📄 যাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হচ্ছে তাদের সাথে সংশ্লিষ্ট শর্তাবলী
১. যাদের বিরুদ্ধে যিনার সাক্ষ্য দেয়া হচ্ছে তাদেরকে প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং যিনার উপযোগী হতে হবে। অতএব যে মেয়ের সাথে যিনার সাক্ষ্য দেয়া হচ্ছে যদি প্রমাণিত হয় যে, সে ছোট, সঙ্গমের উপযোগী নয়, তাহলে তার ওপর যিনার হদ্দ কার্যকর করা যাবে না। মেয়েটি ছোট কি না- তা প্রমাণের জন্য হানাফী ও হাম্বলীগণের মতে, একজন মহিলার সাক্ষ্যই যথেষ্ট। শাফি'ঈগণের মতে, এ জন্য চার জন মহিলা কিংবা দুজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন মহিলার সাক্ষ্যের প্রয়োজন。
টিকাঃ
১২৩. যায়ল'ঈ, তাবয়ীন, খ.৩, পৃ. ১৯০-১; ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ. ২৪; আল-মরদাভী, আল-ইনসাফ, খ.১০, পৃ. ১৯২-৩; আল-আনসারী, আল-গুরার.., খ.৫, পৃ. ৮৩-৪
📄 সাক্ষীদের জেরা করা
সাক্ষীরা যিনার সাক্ষ্য দেয়ার পর বিচারক তাদেরকে জেরা করবেন। তাদের কাছ থেকে জানতে চাইবেন, যিনা বলতে তারা কি বোঝাতে চাচ্ছে এবং কোন দিন, কোন সময়, কোন জায়গায় কারা যিনা করেছে। তাছাড়া যিনার অবস্থায় তারা কে কোন অবস্থায় ছিল তাও জানতে চাইবে। এ সব বিষয়ে যদি চারজন সাক্ষীর সাক্ষ্যের মধ্যে গরমিল দেখা দেয় হদ্দ কার্যকর করা যাবে না। তবে চারের অতিরিক্ত সাক্ষীদের সাক্ষ্যে গরমিল হলে তা ধর্তব্য হবে না。
টিকাঃ
১২৪. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ.৬১-৬; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, খ.৫, পৃ.২৮৪-৬; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.১০, পৃ. ২১৯-২২০; আর-রমলী, নিহায়াতুল মুহতাজ, খ.৭, পৃ. ৪৩২