📄 প্রাপ্ত বয়স্ক ও সুস্থবিবেক সম্পন্ন হতে হবে
কোন অপ্রাপ্ত বয়স্ক ও পাগলকে মদ্যপানের জন্য হদ্দের আওতায় শাস্তি প্রয়োগ করা যাবে না। তবে অপ্রাপ্ত বয়স্ককে তা'যীরের আওতায় আদালতের সুবিবেচনা অনুযায়ী সংশোধনীমূলক শাস্তি দেয়া যেতে পারে।
📄 বাকসম্পন্ন হতে হবে
হানাফীগণের মতে মদ্যপায়ীর ওপর হদ্দ কার্যকর করতে হলে তাকে বাকসম্পন্ন হতে হবে। বোবার ওপর হদ্দ কার্যকর করা যাবে না। কেননা মদ সেবনের পেছনে তার যথার্থ কারণ কি?- সন্দেহাতীতভাবে তা জানাটা অসম্ভব। হতে পারে, সে একান্ত চাপে পড়ে কিংবা অনন্যোপায় হয়ে মদ পান করেছে。
টিকাঃ
৩১. ইবনু আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৪, পৃ.৩৮
📄 নিষেধাজ্ঞা সম্পর্কে জ্ঞান থাকতে হবে
কোন সদ্য ইসলাম গ্রহণকারী কিংবা অমুসলিম দেশের কোন মুসলিম যদি দাবী করে যে, মদ্যপানের নিষেধাজ্ঞা তার জানা ছিল না, তাহলে তার কথা আমলে নেয়া হবে এবং তাকে মদ্যপানের জন্য শাস্তি দেয়া যাবে না। কিন্তু মুসলিম দেশের কোন মুসলিমের এ রূপ দাবী গ্রহণযোগ্য হবে না。
টিকাঃ
৩২. আস-সারাখসী, আল-মাবসূত, খ.২৪, পৃ.৩২; ইবনু আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৪, পৃ.৩৮; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ. ১৩৮
📄 মাদক জেনেই সেবন করা
যদি কেউ এ মনে করে মাদক সেবন করে যে, তা মদ নয়; অন্য বস্তু, তা হলে তার ওপর হদ্দ প্রয়োগ করা যাবে না। তদুপরি কেউ মদের সাথে পানি মিশিয়ে সেবন করলে এবং সেখানে পানির অংশ বেশি হলে হদ্দ কার্যকর করা যাবে না, যদি তাতে নেশার উদ্রেক না হয়। তবে মদের অংশ বেশি হলে হদ্দ কার্যকর করা হবে。
টিকাঃ
৩৩. আস-সারাখসী, আল-মাবসূত, খ.২৪, পৃ.২৯