📄 ডাকাতদেরকে সশস্ত্র হতে হবে
হানাফী ও হাম্বলী ইমামগণের মতে, হদ্দ কার্যকর করার জন্য ডাকাতদের সাথে যে কোনরূপ অস্ত্র থাকতে হবে। তা ধারালো কোন অস্ত্রও হতে পারে কিংবা আগ্নেয়াস্ত্রও হতে পারে। লাঠি-সোটা ও পাথর ইত্যাদিও অস্ত্রের মধ্যে গণ্য হবে।
মালিকী ও শাফি'ঈ ইমামগণ কোনরূপ অস্ত্রের শর্ত আরোপ করেন নি। তাঁদের মতে, ডাকাতির জন্য ডাকাতদের নিজস্ব শক্তি ও অঙ্গ ব্যবহার করতে (যেমন- কিল, ঘুষি ও লাথি প্রভৃতি) সামর্থবান হওয়াই যথেষ্ট। উপরন্তু, ইমাম মালিক (রহ)-এর মতে, প্রতারণা করতে সক্ষম হওয়া, ঘায়েল করা, মাদক দ্রব্য সেবন করানো- যথেষ্ট হবে। শক্তি ব্যবহার না করেও চাতুর্যের সাথে যদি এগুলো করতে পারে সেও ডাকাত রূপে গণ্য হবে।
ইমাম আবূ ইউসূফ (রহ) রাত ও দিনের মধ্যে পার্থক্য করেছেন। দিনের বেলা হলে তিনি ডাকাতির জন্য অস্ত্রের শর্তারোপ করেছেন আর রাতের জন্য অস্ত্রের শর্তারোপ করেন নি। তাঁর মতে- শুধু লাঠি ও পাথর দ্বারা সন্ত্রাস সৃষ্টি করাই যথেষ্ট হবে। হানাফীগণের মধ্যে পরবর্তীকালের বিশেষজ্ঞগণের নিকট এ মতটি অধিকতর অগ্রগণ্য।
উল্লেখ্য যে, বর্তমানে ঘরে-বাইরে নিরীহ ব্যক্তিদের ওপর আক্রমণের জন্য ডাকাতির বহু প্রকারের আধুনিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। দিন ও রাতে সমানভাবে বিনা অস্ত্রে তা ব্যবহৃত হচ্ছে। ডাকাতদের নিত্যনতুন কৌশলের হাতে যিম্মী লোকদের পক্ষে কারো সাহায্য চাওয়াও সম্ভব হচ্ছে না। তাই বর্তমান অবস্থায় ডাকাতদের নির্মূল করার প্রয়োজনে হানাফী ও হাম্বলীগণের মতের চাইতে মালিকী ও শাফি'ঈ ইমামগণের মতই অধিকতর বাস্তবধর্মীও যুক্তিযুক্ত বলে মনে হয়।
টিকাঃ
১৪. ইবনু 'আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৪, পৃ. ১১৪; আল-কাসানী, বদা'ই, খ. ৭, পৃ. ৯২; ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, খ. ৭৪; মালিক, আল-মুদাওয়ানাহ, খ.৭, পৃ. ৫৫৭; আশ-শারবীনী, মুগনিউল মুহতাজ, খ.৪, পৃ. ১৮০
১৫. আল-কাসানী, বদা'ই, খ. ৭, পৃ. ৯২;
১৬. যেমন নেশাজাত কিংবা অজ্ঞানকারী কোন বস্তু সেবন করানো কিংবা ঘ্রাণ ছড়ানো, গামছা জড়িয়ে অজ্ঞান করে হত্যা করা প্রভৃতি।
১৭. শাফি'ঈ, আল-উম্ম, খ.৬, পৃ. ১৬৪; আল-কাসানী, বদাই, খ. ৭, পৃ. ৯১