📄 ইসলামী রাষ্ট্রে যিনা সম্পন্ন হওয়া
হানাফীগণের মতে, হদ্দ কায়েমের জন্য যিনা ইসলামী রাষ্ট্রেই সম্পন্ন হতে হবে। কোন মুসলিম যদি দারুল হারবে (অমুসলিম শত্রু রাষ্ট্র) যিনা করে দেশে ফিরে আসে এবং বিচারকের কাছে নিজের যিনার কথা স্বীকার করে, তাহলে তার ওপর হদ্দ কায়েম করা যাবে না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, من زنى أو سرق في دار الحرب و أصاب بها حدا ثم هرب فخرج - إلينا فإنه لا يقام عليه الحد. "যে ব্যক্তি দারুল হারবে চুরি কিংবা যিনা করে হদ্দের শাস্তি ভোগের উপযোগী হল। এরপর সে পালিয়ে আমাদের কাছে চলে আসল, তাহলে তার ওপর হদ্দ কায়েম করা যাবে না।"
তদুপরি হানাফীগণের মতে, কোন অভিযানের সময় শত্রুদেশে অবস্থান কালেও কারো ওপর হদ্দ কায়িম করা যাবে না। হযরত আবুদ্দারদা (রা) সম্পর্কে বর্ণিত রয়েছে যে, তিনি শত্রুদেশে কোন হদ্দের অপরাধীর ওপর হদ্দ কায়িম করতে নিষেধ করতেন। শাফি'ঈগণের মতে, দারুল হারবে হদ্দ কায়েম করতে কোন অসুবিধা নেই, যদি অপরাধী মুরতাদ হয়ে শত্রুদের সাথে মিলিত হবার কোন আশঙ্কা না থাকে। হাম্বলীগণের মতে, কোন মুসলিম যদি শত্রুদেশে কোন হদ্দের অপরাধ করে, তাহলে শত্রুদেশে তার ওপর হদ্দ কায়িম করা যাবে না; বরং দেশে ফিরে আসার পরেই তার ওপর হদ্দ কায়িম করা হবে。
টিকাঃ
৬৯. ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, খ.৫, পৃ. ২৬৬
৭০. যায়ল'ঈ, তাবয়ীন, খ.৩, পৃ. ১৮২; আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.৩৪; ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ.১৮; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, খ.৫,পৃ. ২৬৬-৭
৭১. ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, খ.৫, পৃ. ২৬৭
৭২. ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, খ.৫, পৃ. ২৬৬-৭; আল-মরদাভী, আল-ইনসাফ, খ.১০, পৃ. ১৬৯
📄 ব্যভিচারে লিপ্ত নারী-পুরুষ বাকশক্তি সম্পন্ন হওয়া
হানাফীগণের মতে হদ্দ কায়েমের জন্য যিনাকারীকে বাকশক্তিসম্পন্ন হতে হবে। অতএব, তাদের দৃষ্টিতে সন্দেহের অবকাশ থেকে যাওয়ায় কোন বোবার ওপর কোনক্রমেই হদ্দের শাস্তি কার্যকর করা যাবে না। এমন কি সে যদি চার চার বার লিখে কিংবা ইশারা করে বোঝায় যে, সে যিনা করেছে এবং সাক্ষীরাও যদি তার যিনার ব্যাপারে সাক্ষ্য দেয়, তাহলেও তার ওপর হদ্দ কায়িম করা যাবে না। তবে অপরাপর ইমামগণের মতে, যিনার হদ্দের শাস্তি প্রয়োগের জন্য ব্যভিচারীর বাকশক্তি সম্পন্ন হওয়া শর্ত নয়। তাই তাঁদের দৃষ্টিতে, বোবা যদি যিনা করে এবং সে যদি লিখে কিংবা ইশারা করে বোঝায় যে, সে যিনা করেছে অথবা সাক্ষীরা যদি তার যিনার ব্যাপারে সাক্ষ্য দেয়, তাহলে তার ওপর হদ্দ কায়েম করা ওয়াজিব হবে。
টিকাঃ
৭৩. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৫, পৃ. ৫৫, খ.৯, পৃ. ৯৮, ১২৯; শায়খী যাদাহ, মাজমা'.., খ.২, পৃ. ৭৩২-৩; আল-বহুতী, কাশশাফ, খ.৬, পৃ.৯৯
📄 জীবিত মহিলার সাথে সঙ্গম করা
অধিকাংশ ইমামের মতে, অবৈধ যৌনকর্মকে হদ্দের উপযোগী যিনার আওতায় ফেলতে হলে নারী-পুরুষ দুজনকেই জীবিত হতে হবে। যদি কোন পুরুষ কোন মৃত মহিলার সাথে সঙ্গম করে, তা যিনা রূপে গণ্য হবে না এবং এ জন্য তাকে হদ্দের শাস্তি দেয়া যাবে না। কেননা হদ্দের বিধান প্রণয়নের ক্ষেত্রে শরী'আতের উদ্দেশ্য হল সমাজকে এ ধরনের গর্হিত অপরাধ থেকে সুরক্ষা করা। আর এ ধরনের কাজকে বিকৃত রুচির লোক ছাড়া সুস্থ স্বভাবের সকল লোকেই ঘৃণা করে থাকে। অতএব হদ্দ প্রয়োগের মাধ্যমে এ কাজ থেকে লোকদেরকে বিরত রাখার প্রয়োজন পড়ে না। তবে অপরাধী যা করেছে তা যেহেতু নিশ্চয়ই একটি জঘন্য অপরাধ, তাই তা'যীরের আওতায় আদালতের বিবেচনা অনুযায়ী সে শাস্তিযোগ্য হবে। মালিকীগণের মতে, যে ব্যক্তি মৃত মহিলার সাথে যোনী কিংবা গুহ্যদ্বার যে কোন পথ দিয়ে সঙ্গম করবে, তার ওপরও হদ্দ কায়িম করা ওয়াজিব হবে। কোন মহিলা যদি কোন মৃত পুরুষের পুরুষাঙ্গকে নিজের যোনীতে প্রবেশ করায়, তাহলে ইমামগণের সর্বসম্মত মত হল, যেহেতু সে এতে কোন রূপ স্বাদ লাভ করতে পারে না, তাই তার ওপর হদ্দ কার্যকর করা যাবে না。
টিকাঃ
৭৪. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.৩৪; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, খ.৫, পৃ. ২৬৪; হায়তমী, তুহফাতুল মুহতাজ, খ.৯, পৃ. ১০৫; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.৫৪
৭৫. আল-মওয়াক, আত-তাজ.., খ.৫, পৃ. ১০৯, খ.৮, পৃ. ৩৮৯; ইবনু কুদামাহ, আল-মুগনী, খ.৯, পৃ.৫৪
৭৬. আল-খারাশী, শারহু মুখতাছারি খলীল, খ.৮, পৃ. ৭৬; আল-মাওসূ'আতুল ফিকহিয়্যাহ, খ.২৪, পৃ. ৩৩
📄 দুজনের এক জন পুরুষ এবং অপরজন নারী হওয়া
যিনার হদ্দ ওয়াজিব হবার জন্য যিনাকারীদের দুজনের একজনকে পুরুষ আর অপরজনকে নারী হতে হবে। যদি দুজনই সমজাতীয় হয় কিংবা একজন পশু হয়, তাহলে কারো ওপর হদ্দ কায়িম কার্যকর করা যাবে না。