📄 পুরুষদের সমকামিতার শাস্তি
যদি দুজন পুরুষ পরস্পর সমকামিতায় লিপ্ত হয়, তাহলে হানাফীগণের মতে, তাদের ওপর হদ্দ কার্যকর করা হবে না; তবে তাদেরকে তা'যীর করা হবে এবং বন্দী করা হবে, যতক্ষণ না তারা তাওবা করে স্বাভাবিক সুস্থ জীবন ধারায় ফিরে আসে কিংবা মৃত্যুবরণ করে। যদি কেউ সমকামিতায় অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে বিচারক রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে, চাই সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত। তবে যেহেতু এ সমকামিতা যিনার সংজ্ঞার আওতায় পড়ে না, তাই এ প্রকার অপরাধীর জন্য যিনার হদ্দ প্রযোজ্য হবে না। ইমাম আবূ ইউসূফ ও ইমাম মুহাম্মাদ এবং হাম্বলীগণের মতে, সমকামী দুজনের ওপর যিনার হদ্দ কার্যকর করা হবে। যদি তারা অবিবাহিত হয়, তাহলে তাদেরকে বেত্রাঘাত করা হবে। আর যদি বিবাহিত হয়, তাহলে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করা হবে। মালিকীগণের মতে, তারা বিবাহিত হোক কিংবা অবিবাহিত- সর্বাবস্থায় তাদেরকে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করা হবে। শাফি'ঈগনের মতে, সমকামী কর্তার ওপর যিনার হদ্দ কার্যকর করা হবে আর অপরজনকে বেত্রাঘাত করা হবে এবং নির্বাসন দণ্ড দেয়া হবে, বিবাহিত হোক কিংবা অবিবাহিত。
টিকাঃ
৭৭. ইমাম আবূ হানীফা (রহ)-এর মতে, সমকামী দুজনকেই তা'যীর হিসেবে শাসক প্রয়োজন মনে করলে জ্বালিয়ে মেরে ফেলতে পারবে। ইবনুল কাইয়িমও এমত পোষণ করেন এবং ইবনু হাবীব আল-মালিকীর মতে, তাদেরকে জ্বালিয়ে মারা ওয়াজিব। তবে অধিকাংশ ইমামের মতে, যেহেতু দুনিয়ায় কোন মানুষকে আগুনে পুড়িয়ে শাস্তি দেয়া জায়িয নেই, তাই সমকামীদেরকেও আগুনে পুড়িয়ে মেরে ফেলা জায়িয নয়। (আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.২, পৃ. ১২১)
৭৮. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ. ৭৭; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, খ.৫, পৃ. ২৬২-৩; ইবনু আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৪, পৃ.২৭
৭৯. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ.৭৭; ইবনু মুফলিহ, আল-ফুরূ',খ,৬, পৃ.৭০; আল-মরদাভী, আল-ইনসাফ, খ.১০, পৃ.১৭৬
৮০. আল-বাজী, আল-মুস্তকা, খ.৭, পৃ.১৪১।
৮১. তাঁদের কথার দলীল হল, হযরত 'আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل و المفعول به - "যদি তোমরা কাউকে হযরত লূত (আ)-এর সম্প্রদায়ের গর্হিত অপকর্ম করতে দেখ, তা'হলে কর্তা ও যার সাথে এ কর্ম সম্পাদিত হয়- দুজনকেই হত্যা কর।" (আবূ দাউদ, (কিতাবুল হুদূদ), হা.নং: ৪৪৬২; আল-হাকিম, আল-মুস্তাদরাক, হা.নং: ৮০৪৭, ৮০৪৮, ৮০৪৯) উল্লেখ্য যে, হাদীসটি সনদ অত্যন্ত দুর্বল হবার কারণে অনেকেই তা গ্রহণ করেন নি। আবার অনেকেই হাদীসটির ব্যাখ্যায় বলেছেন, এখানে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কঠোরতা ও ভীতি প্রদর্শনের জন্য মৃত্যুদণ্ডের সতর্কবাণী উচ্চারণ করেছেন। অবশ্যই বিচারক অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদান প্রয়োজনীয় মনে করলে তা করতে পারেন।
📄 মহিলাদের সমকামিতার শাস্তি
মহিলাদের সমকামিতাও একটি গর্হিত কাজ। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, السحاق زنى النساء بينهن - "মহিলাদের সমকামিতাও যিনাবিশেষ।" ইবনু হাজর আল আসকালানী (রহ) এ কাজকে কবীরা গুনাহ হিসেবে গণ্য করেন। তবে এ বিষয়ে ইমামগণ একমত যে, এ কাজ যেহেতু যিনা নয়, তাই এ কাজের জন্য যিনার হদ্দ প্রযোজ্য হবে না। তবে তা একটি গুনাহের কাজ হওয়ায় এর জন্য তা'যীর করা ওয়াজিব হবে。
টিকাঃ
৮২. শাফি'ঈ, আল-উম্ম, খ.৭, পৃ.১৯৩; আল-বুজায়রমী, ফাতহুল হাবীব, খ.৪, পৃ. ১৭৬
৮৩. শরী'আতের পরিভাষায় একে 'সিহাক' বলা হয়। এর অর্থ হল, দুজন নারী মিলে পরস্পর নারী- পুরুষের মিলনের মতো আচরণ করা।
৮৪. আল-মাওস্'আতুল ফিকহিয়্যাহ, খ.২৪, পৃ.২৫২
৮৫. ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ. ৫৮; আল-বাজী, আল-মুস্তকা, খ.৭, পৃ.১৪২; আল- আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ. ১২৬
📄 পশুর সাথে সঙ্গমের শাস্তি
যদি কেউ কোন পশুর সাথে ব্যভিচার করে, তাহলে অধিকাংশ ইমামের মতে তার ওপর যিনার হদ্দ আরোপ করা যাবে না; তবে তা'যীর করা যাবে। হযরত 'আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ من أتى البهيمة فلا حد عليه - "যে কেউ কোন জানোয়ারের সাথে সঙ্গম করবে, তার ওপর কোন হদ্দ নেই।" তদুপরি রুচি বিকৃত লোক ছাড়া সুস্থ রুচিসম্পন্ন কেউ এ কাজ করতে পারে না। তাই হদ্দ প্রয়োগের মাধ্যমে এ কাজ থেকে লোকদেরকে বিরত রাখার প্রয়োজন পড়ে না。
টিকাঃ
৮৬. সঙ্গমকৃত পশুটিকে মেরে ফেলার দরকার নেই। যদি জন্তুটি যবেহ করা হয়, তাহলে তার গোস্ত খেতে কোন অসুবিধা নেই, যদি তা খাবারযোগ্য প্রাণি হয়। এটাই ইমাম আবু হানীফা (রহ) ও মালিকী ইমামগণের অভিমত। তবে ইমাম আবূ ইউসূফ ও ইমাম মুহাম্মাদ (রহ) প্রমুখ গোস্ত খেতে নিষেধ করেছেন। তাদের মতে, জন্তুটিকে যবেহ করে আগুনে পুড়িয়ে ফেলা হবে, যাতে পরবর্তীতে কেউ এ জন্তু দেখে ঘটনাটিকে নতুনভাবে চাঙ্গা করতে না পারে। হাম্বলী ও শাফি'ঈগণের কারো কারো মতে, জন্তুটিকে যবেহ নয়; মেরে ফেলতে হবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, من وقع على بهيمة فاقتلوه واقتلوا البهيمة - "যে কোন পশুর সাথে সঙ্গম করল, তাকে ও পশুটিকে হত্যা করো।" (আল বায়হাকী, আস-সুনান আল-কুবরা, হা.নং: ১৬৮১৪; দারুকুতনী, আস-সুনান, (কিতাবুল হুদূদ), হা.নং: ১৪৩) শাফি'ঈগণের অন্য একটি মতানুসারে, যদি পশুটি খাবারযোগ্য প্রাণি হয়, তাহলে যবেহ করতে হবে, তবে তার গোস্ত খাওয়া হারাম। উল্লেখ্য যে, পশুর সাথে সঙ্গম যিনা না হলেও তা একটি ঘৃণিত অপরাধ। তাই আদালত তা'যীরের আওতায় তাকে যে কোন উপযোগী শাস্তি দিতে পারবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপর্যুক্ত হাদীসটিতে কঠোরভাবে সর্তক করার জন্য হত্যার কথা বলেছেন। (আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ.১০২; ইবনুল হুমام, ফাতহুল কাদীর, খ.৫, পৃ. ২৬৫-৬; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ. ৫৯-৬০)
৮৭. আল-হাকিম, আল-মুস্তাদরাক, হা.নং ৪৮০৫。
৮৮. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ.১০২; আল-কাসানী, বাদাই, খ.৭, পৃ.৩৪; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ. ৫৯। শাফি'ঈগণের এক মতানুযায়ী তার ওপর যিনা হদ্দ কার্যকর করা হবে। আর অন্য মতানুসারে তাকে হত্যা করা হবে। চাই সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত। (আল-হায়তমী, তুহফাতুল মুহতাজ, খ.৯, পৃ.১০৬)