📘 ইসলামের শাস্তি আইন > 📄 স্বীকারোক্তি

📄 স্বীকারোক্তি


চুরির মত ডাকাতির অভিযোগেও অভিযুক্ত সুস্থ মস্তিষ্কসম্পন্ন ব্যক্তি যদি স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে বিচারকের সামনে ডাকাতির সুস্পষ্ট স্বীকারোক্তি করে তাহলে ডাকাতি প্রমাণিত হবে এবং তাকে ডাকাতির হদ্দ ভোগ করতে হবে। এ ব্যাপারে কারো দ্বিমত নেই। তবে কতবার স্বীকারোক্তি দিতে হবে- তা নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে। অধিকাংশের মতে, একবার স্বীকারোক্তিই যথেষ্ট। তবে হাম্বলীগণ এবং হানাফীগণের মধ্যে ইমাম আবূ ইউসূফ (রহ)-এর মতে, দু এজলাসে দুবার স্বীকৃতি দ্বারা ডাকাতি প্রমাণিত হবে। যদি একবার স্বীকারোক্তি দেয়, তাহলে হদ্দ কার্যকর করা যাবে না। তবে তা'যীরী শাস্তি দেয়া যাবে এবং লুটকৃত মাল কিংবা তার মূল্য ফিরিয়ে দিতে হবে।
স্বীকারকারী যদি নিজের স্বীকারোক্তি প্রত্যাহার করে নেয়, তাহলেও তার ওপর হদ্দ কার্যকর করা যাবে না। তবে সম্পদ ফিরিয়ে দিতে হবে, যদি সে সম্পদ নেয়ার ব্যাপারটি স্বীকার করে। কেননা অপর কোন মানুষের কোন অধিকার একবার স্বীকার করার পর তা প্রত্যাহার করা হলে তা গ্রহণযোগ্য হয় না; যদিও অপরাধ সংঘটনে সন্দেহ সৃষ্টির কারণে হদ্দের কার্যকারিতা রহিত হয়ে যাবে।

📘 ইসলামের শাস্তি আইন > 📄 সাক্ষ্য-প্রমাণ

📄 সাক্ষ্য-প্রমাণ


দুজন ন্যায়-পরায়ণ ব্যক্তির সাক্ষ্য দ্বারা ডাকাতি প্রমাণ করা যাবে। অনুরূপভাবে ডাকাতদের হাতে আক্রান্ত দলের দু ব্যক্তির সাক্ষ্য দ্বারাও ডাকাতি প্রমাণিত হবে, যদি তারা নিজেদের ব্যাপারে আক্রান্ত হবার সাক্ষ্য না দেয়। অতএব যখন আক্রান্ত দলের দুজন ব্যক্তি দলের অন্যান্যদের আক্রান্ত হবার ব্যাপারে সাক্ষ্য দেবে, তখন তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। বিচারকের জন্য এটা জানতে চাওয়ার প্রয়োজনও নেই যে, তারাও আক্রান্ত হয়েছিল কি না। বিচারক জানতে চাইলে তাদের জবাব দেওয়ার প্রয়োজন নেই। যদি তারা বলে যে, ডাকাত দল আমাদের যোগাযোগের পথ বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের মাল-সম্পদ ছিনিয়ে নিয়েছে, তা হলে তাদের সাক্ষ্য না তাদের বেলায় গ্রহণযোগ্য হবে, না অন্যদের বেলায়। কেননা এমতাবস্থায় তারা ডাকাতের প্রতিপক্ষে পরিণত হয়ে গেল। তবে ইমাম মালিকের মতে, এমতাবস্থায় তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। এমন কি তাঁর দৃষ্টিতে, কারো থেকে শুনে ডাকাতির সাক্ষ্য দিলেও তাও গ্রহণযোগ্য হবে। যদি দুজন ব্যক্তি আদালতে বিচারকের সামনে এসে কোন কুখ্যাত ডাকাতের ব্যাপারে সাক্ষ্য দেয় যে, সে একজন ডাকাত, তাহলে তাঁর দৃষ্টিতে তাদের সাক্ষ্যের ভিত্তিতে ডাকাতি প্রমাণ করা যাবে, যদিও তারা তাদেরকে ডাকাতি করতে দেখেনি।

টিকাঃ
২৯. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ. ২০১; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, খ.৫, পৃ. ৪৩৩; ইবনু মুফলিহ, আল-ফুরূ', খ.৬, পৃ.১৪০; আল-বহুতী, আল-কাশশাফ, খ.৬, পৃ.১৫০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00