📄 চুরির তা‘যীরী শাস্তি
চুরি প্রমাণিত হওয়া সত্ত্বেও কোন শর্তে ত্রুটি দেখা দেবার কারণে বা অন্য কোন কারণে যদি চোরের ওপর হদ্দ কার্যকর করা সম্ভব না হয়, তা হলে সে আদালতের সুবিবেচনা অনুযায়ী তা'যীরী শাস্তি ভোগ করবে।
📄 চুরিকৃত মাল কিংবা তার মূল্য ফেরত দান
চুরিকৃত মাল যদি মজুদ থাকে, তা হলে চোর অবস্থাসম্পন্ন হোক কিংবা দারিদ্রক্লিষ্ট, চাই চোরের হাত কাটা হোক বা না হোক, চাই চুরিকৃত মাল চোরের কাছে থাকুক বা অন্যের কাছে - সর্বাবস্থায় মাল মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এ বিষয়ে ইমামগণ সকলেই একমত। বর্ণিত রয়েছে, হযরত সাফওয়ান (রা)-এর চাদর চুরির ঘটনায় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চোরের হাত কাটার পর চাদর তাকে ফিরিয়ে দিয়েছিলেন। তদুপরি চুরি প্রমাণিত হবার পর কোন কারণে যদি চোরের হাত কাটা সম্ভব না হয় এবং চুরিকৃত মাল নষ্ট বা খরচ হয়ে যায়, তাহলে চুরিকৃত মালের মূল্য কিংবা তার সমতুল্য মাল মালিককে পরিশোধ করে দিতে হবে। তবে চুরির শাস্তি হিসেবে যদি চোরের হাত কাটা হয়, তাহলে চুরিকৃত মাল নষ্ট হয়ে গেলে কিংবা খরচ হয়ে গেলে তার মূল্য কিংবা তার সমতুল্য মাল পরিশোধ করতে হবে না। আল কুর'আনের আয়াতে শুধু হাত কাটার শাস্তির কথাই উল্লেখ করা হয়েছে অর্থাৎ সে যে অপরাধ করেছে তার সবটুকুর শাস্তি হল হাত কাটা। অতএব, এর সাথে আর কোন শাস্তি যুক্ত করা যাবে না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, إذا قطع السارق فلا غرم عليه - "চোরের হাত কাটা হলে তাকে কোন প্রকার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে না।” এ হাদীস থেকে জানা যায় যে, চোরের হাত কাটা ও চুরিকৃত মালের ক্ষতিপূরণ দেওয়ার শাস্তি একসাথে দেওয়া যাবে না। এটা হানাফীগণের প্রসিদ্ধ অভিমত। মালিকীগণের মতে, চোর যদি চুরি করার সময় থেকে হাত কাটা পর্যন্ত সময় অবস্থাসম্পন্ন ছিল, তাহলে নষ্ট বা ব্যয় হয়ে যাওয়া মালের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। শাফি'ঈ ও হাম্বলীগণের মতে চুরি প্রমাণিত হলে চোরকে সর্বাবস্থায় চুরিকৃত মাল কিংবা তার মূল্য মালিকের নিকট ফেরত দিতে হবে এবং চোরের হাতও কাটতে হবে। তাঁদের যুক্তি হল, হাত কাটার বিধান প্রযোজ্য হবে আল্লাহর হুকম লঙ্ঘন করার কারণে আর ক্ষতিপূরণ বান্দাহর হক নষ্ট করার কারণে।
টিকাঃ
৭৫. ইবনু কুদামা, আল-মুগনী, খ. ৫, পৃ. ১৭১; খ.৯, ১১৩-৪; আল-কাসানী, বদাই, খ.৭, পৃ.৮৯-৯০; গানিম, মাজমা'উদ দিয়ানাত, পৃ. ২০০
৭৬. আন্ নাসাঈ, (কিতাবু কাত'ইস সারিক), হা.নং: ৭৩৬৯
৭৭. ইবন 'আবদিল বারর, আত-তামহীদ, খ.১৪, পৃ.৩৮৩; জসসাস, আহকামুল কুর'আন, খ.৪, পৃ.৮৪
৭৮. মালিক, আল-মুদাওয়ানাহ, খ.৪, পৃ. ৫৩৯; শাফি'ঈ, আল-উম্ম, খ.৬, পৃ. ১৬৪; ইবনু কুদামা, আল-মুগনী, খ. ৫, পৃ. ১৭১; খ.৯, ১১৩-৪; আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.৮৯-৯০; গানিম, মাজমা'উদ দিয়ানাত, পৃ. ২০৩; আল-মারদাভী, আল-ইনসাফ, খ.১০, পৃ.২৮৯ আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.৮১; ইবনু 'আবিদীন, রাদ্দুল মুহতার, খ.৪, পৃ. ৮৬-৮৭; ইবনু কুদামা, আল-মুগনী, খ.৯, পৃ. ১১৮