📄 গর্ভধারণ
কুমারী বা স্বামীহীনা মেয়ের গর্ভবতী হওয়া যিনা প্রমাণ করে। তবে মেয়ে যদি যিনার কথা অস্বীকার করে, তাহলে এমতাবস্থায় হদ্দ কার্যকর করা যাবে কিনা তা নিয়ে ইসলামী আইনবিদগণের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশের মতে, হদ্দের উপযোগী শাস্তি প্রমাণের জন্য গর্ভধারণ যথেষ্ট নয়। যিনার হদ্দ কার্যকর করার জন্য এটা নিশ্চিত প্রমাণ অবশ্যই নয়; যিনার অপরাধে লিপ্ত হওয়ার সন্দেহ করা যেতে পারে মাত্র। হদ্দ কার্যকর করতে হলে তাকে স্বেচ্ছায় স্বীকার করতে হবে কিংবা যথার্থ সাক্ষ্য-প্রমাণ পাওয়া যেতে হবে। কেননা এ অবস্থায় এমন সম্ভাবনাও রয়েছে যে, মহিলাটি ধর্ষণের সম্মুখীন হয়েছে কিংবা কোন সন্দেহে পতিত হয়ে সঙ্গমে লিপ্ত হয়েছে। হযরত সা'ঈদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ স্বামীহীনা জনৈকা গর্ভবতী মহিলাকে হযরত 'উমার (রা)-এর দরবারে হাযির করা হল। মহিলাটি হযরত 'উমার (রা)-কে বলল, তার খুব গভীর ঘুম হত। একদিন এ অবস্থায় একজন লোক রাতে তার ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তার সাথে সঙ্গম শুরু করে। সে জেগে দেখতে পায় যে, লোকটি কাজ সেরে চলে গেছে। হযরত 'উমার (রা) মহিলাটির কথা গ্রহণ করে তাকে ছেড়ে দিয়েছিলেন। এ থেকে জানা যায়, হদ্দের অপরাধ প্রমাণের জন্য শুধু গর্ভধারণ যথেষ্ট নয়।
তবে মালিকীগণের মতে, স্বামীহীনা মহিলা গর্ভবতী হলে যিনা প্রমাণিত হবে এবং এজন্য তার ওপর হদ্দ কার্যকর করা হবে। তবে মহিলা যদি দাবী করে যে, তাকে জবরদস্তি করা হয়েছে বা ছিনতাই করা হয়েছে অথবা সে অবিবাহিতা বাকিরা ছিল, যিনার কারণে তার রক্তপাত ঘটেছে, তাহলে তাকে তার কথার আলামত স্বরূপ কোন প্রমাণ উপস্থিত করতে হবে। যদি সে তার কথা প্রমাণ করতে সমর্থ হয়, তবেই তাকে হদ্দ থেকে মুক্তি দেয়া হবে। অন্যথায় তার ওপর হদ্দ কার্যকর করা হবে。
টিকাঃ
১২৫. শাফি'ঈ, আল-উম্ম, খ. ৭, পৃ.৪৭; ইবনু মুফলিহ, আল-ফুরূ', খ.৬, পৃ.৮১-২; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.১০, পৃ.৭২-৩;
১২৬. ইবনু হাজর, ফাতহুল বারী, খ.১২, পৃ.১৫৪
১২৭. মালিক, আল-মুদাওয়ানাহ, খ.৪, পৃ.৪৭২; আল-বাজী, আল-মুস্তকা, খ.৭, পৃ.১৪৬; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.১০, পৃ.৭৩
📄 লি‘আন
মালিকী ও শাফি'ঈগণের মতে, লি'আনের দ্বারাও যিনা প্রমাণিত হবে এবং এ জন্য স্ত্রীর ওপর হদ্দ কার্যকর করা হবে, যদি স্বামী লি'আন করার পর স্ত্রী লি'আন করতে অস্বীকার করে। যদি স্ত্রী লি'আন করে, তাহলে তার ওপর হদ্দ কার্যকর করা যাবে না। তবে হানাফী ও হাম্বলীগণের মতে, যদি স্ত্রী লি'আন করতে অস্বীকারও করে, তাহলেও তার ওপর হদ্দ কার্যকর করা যাবে না। কেননা হদ্দ কার্যকর করার জন্য যিনা প্রমাণিত হওয়া প্রয়োজন। আর লি'আনের ক্ষেত্রে স্ত্রীর কেবল লি'আন করতে অস্বীকার করলেই যিনা প্রমাণিত হয় না। এ জন্য দরকার সাক্ষ্য-প্রমাণ কিংবা স্বীকারোক্তি। তবে বিচারক স্ত্রীকে আটকে রাখবে, যতক্ষণ না সে লি'আন করে কিংবা স্বামীর কথা স্বীকার করে নেবে。
টিকাঃ
১২৮. শাফি'ঈ, আল-উম্ম, খ. ৫, পৃ.৩১০; আল-বাবরতী, আল-ইনায়াহ, খ.৫, পৃ. ২৩৪-৫; আল- মরদাভী, আল-ইনসাফ, খ.১০, পৃ.২৪৯; আল-খারাশী, শারহু মুখতাছারি খলীল, খ.৪, পৃ. ১৩৩