📘 ইসলামের শাস্তি আইন 📄 বমি

📄 বমি


মালিকীগণের নিকট মাদক বমিও মদ্যপায়িতার একটি প্রমাণ। তাঁদের দলীল হল, বর্ণিত আছে যে, হযরত 'আলকামা (রা) সাক্ষ্য দেন যে, তিনি হযরত মিকদাদ (রা)কে মদ বমি করতে দেখেছেন। হযরত উমার (রা) বলেন, যে ব্যক্তি মদ বমি করবে, সে মদ পান করেছে। আর তিনি এ ধরনের বমিকারীকে বেত্রাঘাত করেছেন। ইতঃপূর্বে ওয়ালীদ ইবন 'উকবা সম্পর্কেও বর্ণিত হয়েছে যে, তার ব্যাপারে হুমরান সাক্ষ্য দেন যে, সে মদ পান করেছে। অপরজন সাক্ষ্য দেয় যে, তিনি মদ বমি করতে দেখেছেন। তখন হযরত উসমান (রা) বলেছেন, সে মদ না খেয়ে বমি করতে পারে না। এ বর্ণনাগুলো থেকে জানা যায় যে, বমিও মদ্যপায়িতার একটি প্রমাণ।
তবে হানাফী ও শাফি'ঈগণের মতে, কেউ মাদক বমি করলে তার দ্বারা হদ্দযোগ্য মাদক গ্রহণ প্রমাণিত হবে না। কেননা তা কেবল মাদক গ্রহণের সন্দেহ সৃষ্টি করে মাত্র। আর সন্দেহের ওপর ভিত্তি করেই হদ্দ কার্যকর করার বিধান নেই। তাছাড়া এ সম্ভাবনাও রয়েছে যে, সে একান্ত চাপে পড়ে কিংবা অনন্যোপায় হয়ে মাদক সেবন করেছে অথবা সে জানতো না যে, তা নেশার উদ্রেক করবে。

টিকাঃ
৪৪. আল-বাজী, আল-মুস্তকা, খ.৩, পৃ. ১৪২; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.১৩৯
৪৫. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.১৩৯
৪৬. মুসলিম, (কিতাবুল হুদূদ), হা.নং: ১৭০৭
৪৭. যায়ল'ঈ, তাবয়ীন, খ.৩, পৃ. ১৯৬; ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ. ২৯-৩০; আল-হায়তমী, তুহফাতুল মুহতাজ, খ.৯. পৃ. ১৭৩

ফন্ট সাইজ
15px
17px