২৯-৩০; আর-রুহায়বানী, মাতালিব.., খ.৬, পৃ.২৮২; আল-বহুতী, কাশশাফ, খ.৬, পৃ.১৭০-১
📄 কুর’আনকে অবিশ্বাস করা
পবিত্র কুর'আন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সর্বশেষ আসমানী গ্রন্থ। এটি সবধরনের পরিবর্তন থেকে সুরক্ষিত রয়েছে এবং কিয়ামাত পর্যন্ত পূর্ণ সংরক্ষিত অবস্থায় বিদ্যমান থাকবে। অতএব, সম্পূর্ণ কুর'আনকে কিংবা তার অংশবিশেষকে এমন কি কুর'আনের একটি শব্দ বা একটি অক্ষরকেও কেউ অবিশ্বাস করলে, মিথ্যা বলে ধারণা করলে, সে কাফির হয়ে যাবে। অনুরূপভাবে কুর'আনের কোন বক্তব্যকে বিশ্বাস না করলে বা প্রত্যাখ্যান করলে অথবা তার কোন বিধি-বিধানে সন্দেহ পোষণ করলে সেও কাফির হয়ে যাবে। তদুপরি কেউ কুর'আনের অলৌকিকত্বে বিশ্বাস না করলে, কুর'আনের প্রতিদ্বন্দ্বিতা সম্ভব মনে করলে এবং কুর'আনে সংযোজন-বিয়োজন যুক্তিযুক্ত মনে করলে সেও কাফির ও মুরতাদ হয়ে যাবে。
টিকাঃ
৫৩. শায়খী যাদাহ, মাজমা'.., খ.১, পৃ.৬৯৩; ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ.১৩১
📄 দীনের স্পষ্ট ও সুপরিচিত কোন বিষয়কে অস্বীকার করা
দীনের যে কোন অকাট্য ও সর্বজন পরিচিত বিধানকে (যেমন নামায, রোযা, যাকাত, হজ্জ ও জিহাদ প্রভৃতি) কেউ মেনে না নিলে অথবা অস্বীকার করলে সে কাফির ও মুরতাদ হয়ে যাবে।