📘 ইসলামের শাস্তি আইন > 📄 মাতলামি

📄 মাতলামি


কারো কারো মতে, মাতলামিও মদ্যপায়িতার একটি প্রমাণ। তবে অধিকাংশের মতে, তা দ্বারা হদ্দযোগ্য মাদক গ্রহণ প্রমাণিত হবে না, যতক্ষণ না সাক্ষ্যপ্রমাণ কিংবা অপরাধীর স্বীকারোক্তি দ্বারা তা সুপ্রমাণিত হবে। কেননা মাতলামি মাদক গ্রহণ ছাড়া আরো বিভিন্ন কারণে হতে পারে। তাই শুধু মাতলামির কারণে হদ্দ প্রয়োগ করা যাবে না。

টিকাঃ
৪২. মাতলামি বলতে ব্যক্তির কথাবার্তার বুঝবার এবং নারী-পুরুষের মধ্যে পার্থক্য করার যোগ্যতা হারিয়ে ফেলাকে বোঝানো হয়। এটি ইমাম আবু হানীফা (রহ)-এর অভিমত। তবে অন্যান্য ইমামের মতে, আবোল-তাবোল বকাবকি করা, পর-আপন ও ভাল-মন্দ পার্থক্য করতে না পারা কেই মাতলামি বলা হয়। (ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.১৪০-১)
৪৩. আল-বাবরতী, আল-'ইনায়াহ, খ.৫, পৃ. ৩০৯-৩১০; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.১৩৯; আল-হায়তমী, তুহফাতুল মুহতাজ, খ.৯. পৃ. ১৭৩

📘 ইসলামের শাস্তি আইন > 📄 বমি

📄 বমি


মালিকীগণের নিকট মাদক বমিও মদ্যপায়িতার একটি প্রমাণ। তাঁদের দলীল হল, বর্ণিত আছে যে, হযরত 'আলকামা (রা) সাক্ষ্য দেন যে, তিনি হযরত মিকদাদ (রা)কে মদ বমি করতে দেখেছেন। হযরত উমার (রা) বলেন, যে ব্যক্তি মদ বমি করবে, সে মদ পান করেছে। আর তিনি এ ধরনের বমিকারীকে বেত্রাঘাত করেছেন। ইতঃপূর্বে ওয়ালীদ ইবন 'উকবা সম্পর্কেও বর্ণিত হয়েছে যে, তার ব্যাপারে হুমরান সাক্ষ্য দেন যে, সে মদ পান করেছে। অপরজন সাক্ষ্য দেয় যে, তিনি মদ বমি করতে দেখেছেন। তখন হযরত উসমান (রা) বলেছেন, সে মদ না খেয়ে বমি করতে পারে না। এ বর্ণনাগুলো থেকে জানা যায় যে, বমিও মদ্যপায়িতার একটি প্রমাণ।
তবে হানাফী ও শাফি'ঈগণের মতে, কেউ মাদক বমি করলে তার দ্বারা হদ্দযোগ্য মাদক গ্রহণ প্রমাণিত হবে না। কেননা তা কেবল মাদক গ্রহণের সন্দেহ সৃষ্টি করে মাত্র। আর সন্দেহের ওপর ভিত্তি করেই হদ্দ কার্যকর করার বিধান নেই। তাছাড়া এ সম্ভাবনাও রয়েছে যে, সে একান্ত চাপে পড়ে কিংবা অনন্যোপায় হয়ে মাদক সেবন করেছে অথবা সে জানতো না যে, তা নেশার উদ্রেক করবে。

টিকাঃ
৪৪. আল-বাজী, আল-মুস্তকা, খ.৩, পৃ. ১৪২; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.১৩৯
৪৫. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.১৩৯
৪৬. মুসলিম, (কিতাবুল হুদূদ), হা.নং: ১৭০৭
৪৭. যায়ল'ঈ, তাবয়ীন, খ.৩, পৃ. ১৯৬; ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ. ২৯-৩০; আল-হায়তমী, তুহফাতুল মুহতাজ, খ.৯. পৃ. ১৭৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00